তৃণমূল থেকেই পরিচ্ছন্ন নেতৃত্ব চাইলেন নেতারা সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা আওয়ামী লীগের নেতারা। শুক্রবার উপজেলার ধনপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে এমন দাবি জানান তারা।
ধনপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের মাঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে এ সম্মেলনের উদ্বোধন করা হয়। উত্তোলন করা হয় দলীয় ও জাতীয় পতাকা।
সম্মেলনের ইউনিয়নের ৯টি ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন। শুরুতেই সাংগঠনিক প্রতিবেদন পাঠ করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও বৈরী আবহাওয়া উপপেক্ষা করে শত শত নেতাকর্মী জয় বাংলা স্লোগান দিয়ে এতে হাজির হন।
বক্তারা বলেন, প্রধানমন্ত্রী দলে শুদ্ধি অভিযান শুরু করেছেন। তাই আমরা তৃণমূল পর্যায় থেকে পরিচ্ছন্ন ইমেজের নেতৃত্ব নির্বাচন করতে চাই। যারা মাদক ব্যবসায়ী, লুটপাট, অনিয়মের সঙ্গে জড়িত তারা কখনও নেতৃত্বে আসতে পারবে না। বিএনপি-জামায়াত জোটের পরিবারভুক্ত কেউ যেন নেতৃত্বে আসতে না পারে সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখা হবে।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ মানিক, সাধারণ সম্পাদক দীলিপ কুমার বর্মণ, জেলা আওয়ামীলীগের সদস্য শামছুজ্জামান শাহ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ধনপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার। সভা সঞ্চালনা করেন ধনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিউর রহমান। উপস্থিত ছিলেন উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতারা।
দ্বিতীয় অধিবেশনে ইউনিয়ন আওয়ামী লীগের চারজন সভাপতি ও ১২ জন সাধারণ সম্পাদকের পদপ্রত্যাশী উপজেলা সাধারণ সম্পাদকের কাছে নিজ নিজ জীবনবৃত্তান্ত জমা দেন।






