সিলেট সিটি করপোরেশনের নির্বাচন পরিচালনায় পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে আওয়ামী লীগ। বৃহস্পতিবার (৪ মে) রাত ৮টার দিকে এ কমিটি করেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বিভাগের দায়িত্বপ্রাপ্ত আহমদ হোসেন।
মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদকে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান করা হয়েছে। পাশাপাশি জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরীকে কো-চেয়ারম্যান করা হয়েছে। এ ছাড়া মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন খানকে সদস্য সচিব এবং আনোয়ারুজ্জামান চৌধুরীকে সদস্য সচিব করা হয়।
মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ বলেন, ‘আমাদের দলীয় প্রার্থীর নির্বাচন পরিচালনায় পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।’
দলীয় সূত্রে জানা যায়, পাঁচ সদস্যের এই কমিটি পরবর্তী সময়ে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন। সেই কমিটিতে মহানগর আওয়ামী লীগ ও জেলা আওয়ামী লীগ ছাড়াও বিভিন্ন পেশাজীবী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দকে যুক্ত করা হবে।









