মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি থেকে অ্যাড. আবেদ রাজাকে অব্যাহতি দেওয়া হয়েছে। শুক্রবার (২১ জুন) রাতে মৌলভীবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ভিপি মিজানুর রহমান মিজান এ তথ্য জানান।
মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি এম নাসের রহমান, সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ভিপি মিজানুর রহমান স্বাক্ষরিত দলীয় প্যাডে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় স্বার্থে ও সংঘাত এড়াতে আলাপ-আলোচনা করে গত ১৫ জুন কুলাউড়া উপজেলা বিএনপির সম্মেলন স্থগিতের সিদ্ধান্ত নেন কাউন্সিল জেলা বিএনপি সিনিয়র নেতারা। এসময় ওই সভাস্থলে আবেদ রাজা উপস্থিত বিএনপি নেতাকর্মীদের সামনে জেলা বিএনপি ও বিশেষ করে জেলা বিএনপির সভাপতি সম্পর্কে আপত্তিকর, অসত্য ও উদ্দেশ্যমূলক বক্তব্য দিয়ে নেতাকর্মীদের বিভ্রান্ত করে দলের মধ্যে দ্বিধা-বিভক্তি তৈরির চেষ্টা করেন। তিনি উসকানিমূলক বক্তব্য দিয়ে সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ করেছেন। জেলা বিএনপি এর তীব্র নিন্দা জানায়। এরকম আপত্তিকর বক্তব্যের জন্য তাকে দুঃখ প্রকাশ ও রেজুলেশন নেওয়ার নির্দেশ দেওয়া হলেও তিনি অপরাগতা প্রকাশ করেন। এ কারণে আহ্বায়ক হিসেবে বিতর্কিত হওয়ায় আবেদকে কুলাউড়া থানা আহ্বায়ক কমিটির পদ হতে অপসারণ করা হলো।
এ ব্যাপারে অ্যাড. আবেদ রাজা বলেন, ‘কাউন্সিলের দিনই আমি নিজে থেকেই নেতাকর্মীদের সামনে আহ্বায়কের পদ থেকে পদত্যাগ করেছি। সেখানে আবার অব্যাহতি দেয়ার কী আছে?’
তিনি আরও বলেন, ‘দলের ভাইস চেয়ারম্যান এজেডএম জাহিদ হোসেন ও সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন আমাকে বলেছিলেন জেলা বিএনপির নেতাদের সঙ্গে কাউন্সিল নিয়ে বসার জন্য। বৃহস্পতিবার বৈঠকে কাউন্সিল নিয়ে আমার বক্তব্য আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করে প্রত্যাহারের জন্য বলা হলে আমি তা প্রত্যাখান করি। আমি যা বলেছি তা দলের স্বার্থেই।’







