অতি বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মৌলভীবাজারের মনু ও ধলাই নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। শনিবার (১৩ জুলাই) দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মনু নদীর পানি বিপদসীমার ৩৫ সেন্টিমিটার ও ধলাই নদীর পানি বিপদসীমার ৩৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী রণেন্দ্র শংকর চক্রবর্তী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে শুক্রবার (১২ জুলাই) মনু ও ধলাই নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছে। তবে শনিবার (১৩ জুলাই) সকাল থেকে পানি নামতে শুরু করেছে। বন্যা মোকাবেলায় আমাদের সব ধরনের প্রস্তুত রয়েছে।
তিনি আরও বলেন, ‘কমলগঞ্জের রামপাশা এলাকায় ধলাই নদীর বাঁধে ২০ ফুট জায়গা জুড়ে ভাঙন দেখা দিয়েছে। এতে ওই গ্রামের আংশিক এলাকা প্লাবিত হয়েছে। আমরা এখন ভাঙন এলাকায় রয়েছি।’







