সিলেট নগরীর মানিকপীর কবরস্থানের পাশ থেকে আবুল হাসান শাবিল (২৬) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ সময় লাশের পাশে পড়ে ছিল রক্তমাখা একটি ছুরি। বৃহস্পতিবার (০৬ জুন) বেলা ২টার দিকে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
নিহত আবুল হাসান সিলেটের পাঠাও কুরিয়ার সার্ভিসের কর্মী ছিলেন এবং জকিগঞ্জ উপজেলার আব্দুল হান্নান শিমুলের ছেলে। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেটের এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
সিলেট মহানগর পুলিশের উপকমিশনার আজবাহার আলী শেখ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ওই যুবক পাঠাও কুরিয়ারের কর্মী ছিলেন। দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ঘটনাস্থলেই মারা গেছেন। বুকে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। লাশের পাশ থেকে রক্তমাখা ছুরি ও পাঠাও কুরিয়ার সার্ভিসের একটি প্যাকেট এবং তার মোবাইল উদ্ধার করা হয়েছে। লাশটি সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। ঘটনাটি তদন্ত করে হত্যায় জড়িতদের গ্রেফতার করা হবে।’









