২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য দ্বিতীয় ধাপে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে আগামী ২৭ সেপ্টেম্বর। আবেদন করা যাবে ২৮ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত।
সোমবার (২১ সেপ্টেম্বর) বাংলাদেশ আন্তঃ শিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দ্বিতীয় ধাপে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে পারবেন, যেসব শিক্ষার্থী আগে আবেদন করেনি বা আবেদন করেও কলেজে নির্বাচিত হয়নি। আর যারা চূড়ান্ত মনোনয়ন পেয়েও নিশ্চায়ন করতে পারেনি অথবা নির্ধারিত সময়ে কলেজে ভর্তি হতে পারেনি এবং যারা ভুল কোটা নির্ধারণের কারণে কলেজে ভর্তি হতে পারেনি।
দ্বিতীয় ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে ১ অক্টোবর রাত ৮টায়। নির্বাচিত শিক্ষার্থীদের নিশ্চায়নের সময় থাকবে ফল প্রকাশের পর থেকে ৩ অক্টোবর রাত ৮টা পর্যন্ত। নিশ্চায়ন না করলে নির্বাচন ও আবেদন বাতিল হবে।
পছন্দক্রম অনুযায়ী দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ৪ অক্টোবর রাত ৮টায়। এরপর ৫ অক্টোবর থেকে ৭ অক্টোবর পর্যন্ত ভর্তি কার্যক্রম চলবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীদের নির্ধারিত ভর্তি ওয়েবসাইটে আবেদন করতে হবে। কলেজে বিদ্যমান আসন সংখ্যা দেখে সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজে আবেদন করা যাবে। তবে প্রথম ধাপে আবেদন করেও কলেজে নির্বাচিত না হওয়া শিক্ষার্থীদের দ্বিতীয় ধাপে নতুন করে অনলাইন আবেদন ফি ২২০ টাকা দিতে হবে না। তাদের ভর্তি ওয়েবসাইটে লগইন করে কলেজ সিলেকশন বা এডিট সম্পন্ন করতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দ্বিতীয় ধাপে আবেদনের সময় কোটার যোগ্যতা যাচাই করে আবেদন করতে হবে। ফল প্রকাশের পর নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চায়ন ফি জমা দেওয়ার জন্য শিক্ষার্থী ও অভিভাবকদের অনুরোধ করা হয়েছে।









