মৌলভীবাজার শহরে আসা ২১ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক রোহিঙ্গারা মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশা সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে বাংলাদেশে এসেছেন।
মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সদর্শন রায় কুমার রায় বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন রোহিঙ্গারা ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে কক্সবাজার যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। তারা বিভিন্ন সময়ে ভারতে প্রবেশ করে। কিন্তু সেখান থেকে বাংলাদেশে নিরাপদ আশ্রয়ের আশায় প্রবেশ করে। আমরা তাদের জিজ্ঞাসাবাদ করছি। এখন একেকজন একেক কথা বলছে। এদের মধ্যে কয়েকজন শিশুও রয়েছে। তাদের কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে পাঠানোর প্রক্রিয়া চলছে।









