পথে পথে পুলিশি বাধা ও এনসিপি নেতাদের প্রতিরোধ, সারাদিনে যা ঘটলো

হবিগঞ্জ প্রতিনিধি
৩০ জুলাই ২০২৬, ০৩:০৪আপডেট : ৩০ জুলাই ২০২৬, ০৩:০৪

সড়কে চার ঘণ্টা অপেক্ষা করেও পুলিশের বাধার কারণে হবিগঞ্জে প্রবেশ করতে পারেননি এনসিপির নেতাকর্মীরা। পরে হামলার ঘটনায় মামলার অভিযোগ দিয়ে ফের মৌলভীবাজারে চলে যান তারা।

বুধবার বিকাল ৫টা থেকে এনসিপি নেতাদের বহনকারী গাড়ি বহর বাহুবল উপজেলার কামাইছড়া পুলিশ ফাঁড়ির পাশে মুছাই এলাকায় আটকে রাখে পুলিশ। এ সময় এনসিপি নেতারা হবিগঞ্জের কর্মসূচিতে অংশগ্রহণের জন্য পুলিশের সঙ্গে কথা বলেন। কিন্তু পুলিশ হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি থাকার কারণে তাদের শহরে প্রবেশ করতে দেয়নি। এ নিয়ে একাধিকবার পুলিশের বাধার মুখে পড়ে ফিরতে হলো নেতাদের।

সারাদিনে যা ঘটলো

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার হবিগঞ্জ পৌর এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের সঙ্গে পুলিশ ও বিরোধী রাজনৈতিক সংগঠনগুলোর চরম উত্তেজনা, কয়েক দফায় পুলিশি বাধা এবং শেষ পর্যন্ত মামলার অভিযোগ দায়েরের মধ্য দিয়ে একটি উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। গত মঙ্গলবারের হামলার প্রতিবাদে এনসিপি নেতারা হবিগঞ্জে বিক্ষোভ সমাবেশ করতে চাইলে প্রশাসন ও পুলিশের বাধার কারণে তারা শহরে প্রবেশ করতে পারেননি।

ঘটনার প্রেক্ষাপট ও ১৪৪ ধারা

মঙ্গলবার সন্ধ্যায় হবিগঞ্জে 'জুলাই পদযাত্রা-২০২৬' কর্মসূচি শেষে ফেরার পথে এনসিপির শীর্ষ নেতাদের গাড়িবহরে হামলা ও ভাঙচুর চালানো হয়। এই হামলায় সারজিস আলমসহ অন্তত ১৫ জন নেতাকর্মী আহত হন এবং সাংবাদিকদের গাড়িও ভাঙচুর করা হয়।

এনসিপির অভিযোগ, জেলা ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছেন। এই ঘটনার প্রতিবাদে বুধবার হবিগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দেয় এনসিপি। অন্যদিকে জেলা ছাত্রদল ও বিএনপিও পৃথক কর্মসূচির ঘোষণা দিলে শহরে চরম উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বুধবার সকাল থেকেই হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করে স্থানীয় প্রশাসন।

পথে পথে পুলিশি বাধা ও এনসিপি নেতাদের প্রতিরোধ

প্রথম বাধা; বিকাল ৪টার দিকে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম, নাসীরুদ্দীন পাটওয়ারীসহ শীর্ষ নেতাদের একটি গাড়িবহর মৌলভীবাজার সার্কিট হাউস থেকে হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়। বিকাল সাড়ে ৪টার দিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের চা-কন্যা ভাস্কর্য এলাকায় পুলিশ ব্যারিকেড দিয়ে প্রথম তাদের আটকে দেয়। সেখানে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের ধস্তাধস্তি ও বাগবিতণ্ডা হয়। প্রায় ঘণ্টাখানেক পর তারা পুলিশের ব্যারিকেড ভেঙে পুনরায় যাত্রা শুরু করেন।

দ্বিতীয় বাধা, হবিগঞ্জের প্রবেশপথ মিরপুর ও মুছাপুর এলাকায়

শ্রীমঙ্গলের বাধা পেরিয়ে হবিগঞ্জের বাহুবল উপজেলার কামাইছড়া ও মিরপুর এলাকায় পৌঁছালে পুলিশ সড়কের ওপর আড়াআড়িভাবে ট্রাক রেখে ও ব্যারিকেড দিয়ে পুনরায় গাড়িবহর আটকে দেয়। চূড়ান্ত বাধার মুখে পড়ে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামসহ শীর্ষ নেতারা গাড়িবহর থেকে নেমে সড়কের ওপর বসে পড়েন এবং তীব্র প্রতিবাদ জানান। 

বহরে এনসিপি আহ্বায়ক সংসদ সদস্য নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ, যুগ্ম সদস্যসচিব ও সংসদ সদস্য মাহমুদা মিতু ছিলেন।

নাহিদ ইসলাম এ সময় পুলিশের উদ্দেশ্যে বলেন, আমরা হবিগঞ্জে গিয়ে মামলা করবো, আমাদের কেন আটকে রাখা হচ্ছে? 

সারজিস আলম অভিযোগ করে বলেন, বিকাল সাড়ে ৪টা থেকে আমাদের গাড়িবহর পুলিশ আটকে রাখে। পরবর্তীতে সন্ধ্যা ৭টায় শুধু মামলা করতে হবিগঞ্জ থানায় যেতে চাইলেও পুলিশ বাধা দেয়। এটি বেআইনি কাজ করেছে পুলিশ।

তবে পুলিশ বলছে, নিরাপত্তার স্বার্থ এবং ১৪৪ ধারার অজুহাত দেখিয়ে তাদের শহরে ঢুকতে দেয়নি।

পুলিশি তদন্ত কেন্দ্রে অভিযোগ ও মামলা

হবিগঞ্জ শহরে প্রবেশ করতে না পেরে এনসিপি নেতারা রাত ৮টার দিকে হবিগঞ্জ-মৌলভীবাজার সড়কের কামাইছড়া পুলিশ তদন্ত কেন্দ্রে অবস্থান নেন। সেখানে মঙ্গলবারের হামলার ঘটনায় তারা একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

আসামিদের তালিকা

জেলা যুবশক্তির আহ্বায়ক তন্ময় তাহের বাদী হয়ে এই অভিযোগটি করেন। এতে হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমদ রিংগনসহ ১১ জন নেতাকর্মীর নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ১০০ জনকে আসামি করা হয়।
হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ তারেক মাহমুদ অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

বর্তমান পরিস্থিতি ও পরবর্তী অবস্থান

পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করার পর রাত ৮টা ৩০ মিনিটের দিকে এনসিপি নেতারা হবিগঞ্জ সীমান্ত এলাকা ছেড়ে মৌলভীবাজারের উদ্দেশ্যে রওনা হন। রাতে নেতারা পুনরায় মৌলভীবাজার সার্কিট হাউসে ফিরে যান এবং সেখানে রাত্রিযাপন করবেন। পরবর্তী কর্মসূচি হিসেবে বৃহস্পতিবার সকালে তাদের সিলেটের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে।

মৌলভীবাজার জেলা এনসিপির আহ্বায়ক খালেদ হাসান বলেন, রাতে এনসিপি নেতারা মৌলভীবাজার সার্কিট হাউসে অবস্থান করবেন। বৃহস্পতিবার সিলেটে কর্মসূচি রয়েছে। সকালে তারা সিলেটে রওনা হবেন।

যা বলছে পুলিশ 

এ ব্যাপারে হবিগঞ্জ পুলিশ সুপার তারেক মাহমুদ বলেন, নিরাপত্তার কথা বিবেচনা করেই তাদের ফিরিয়ে দেওয়া হয়েছে। রাতে তারা কামাইছড়া পুলিশ ফাঁড়িতে বসে মঙ্গলবারের হামলার ঘটনায় মামলার অভিযোগ দিয়েছেন। অভিযোগে হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগনসহ ১১ জনের নাম বলা হয়েছে। এ ছাড়া অজ্ঞাত আরও ১০০ জনকে আসামি করা হয়েছে। মামলার অভিযোগে বাদী হয়েছেন জেলা যুব শক্তির আহ্বায়ক তন্ময় তানভীর রুয়েল।

সার্বিক বিষয়ে জেলা পুলিশ সুপার তারেক মাহমুদ বলেন, এনসিপি ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করে প্রশাসন। এনসিপি নেতারা হবিগঞ্জ শহরে প্রবেশ করে ১৪৪ ধারা ভেঙ্গে সভা করতে চাইলে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সম্ভাবনা দেখা দেয়। তাদের নিরাপত্তা ও পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কামাইছড়ায় অবস্থান নেয়।

১১ দলীয় ঐক্যের নিন্দা

এনসিপি নেতাদের ওপর হামলা এবং বুধবারের কর্মসূচিতে পুলিশি বাধার তীব্র নিন্দা জানিয়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ এটিকে গণতান্ত্রিক অধিকারের চরম লঙ্ঘন বলে আখ্যা দিয়েছেন।

/এএম/এফআর/
সম্পর্কিত
হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ ১১ জনের বিরুদ্ধে মামলা করলো এনসিপি
উত্তেজনার মধ্যে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন
বিরোধীদলীয় চিফ হুইপকে হেনস্তায় ১১ দলীয় ঐক্যের নিন্দা, বিচার দাবি  
সর্বশেষ খবর
হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ ১১ জনের বিরুদ্ধে মামলা করলো এনসিপি
হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ ১১ জনের বিরুদ্ধে মামলা করলো এনসিপি
ফিফার অ্যাকশন শুরু, শাস্তি পাচ্ছেন আর্জেন্টিনার যেসব খেলোয়াড়
ফিফার অ্যাকশন শুরু, শাস্তি পাচ্ছেন আর্জেন্টিনার যেসব খেলোয়াড়
উত্তেজনার মধ্যে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন
উত্তেজনার মধ্যে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন
বাংলাদেশ থেকে কাঁঠাল আমদানির অনুমতি দিলো চীন 
বাংলাদেশ থেকে কাঁঠাল আমদানির অনুমতি দিলো চীন 
সর্বাধিক পঠিত
২৩ বছর ধরে বন্ধ কারখানা এখন রফতানিমুখী, চাকরি পেলো ৩৫০০ মানুষ
২৩ বছর ধরে বন্ধ কারখানা এখন রফতানিমুখী, চাকরি পেলো ৩৫০০ মানুষ
এক ক্লিকেই করদাতার সব তথ্য, এনবিআরকে নতুন রোডম্যাপ দিলো আইএমএফ
এক ক্লিকেই করদাতার সব তথ্য, এনবিআরকে নতুন রোডম্যাপ দিলো আইএমএফ
৪ দিন আগে কীভাবে দেশে ঢুকেছেন দুর্ধর্ষ ইমন, সাজ্জাদ ও রায়হান কোথায়?
৪ দিন আগে কীভাবে দেশে ঢুকেছেন দুর্ধর্ষ ইমন, সাজ্জাদ ও রায়হান কোথায়?
টানা ২৪ ঘণ্টা উড্ডয়ন: দীর্ঘতম বাণিজ্যিক ফ্লাইটের বিশ্বরেকর্ড
টানা ২৪ ঘণ্টা উড্ডয়ন: দীর্ঘতম বাণিজ্যিক ফ্লাইটের বিশ্বরেকর্ড
ভারতে পালাতে গিয়ে যেভাবে গ্রেফতার হলো ডেভিড ইমন
ভারতে পালাতে গিয়ে যেভাবে গ্রেফতার হলো ডেভিড ইমন