সিলেটে বিপুল পরিমাণ উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরকসহ এক নাশকতাকারীকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার (২৭ অক্টোবর) রাতে সীমান্তবর্তী এলাকার জকিগঞ্জের কোনাগ্রাম থেকে তাকে গ্রেফতার করেছে র্যাব।
গ্রেফতার আব্দুল মান্নান (৩৮) জকিগঞ্জের দিঘলী গ্রামের মৃত জোবেদ আলীর ছেলে। রবিবার (২৮ অক্টোবর) গ্রেফতার আব্দুল মান্নানকে বিস্ফোরক মামলায় গ্রেফতার দেখিয়ে বিকেলে আদালতে হাজির করা হবে।
র্যাব-৯ এর এএসপি পিযুষ চন্দ্র দাস জানান,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আব্দুল মান্নানকে গ্রেফতার করা হয়। এসময় গ্রেফতার আব্দুল মান্নানের কাছ থেকে র্যাব ১০০টি হাই এক্সপ্লোসিভ পাওয়ার জেল এবং সাদা তার সংযুক্ত ১০০টি ইলেকট্রিক ডেটোনেটর উদ্ধার করেছে।
সিলেট র্যাব-৯ এর অধিনায়ক লেফট্যান্টে কর্নেল আলী হায়দার আজাদ জানান, গ্রেফতার আব্দুল মান্নান নাশকতার জন্য বিপুল পরিমাণ বিস্ফোরকসহ সিলেটে ঢুকেছিল। গ্রেফতারের পর র্যাব তার কাছ থেকে ১০০টি হাই এক্সপ্লোসিভ পাওয়ার জেল এবং সাদা তার সংযুক্ত ১০০টি ইলেকট্রিক ডেটোনেটর উদ্ধার করে। উদ্ধার বিস্ফোরকগুলো খুবই উচ্চক্ষমতা সম্পন্ন। এগুলোর মধ্যে উচ্চ মানের বিস্ফোরক পদার্থ রয়েছে। এক সঙ্গে ১০টি বিস্ফোরকের বিস্ফোরণ ঘটালে ২/৩ তলা ভবন সম্পূর্ণ গুড়িয়ে দেওয়া দেওয়া সম্ভব।
তিনি আরও জানান, এই বিস্ফোরকগুলো মূলত সীমান্তবর্তী এলাকার কয়লা খনিতে ব্যবহৃত হয়। আসাম ও মেঘালয় রাজ্যের বিভিন্ন কয়লা খনিতে কর্মরত কিছু অসাধু কর্মচারির মাধ্যমে এ বিস্ফোরকগুলোর বাংলাদেশে আনা হয়েছে। জব্দ বিস্ফোরকের সঙ্গে জঙ্গিদের কাছ থেকে উদ্ধার বিস্ফোরকের মিল রয়েছে। এতে প্রমাণিত হয় যে এই বিস্ফোরক দ্রব্যগুলোও জঙ্গি কার্যক্রমে ব্যবহার হতে পারে। গ্রেফতার আব্দুল মান্নানের কাছ থেকে আরও কয়েকজনের নাম পেয়েছে র্যাব। তাদের গ্রেফতার করার জন্য র্যাবের অভিযান অব্যাহত আছে।








