বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ৭৪.২ শতাংশের মধ্যে বিষণ্নতার লক্ষণ: গবেষণা

জবি প্রতিনিধি
০৫ নভেম্বর ২০২৬, ০৭:৪২ আপডেট : ০৫ নভেম্বর ২০২৬, ০৭:৪২

দেশের বিশ্ববিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থীদের ৭৪ দশমিক ২ শতাংশের মধ্যে বিষণ্নতার বিভিন্ন মাত্রার লক্ষণ রয়েছে। সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয়-অধিভুক্ত কলেজের ৪২২ শিক্ষার্থীর ওপর পরিচালিত এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।

বুধবার বিকেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগে আয়োজিত এক অনুষ্ঠানে গবেষণার ফলাফল তুলে ধরা হয়। মানসিক স্বাস্থ্যবিষয়ক প্রতিষ্ঠান ‘বন্ধু’ (বন্ডু) এবং বাংলাদেশ ইয়ুথ থিংক ট্যাংক (বিওয়াইটি) যৌথভাবে এ গবেষণা পরিচালনা করে। গবেষণার প্রতিবেদন উপস্থাপন করেন গবেষক ও নীতিবিশ্লেষক মাহাদী-উল-মোর্শেদ।

‘বাংলাদেশের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে বিষণ্নতার সামাজিক ও জনমিতিক কারণ: পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষণ’ শীর্ষক গবেষণায় ১৮ থেকে ২৬ বছর বয়সী স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা অংশ নেন। বিষণ্নতার মাত্রা নির্ধারণে গবেষকেরা ডিএএসএস-২১-এর বাংলা সংস্করণ ব্যবহার করেন।

গবেষণার তথ্য অনুযায়ী, অংশগ্রহণকারীদের মধ্যে ১২ দশমিক ৩ শতাংশের বিষণ্নতার লক্ষণ মৃদু, ২৮ দশমিক ৭ শতাংশের মাঝারি, ১২ দশমিক ৩ শতাংশের তীব্র এবং ২০ দশমিক ৯ শতাংশের অত্যন্ত তীব্র পর্যায়ে রয়েছে।

বিষণ্নতার ঝুঁকির সঙ্গে সম্পর্কিত বিষয় হিসেবে পারিবারিক সম্পর্কের অবনতি, আত্মহত্যার চিন্তা, অনিয়মিত ঘুম ও খাদ্যাভ্যাস, সামাজিক যোগাযোগমাধ্যমের অতিরিক্ত ব্যবহার এবং ক্যাম্পাসে নিরাপত্তাহীনতার কথা উঠে এসেছে গবেষণায়।

জরিপে অংশ নেওয়া শিক্ষার্থীদের ৫৪ দশমিক ৫ শতাংশ দিনে পাঁচ ঘণ্টার বেশি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করেন। ঘুম থেকে ওঠার আধা ঘণ্টার মধ্যে মুঠোফোন দেখেন ৮৭ দশমিক ৪ শতাংশ। অন্যদিকে, ২৯ দশমিক ১ শতাংশ শিক্ষার্থী জানিয়েছেন, তাঁরা নিয়মিত পড়াশোনার জন্য দিনে এক ঘণ্টাও সময় দেন না।

গবেষণায় আরও দেখা গেছে, ২৫ দশমিক ৮ শতাংশ শিক্ষার্থীর মানসিক স্বাস্থ্যের অবনতি হয়েছে। আর ২২ দশমিক ৫ শতাংশ শিক্ষার্থী মানসিক স্বাস্থ্যসেবা প্রয়োজন বলে মনে করলেও তা নিতে পারছেন না।

শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য পরিস্থিতির উন্নয়নে বিশ্ববিদ্যালয়গুলোতে নিয়মিত ও গোপনীয় মানসিক স্বাস্থ্যকেন্দ্র চালু, সহজলভ্য পেশাদার পরামর্শসেবা নিশ্চিত এবং অভিভাবকদের সচেতনতা বাড়ানোর সুপারিশ করেছে গবেষণা দল। পাশাপাশি শিক্ষার্থীদের আবাসন ও যাতায়াতব্যবস্থা উন্নত করার কথাও বলা হয়েছে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য শিক্ষা, জনস্বাস্থ্য ও সামাজিক নীতির সঙ্গে সম্পর্কিত। এ পরিস্থিতির উন্নয়নে রাষ্ট্র, সমাজ ও বিশ্ববিদ্যালয়গুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

/এএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাদামি মশলায় মুরগির কোফতা কোরমা দিয়ে জমিয়ে দিন দুপুরের পাত
বাদামি মশলায় মুরগির কোফতা কোরমা দিয়ে জমিয়ে দিন দুপুরের পাত
ইতালির সীমান্তে কড়াকড়ি, বাংলাদেশিদের জন্য কী বার্তা?
ইতালির সীমান্তে কড়াকড়ি, বাংলাদেশিদের জন্য কী বার্তা?
হোয়াইটওয়াশ এড়ানোর লড়াই, সিলেটে বদলে যাচ্ছে বাংলাদেশের কৌশল!
হোয়াইটওয়াশ এড়ানোর লড়াই, সিলেটে বদলে যাচ্ছে বাংলাদেশের কৌশল!
‘স্ত্রী ২’ সাফল্যের পর কঠিন সিদ্ধান্ত, সফল হলেন শ্রদ্ধা
‘স্ত্রী ২’ সাফল্যের পর কঠিন সিদ্ধান্ত, সফল হলেন শ্রদ্ধা
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে ইশরাক হোসেন
নতুন দায়িত্বে ইশরাক হোসেন
আগস্টের পর একের পর এক পদোন্নতি, এবার ডিআইজি হলেন আশরাফ আলী
আগস্টের পর একের পর এক পদোন্নতি, এবার ডিআইজি হলেন আশরাফ আলী
বাংলাদেশের এমপির বড় ভাই জিতলেন যুক্তরাষ্ট্রের নির্বাচনে, এলাকায় আনন্দ
বাংলাদেশের এমপির বড় ভাই জিতলেন যুক্তরাষ্ট্রের নির্বাচনে, এলাকায় আনন্দ
‘আমেরিকানরা বিরক্ত হলে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হবো’: ট্রাম্প
‘আমেরিকানরা বিরক্ত হলে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হবো’: ট্রাম্প
প্রধানমন্ত্রীর বক্তব্যকে ‘হাদিসের’ সঙ্গে তুলনা করা সেই কর্মকর্তা পদ হারালেন
প্রধানমন্ত্রীর বক্তব্যকে ‘হাদিসের’ সঙ্গে তুলনা করা সেই কর্মকর্তা পদ হারালেন