কোয়ারি থেকে পাথর তোলার অনুমতির দাবিতে সিলেটে দ্বিতীয় দিনের মতো পণ্যবাহী পরিবহন ধর্মঘট পালিত হয়েছে। সোমবার (৩১ অক্টোবর) সকাল ৬টা থেকে শুরু হওয়া এই কর্মসূচি শেষ হবে বুধবার (২ নভেম্বর) সকাল ৬টায়। তবে পরিবহন নেতারা বলছেন, দাবি আদায় না হলে ধর্মঘটের সময়সীমা আরও বাড়ানো হতে পারে। একইসঙ্গে পুরো সিলেট বিভাগে ধর্মঘট ডাকারও হুঁশিয়ারি দিয়েছেন তারা।
গত ২৬ অক্টোবর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ পাথর কোয়ারি খুলে দিতে আধা সরকারিপত্র দিয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে।
এদিকে সিলেটের পাথর কোয়ারি থেকে পাথর উত্তোলন করার কোনও যৌক্তিকতা আছে কিনা তা খতিয়ে দেখার জন্য বৃহস্পতিবার (৩ নভেম্বর) খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে কমিটির সদস্যরা সিলেটের কোয়ারিগুলো পরিদর্শন করবেন। এমন তথ্য জানিয়েছেন সিলেটের জেলা প্রশাসক মো. মজিবুর রহমান।
তিনি বলেন, পাথর তোলার দাবির পরিপ্রেক্ষিতে খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে একটি কমিটি গঠন করা হয়েছে। ৩ নভেম্বর কমিটির সদস্যরা সিলেটের কোয়ারিগুলো পরিদর্শন করবেন। তারা সরেজমিন পরিদর্শন করে পাথর তোলার যৌক্তিকতা আছে কিনা সে বিষয়ে জানাবেন। কমিটির প্রতিবেদনের ভিত্তিতে মন্ত্রণালয় পরবর্তী সিদ্ধান্ত নেবে বলে জানান জেলা প্রশাসক।
অন্যদিকে বিভাগীয় ট্রাক-পিকআপ ও কাভার্ডভ্যান মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক শাব্বীর আহমদ ফয়েজ বলেন, জেলা প্রশাসনের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। ৩ নভেম্বর মন্ত্রণালয়ের যে প্রতিনিধি দল আসছেন, তাদের সঙ্গেও আমাদের দেখা করার কথা রয়েছে। তদন্ত কমিটির কাছে আমরা পাথর কোয়ারিগুলো খুলে দেওয়ার দাবি জানানোর পাশাপাশি শ্রমিকদের দুর্ভোগ ও কষ্টের কথা তুলো ধরবো।









