মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটি পুনর্গঠন করা হয়েছে। পাঁচজনকে বাদ দিয়ে নতুন পাঁচজনকে অর্ন্তভুক্ত করায় এবং আওয়ামী লীগ রাজনীতির সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত রাজনীতিবিদদের বাদ দেওয়ায় শ্রীমঙ্গলের রাজনৈতিক অঙ্গনে তোলপাড় শুরু হয়েছে। কারণ নতুন পাঁচজনের মধ্যে একজন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান লাল হাজীর ছোট ভাই আজিজুর রহমান দুলাল হাজী।
কমিটি থেকে বাদ পড়া পাঁচজন হলেন, শ্রীমঙ্গল পৌরসভার সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের ত্রাণ ও পূর্নবাসন বিষয়ক সম্পাদক এমএ রহিম, জেলা আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক আবু শহীদ আব্দুল্লাহ, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমএ মনির, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শহীদ হোসেন ইকবাল, মহিলা আওয়ামী লীগ নেত্রী আনোয়ারা বেগম। এই পাঁচজন প্রয়াত সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলীর সুপারিশে ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে ২০১৪ সালে উপজেলা আইনশৃঙ্খলা কমিটিতে অর্ন্তভুক্ত হয়েছিলেন।
তাদের স্থলে নতুনভাবে শ্রীমঙ্গল উপজেলা আইনশৃঙ্খলা কমিটিতে যে পাঁচজনকে অর্ন্তভুক্ত করা হয়েছে তারা হলেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ও শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ মান্নান, জিল্লুল আনাম চৌধুরী চেমন, শিক্ষিকা মিসেস জয়া নন্দী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অর্ধেন্দু কুমার দেব, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আতাউর রহমান লাল হাজীর ছোট ভাই আজিজুর রহমান (দুলাল হাজী)। এই বিষয়টি শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. নুরুল হুদা নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত ২১ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে স্মারক নং-৪৪.০০.০০০০.০৭৫.০২.০০১.১৪.৪৯৬ তারিখ ১০.০৮.২০১৪ এবং মৌলভীবাজার জেলা প্রসাশকের কার্যালয়, মৌলভীবাজার স্মারক নং-০৫.৪৬.৫৮০০.০১৩.১৬০০২.১৪.৩৬৬ তারিখ ১০.০৩.২০১৫ মূলে শ্রীমঙ্গলে উপজেলায় আইনশৃঙ্খলা কমিটি পুনর্গঠন করার আদেশ দেন। সেই অনুযায়ী নতুন পাঁচজনকে কমিটিতে অর্ন্তভূক্ত করে কমিটি পুনর্গঠন করা হয়েছে।
শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রবীণ নেতা এমএ মনির বলেন, আমাকে যদি কেউ অন্যায়ভাবে কমিটি থেকে বাদ দিয়ে থাকেন। তবে এর বিচার একদিন আল্লাহ করবেন।
আরও পড়ুন:
ঝিনাইদহে নিজের রাইফেলের গুলিতে কনস্টেবল নিহত
শ্রীমঙ্গল পৌরসভার সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের ত্রাণ ও পূনর্বাসন বিষয়ক সম্পাদক এমএ রহিম এই ঘটনায় ক্ষোভ ও বিস্ময় প্রকাশ করেন বলেন, পুনর্গঠিত শ্রীমঙ্গল উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্য আজিজুর রহমান দুলাল হাজীর বাবা মাহমুদ আলী পাকিস্তানি বাহিনীর একজন দোসর ছিলেন।
এ প্রসঙ্গে শ্রীমঙ্গল উপজেলা আইনশৃঙ্খলা পুনর্গঠিত নতুন কমিটির সদস্য আজিজুর রহমান দুলাল হাজীর কাছে মুঠোফোনে (০১৭১১-৩৭১৮৯৮) জানতে চাইলে প্রথমে তিনি তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো শুনেন এরপর তিনি এই মুহূর্তে ব্যস্ত আছেন বলে ফোন কেটে দেন।
/জেবি/








