সুনামগঞ্জের তাহিরপুরে উত্তর বড়দল ইউনিয়নের রজনীলাই গ্রামে পারিবারিক কলহের জেরে রাতে তিন শিশু সন্তানকে বিষপান করানোর পর এক বাবা নিজে বিষপান করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে তিন শিশুরই মৃত্যু হয়েছে। মুমূর্ষু অবস্থায় পিতাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) ভোরে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের রজনী লাইন গ্রামে হৃদয়বিদারক এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতের কোনও এক সময়ে ওই পিতা তার তিন সন্তানকে বিষ খাইয়ে নিজেও বিষপান করেন। সকালে বিষয়টি টের পেয়ে প্রতিবেশী ও স্বজনরা দ্রুত তাদের উদ্ধার করে বাদাঘাট বাজারের ডা. হাফিজ উদ্দিন কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তিন শিশুকেই মৃত ঘোষণা করেন। পিতাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।
তাৎক্ষণিকভাবে নিহত তিন শিশুর নাম-পরিচয় ও বয়স জানা সম্ভব হয়নি। তবে কী কারণে এ ঘটনার সূত্রপাত, সে বিষয়েও এখনও নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ হোসাইন মোহাম্মদ আরাফাত জানান, খুব ভোরে খবর পেয়ে আমরা বাদাঘাট বাজারের ডা. হাফিজ উদ্দিন কমপ্লেক্সে গিয়ে তিন শিশুর লাশ দেখতে পাই। গুরুতর আহত পিতাকে স্বজনরা সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেছেন।
নিহতদের নাম-পরিচয় এবং বিষপানের সুনির্দিষ্ট কারণ বের করতে পুলিশ কাজ করছে। ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হচ্ছে।









