চলমান বন্যা পরিস্থিতির কারণে স্থগিত হওয়া চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষাগুলো নতুন প্রশ্নপত্র সেটে পুনরায় গ্রহণ করা হবে বলে জাতীয় সংসদে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। তিনি জানান, চট্টগ্রাম বোর্ডের জন্য যখন পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, যুক্তিবিদ্যা এবং হিসাববিজ্ঞান বিষয়ের পরীক্ষা অন্য আরেকটি প্রশ্নপত্র সেটে নেওয়া হবে, ঠিক সেই সময়েই স্থগিত হওয়া পরীক্ষাগুলো পুনরায় নেওয়ার ব্যবস্থা করা হবে।
একইসঙ্গে সম্প্রতি নিজের একটি ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে তৈরি হওয়া বিতর্কের অবসান ঘটাতে দুঃখ প্রকাশ করেছেন তিনি।
মঙ্গলবার (১৪ জুলাই) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ২৪তম তিন বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিলের ওপর আনা সংশোধনী প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এই কথা বলেন।
সংসদে শিক্ষামন্ত্রী বলেন, চট্টগ্রাম বোর্ডের আওতাধীন জেলাগুলোতে বন্যার কারণে পরীক্ষা স্থগিত করতে হয়েছে এবং এই পরীক্ষাগুলো পুনরায় নিতেই হবে। বিষয়টি নিয়ে শিক্ষার্থীরা নানা ধরনের দাবি ও অভিযোগ জানালেও মন্ত্রণালয় শুরু থেকেই পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছিল। সার্বিক বিষয় বিবেচনা করে মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে যে, চট্টগ্রাম বোর্ডের জন্য যখন পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, যুক্তিবিদ্যা এবং হিসাববিজ্ঞান বিষয়ের পরীক্ষা অন্য আরেকটি প্রশ্নপত্র সেটে নেওয়া হবে, ঠিক সেই সময়েই স্থগিত হওয়া পরীক্ষাগুলো পুনরায় নেওয়ার ব্যবস্থা করা হবে।
বক্তব্যের একপর্যায়ে মন্ত্রী সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে তার একটি মন্তব্য নিয়ে তৈরি হওয়া সমালোচনার বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন।
মন্ত্রী বলেন, আমার ব্যক্তিগত মন্তব্য নিয়ে অনেকেই আপত্তি করেছেন। সেই ব্যাপারেও বলতে চাই। আমি কাউকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কিছু বলি নাই। যদি কেউ আহত হয়ে থাকেন “সিম্প্লি” আমি দুঃখ প্রকাশ করছি।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি গত ৮, ১১, ১৩ ও ১৫ ও ১৬ জুলাইয়ের চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনের সব জেলার এইসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয় পর্যায়ক্রমে।
প্রসঙ্গত, গত ৮ জুলাই ইংরেজি দ্বিতীয় পত্র, ১১ জুলাই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ১৩ জুলাই পদার্থবিদ্যা প্রথমপত্র, হিসাব বিজ্ঞান প্রথমপত্র, যুক্তিবিদ্যা প্রথম পত্র, ১৫ জুলাই পদার্থবিদ্যা দ্বিতীয়পত্র, হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র, যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র এবং ১৬ জুলাই ভূগোল প্রথম পত্র, উচ্চাঙ্গসংগীত প্রথম প্রত্র, পালি প্রথম এবং আরবি প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।









