প্রযুক্তির সুবিধা নাকি আসক্তি, কোন পথে শিক্ষার্থীরা

এস এম আব্বাস
১০ নভেম্বর ২০২৬, ০৮:০০ আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ০৮:০০

মাধ্যমিক থেকে এখন প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের হাতেও পৌঁছে গেছে স্মার্টফোন। অনলাইন ক্লাস, তথ্য অনুসন্ধান ও শিক্ষামূলক কনটেন্ট দেখার সুযোগ তৈরি হলেও সামাজিক যোগাযোগমাধ্যম, অনলাইন গেম ও বিনোদনমূলক কনটেন্টে সময় কাটানোর প্রবণতাও বাড়ছে। অতিরিক্ত ব্যবহারে পড়াশোনায় মনোযোগ কমে যাওয়া, ঘুমের ব্যাঘাত এবং শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাবের আশঙ্কা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার নিয়ন্ত্রণে বয়সভিত্তিক নীতিমালা, অভিভাবকের নজরদারি ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকার বিষয়টি সামনে এসেছে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ২০২৫-২৬ অর্থবছরের এপ্রিল-জুন প্রান্তিকের আইসিটি ব্যবহার ও প্রয়োগ জরিপ অনুযায়ী, পাঁচ বছর বা তার বেশি বয়সীদের মধ্যে ৮৯ দশমিক ৬ শতাংশ মোবাইল ফোন ব্যবহার করেন। আগের বছরের একই সময়ে এ হার ছিল ৮৮ দশমিক ২ শতাংশ। নিজস্ব মোবাইল ফোন রয়েছে ৬৫ দশমিক ৬ শতাংশ মানুষের। একই সময়ে স্মার্টফোন ব্যবহারের হার ৭৫ দশমিক ১ শতাংশে পৌঁছেছে। দেশের ৯৯ শতাংশ পরিবারের মোবাইল ফোন ব্যবহারের সুযোগ রয়েছে।

বিবিএসের তথ্য অনুযায়ী, পাঁচ বছর বা তার বেশি বয়সীদের মধ্যে ইন্টারনেট ব্যবহারের হার ৫৯ দশমিক ২ শতাংশ। আগের বছরের একই সময়ে এ হার ছিল ৫৫ শতাংশ। অন্যদিকে কম্পিউটার ব্যবহারের হার মাত্র ১১ দশমিক ৮ শতাংশ। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) তথ্য অনুযায়ী, ২০২৬ সালের আগস্টে দেশে সক্রিয় মোবাইল সংযোগ ছিল ১৯ কোটি ১০ লাখ ৯০ হাজার। একই সময়ে ইন্টারনেট সংযোগ ছিল ১৩ কোটি ৭৬ লাখ ৬০ হাজার। এর মধ্যে মোবাইল ইন্টারনেট সংযোগ ১২ কোটি ২২ লাখ ৬০ হাজার।

শিক্ষার্থীদের মধ্যে ব্যবহার কতটা

প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের কত শতাংশ ব্যক্তিগতভাবে মোবাইল ফোন ব্যবহার করে, তার সাম্প্রতিক জাতীয় পরিসংখ্যান নেই। তবে ২০২১ সালের অক্টোবরে আন্তর্জাতিক গবেষণা সাময়িকী ‘হেলথ সায়েন্স রিপোর্টস’-এ প্রকাশিত একটি গবেষণায় দেশের ২১ জেলার ১ হাজার ৮০৩ জন মাধ্যমিক শিক্ষার্থীর তথ্য তুলে ধরা হয়। এতে দেখা যায়, ৬৭ দশমিক ১১ শতাংশ শিক্ষার্থী প্রতিদিন মোবাইল ফোন ব্যবহার করে। ২০২০ সালে প্রায় ৫৩ শতাংশ শিক্ষার্থী প্রতিদিন অন্তত দুই ঘণ্টা ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করতো। গবেষণায় মাথাব্যথা, পিঠব্যথা, দৃষ্টিজনিত সমস্যা ও ঘুমের ব্যাঘাতের সঙ্গে ডিভাইস ব্যবহারের সম্পর্ক পাওয়া যায়। তবে গবেষণাটি ২০২০ সালের তথ্যভিত্তিক।

প্রযুক্তির সুযোগে বৈষম্য

মোবাইল ফোনের ব্যবহার বাড়লেও সব শিক্ষার্থী সমানভাবে প্রযুক্তির সুযোগ পাচ্ছে না। শহর ও গ্রামের শিক্ষার্থীদের মধ্যে স্মার্টফোন, ইন্টারনেট ও ডিজিটাল শিক্ষাসামগ্রী ব্যবহারের সুযোগে পার্থক্য রয়েছে। নিম্ন আয়ের পরিবার, চর, হাওর, পাহাড়ি ও প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের জন্য এ বৈষম্য আরও বড় চ্যালেঞ্জ।

বিবিএসের তথ্য অনুযায়ী, ৯৯ শতাংশ পরিবারের মোবাইল ফোন ব্যবহারের সুযোগ থাকলেও ইন্টারনেট সংযোগ রয়েছে ৫৮ দশমিক ২ শতাংশ পরিবারের। ফলে মোবাইল ফোন থাকলেই ইন্টারনেট ব্যবহারের সুযোগ নিশ্চিত হচ্ছে না। অনেক শিক্ষার্থীকে পরিবারের অন্য সদস্যদের ফোনের ওপর নির্ভর করতে হয়।

সুযোগের পাশাপাশি আসক্তির ঝুঁকি

পাঠ্যবইয়ের বাইরের তথ্য অনুসন্ধান, অনলাইন ক্লাস, শিক্ষামূলক ভিডিও ও ভাষা শিক্ষায় স্মার্টফোন কার্যকর ভূমিকা রাখতে পারে। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষাসামগ্রী পাওয়ার সুযোগ তৈরি হয়েছে। তবে অনিয়ন্ত্রিত ব্যবহার পড়াশোনার সময় কমিয়ে দিতে পারে। রাত জেগে মোবাইল ব্যবহার, ঘুমের সময় কমে যাওয়া এবং খেলাধুলা ও শারীরিক কর্মকাণ্ড থেকে দূরে থাকার প্রবণতাও উদ্বেগের বিষয়।

মানসিক রোগ বিশেষজ্ঞ ডা. মেখলা সরকার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মোবাইল প্রয়োজনীয় প্রযুক্তি হলেও এটি এমনভাবে তৈরি করা হয়, যাতে ব্যবহারকারী যত বেশি ব্যবহার করবেন, তত বেশি ব্যবসায়িক সুবিধা তৈরি হবে। ফলে মোবাইলের মধ্যে আসক্তির উপাদান রয়েছে। শিশু-কিশোরদের মধ্যে এই আসক্তির ঝুঁকি সবচেয়ে বেশি।’

তিনি বলেন, ‘কোনও শিশুর মোবাইল ব্যবহারের সময় ক্রমাগত বাড়তে থাকলে এবং পড়ালেখা, খেলাধুলা ও সামাজিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হওয়ার পরও ব্যবহার না কমলে আসক্তির লক্ষণ দেখা যায়। পড়ালেখায় মনোযোগ ও ফলাফল কমে যাওয়া, বন্ধু ও পরিবারের সঙ্গে দূরত্ব তৈরি হওয়া এবং ঘুম, খাওয়া-দাওয়া ও নিজের যত্নে অনিয়মও এর লক্ষণ। করোনার পর অনলাইন শিক্ষা ও অন্যান্য প্রয়োজনে শিশুদের মোবাইল ব্যবহার বেড়েছে। কিন্তু ক্লিনিক্যাল প্র্যাকটিসে এখন এমন অনেক শিশু-কিশোর পাচ্ছি, যাদের পড়ালেখা, জীবনযাপন ও পারস্পরিক সম্পর্ক মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। তাই শিশু-কিশোরদের মোবাইল ব্যবহার সীমিত করতে সরকারের এখনই পদক্ষেপ নেওয়া উচিত।’

শারীরিক ও মানসিক স্বাস্থ্যে প্রভাব

ডা. মেখলা সরকার বলেন, ‘অতিরিক্ত মোবাইল ব্যবহারে শিশুদের দৌড়াদৌড়ি, খেলাধুলা ও শারীরিক চলাচল কমে যাচ্ছে। অথচ শারীরিক ও মানসিক বিকাশের জন্য এসব অত্যন্ত জরুরি। এর তাৎক্ষণিক প্রভাব হিসেবে চোখের সমস্যা ও স্থূলতা দেখা দিতে পারে। বিশেষ করে মেয়েশিশুদের অতিরিক্ত ওজন পরবর্তী সময়ে পলিসিস্টিক ওভারি সিনড্রোমের (পিসিওএস) ঝুঁকি বাড়াতে পারে। শৈশবে খাদ্যাভ্যাস ও শরীরচর্চার ওপর ভবিষ্যৎ শারীরিক স্বাস্থ্যের ভিত্তি তৈরি হয়। এই ভিত্তি দুর্বল হলে ৩০, ৩৫ বা ৪০ বছর বয়সে ডায়াবেটিস, হৃদরোগসহ বিভিন্ন অসংক্রামক রোগের ঝুঁকি বাড়তে পারে।’

তিনি বলেন, ‘মোবাইল আসক্তির সবচেয়ে উদ্বেগজনক প্রভাব পড়ছে শিশুদের মানসিক স্বাস্থ্যে। বেড়ে ওঠার সময় সামাজিক ও জীবনদক্ষতা তৈরি হওয়া জরুরি। এসব দক্ষতা ভবিষ্যতে চাপ ও সংকট মোকাবিলায় সহায়তা করে। সমবয়সীদের সঙ্গে মেলামেশা, খেলাধুলা ও দৈনন্দিন যোগাযোগের মাধ্যমে এই দক্ষতা তৈরি হয়। কিন্তু মোবাইলে বেশি সময় কাটালে তা ব্যাহত হয়। ভার্চুয়াল জগতে যোগাযোগ ও খেলাধুলা করলেও কাঙ্ক্ষিত সামাজিক দক্ষতা তৈরি হয় না। বরং শিশু কল্পনার জগতে প্রবেশ করে— যার সঙ্গে বাস্তবতার মিল থাকে না। এতে অবাস্তব প্রত্যাশা তৈরি হয় এবং বাস্তব জীবনের সংকট বা প্রতিকূলতা মোকাবিলা করা কঠিন হয়ে পড়ে।’

সামাজিক সম্পর্কের ওপর এর প্রভাবের বিষয়টিও তুলে ধরেন ডা. মেখলা সরকার। তিনি বলেন, ‘শিশুর বন্ধুত্ব ও অন্য মানুষের সঙ্গে মেলামেশার সক্ষমতা তার মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ। মানুষ সামাজিক জীব। পারিবারিক ও সামাজিক বন্ধন বাংলাদেশের সমাজের অন্যতম শক্তি। কিন্তু প্রযুক্তির অতিরিক্ত ব্যবহার মানুষের সঙ্গে মানুষের বিচ্ছিন্নতা তৈরি করছে। মানুষ পরস্পর থেকে বিচ্ছিন্ন হলে ব্যক্তিগত সক্ষমতার পাশাপাশি সমাজও শক্তিহীন হয়ে পড়বে। তাই মোবাইল আসক্তির প্রভাব শুধু ব্যক্তিগত নয়, সামাজিক ও রাষ্ট্রীয় পর্যায়েও মারাত্মক হতে পারে।’

নীতিমালা ও নিয়ন্ত্রণের প্রশ্ন

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর ২০১৭ সালের ১২ অক্টোবর শ্রেণিকক্ষে শিক্ষার্থী ও শিক্ষকদের মোবাইল ফোন ব্যবহার না করার নির্দেশনা দিয়েছিল। তবে প্রায় ৯ বছর পরও নির্দেশনাটি কতটা কার্যকর রয়েছে, তা নিয়ে প্রশ্ন রয়েছে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শিক্ষার্থীদের হাতে মোবাইল ফোনের ব্যবহার পুরোপুরি বন্ধ করা সম্ভব নয়। আবার তাদের অবাধে মোবাইল ব্যবহারের সুযোগও দেওয়া যায় না। এ ক্ষেত্রে ব্যবহারের ওপর নিয়ন্ত্রণ আরোপ করা প্রয়োজন, যাতে শিক্ষার্থীরা মোবাইল ফোনে আসক্ত না হয়ে পড়াশোনায় মনোযোগী থাকে।’

তিনি বলেন, ‘শিক্ষার্থীদের মোবাইল ফোনের আসক্তি কমাতে নীতিমালা প্রণয়নের বিষয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি তাদের সহশিক্ষা কার্যক্রম ও প্রতিভা বিকাশের বিভিন্ন কর্মকাণ্ডে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া যেতে পারে। এসব কার্যক্রমে শিক্ষার্থীদের বেশি যুক্ত করতে পারলে মোবাইল ফোনের প্রতি আসক্তি কমতে পারে।’

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন গত ১১ এপ্রিল বলেছেন, শিশুদের স্মার্টফোন ব্যবহার, গেম খেলা কিংবা অনুপযুক্ত কনটেন্ট দেখা নিয়ন্ত্রণে অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। অন্যদিকে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ গত ১০ অক্টোবর বলেন, ‘স্মার্টফোন ও ডিজিটাল ডিভাইসের প্রতি অতিরিক্ত নির্ভরতা কমাতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজকে সমন্বিতভাবে কাজ করতে হবে।’ এর আগে ২১ জুলাই তিনি বলেছিলেন, শিশু-কিশোরদের প্রযুক্তি থেকে দূরে সরিয়ে না রেখে এর সঠিক ব্যবহার শেখাতে হবে।

শিক্ষাবিদ রাশেদা কে চৌধূরী বলেন, ‘মোবাইল ফোনের ব্যবহার পুরোপুরি বন্ধ করা সম্ভব না হলেও নিয়ন্ত্রণ করা যায়। শুধু শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল ফোন নিষিদ্ধ করলে হবে না, বাড়িতেও এর ব্যবহার নিয়ন্ত্রণ করতে হবে। এ জন্য অভিভাবকদের সম্পৃক্ত করা জরুরি। শিশুদের জন্য ক্ষতিকর কনটেন্ট ব্লক করার পাশাপাশি গল্প বলা, ছবি আঁকা, খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরি করতে হবে। করোনার পর শিশুদের মোবাইল ব্যবহারের প্রবণতা বেড়েছে। খেলাধুলার মাঠ ও বিনোদনের সুযোগ কমে যাওয়ায় মোবাইল ফোন অনেক শিশুর অবসরের প্রধান মাধ্যম হয়ে উঠেছে। সমস্যা আরও জটিল হওয়ার আগেই কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।’

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ আরিফ মঈনুদ্দীন বলেন, ‘স্কুলে শ্রেণি চলাকালে স্মার্টফোনের ব্যবহার সম্পূর্ণ বন্ধ অথবা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা যৌক্তিক। করোনা মহামারির সময় ও পরবর্তী সময়ে শিক্ষার্থীদের মধ্যে স্মার্টফোন ব্যবহারের প্রবণতা বেড়েছে। এর ফলে মোবাইল গেমের প্রতি আসক্তিও বৃদ্ধি পেয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় স্ক্রিনটাইম নির্ধারণ, খেলাধুলা, বিতর্ক ও ক্রীড়া প্রতিযোগিতা, বিজ্ঞান ক্লাব এবং আইটি মেলার মতো কার্যক্রম বাড়াতে হবে। অভিভাবকদেরও সন্তানদের সামনে মোবাইল ব্যবহারে সচেতন হতে হবে।’

শিক্ষা গবেষক কে এম এনামল হক বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল ফোনের ব্যবহার নিয়ন্ত্রণকে শুধু নিষেধাজ্ঞা হিসেবে দেখলে পুরো বাস্তবতা ধরা যাবে না। মোবাইল ফোনের পাশাপাশি ল্যাপটপ, আইপ্যাডসহ বিভিন্ন ডিজিটাল ডিভাইস শিক্ষার অংশ হয়ে উঠেছে। তাই সব শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে নিষেধাজ্ঞার পরিবর্তে শিক্ষার্থীদের বয়স, প্রতিষ্ঠানের ধরন ও স্থানীয় বাস্তবতা বিবেচনায় ব্যবহারবিধি তৈরি করা প্রয়োজন। কোথায়, কখন এবং কী উদ্দেশ্যে ডিজিটাল ডিভাইস ব্যবহার করা যাবে, তা স্পষ্ট করতে হবে। পাশাপাশি মানসিক স্বাস্থ্য, সাইবার নিরাপত্তা ও সামাজিক যোগাযোগমাধ্যমের নেতিবাচক প্রভাবও বিবেচনায় নিতে হবে।’

এদিকে শিক্ষাসংশ্লিষ্টরা বলছেন, শিক্ষার্থীদের মোবাইল ফোন এখন শুধু যোগাযোগের মাধ্যম নয়, শিক্ষা ও তথ্যপ্রাপ্তিরও গুরুত্বপূর্ণ উপকরণ। তাই প্রযুক্তিকে পুরোপুরি দূরে সরিয়ে না রেখে নিরাপদ ও শিক্ষাবান্ধব ব্যবহার নিশ্চিত করতে হবে। প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যায় পর্যন্ত বয়সভিত্তিক জাতীয় নীতিমালা, অভিভাবকের নজরদারি, শিক্ষাপ্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ এবং বিকল্প সৃজনশীল কর্মকাণ্ডের সমন্বিত উদ্যোগই হতে পারে এ ক্ষেত্রে কার্যকর সমাধান।

/এপিএইচ/
সম্পর্কিত
শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা, বেতন ১০ হাজার
স্মার্টফোন ব্যবহার না করলেও চার্জ কমছে? বন্ধ করবেন যেভাবে
কলেজ প্রশাসন পুলিশ ডাকেনি দাবি শিক্ষার্থীদের, মধ্যরাতে হামলার তদন্ত চান তারা
সর্বশেষ খবর
মেসির চোখে বিশ্বসেরা তরুণদের একজন, বোকায় শিরোপার আনন্দ আরান্দার
মেসির চোখে বিশ্বসেরা তরুণদের একজন, বোকায় শিরোপার আনন্দ আরান্দার
‘পাউটের রানি’ কারিনা কাপুর, ঘোষণা করলেন করণ জোহর
‘পাউটের রানি’ কারিনা কাপুর, ঘোষণা করলেন করণ জোহর
আজ হতে পারে বৃষ্টি, আরও কমবে তাপমাত্রা
আজ হতে পারে বৃষ্টি, আরও কমবে তাপমাত্রা
মধ্যরাতে দুই মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের অবরোধ, এক কলেজে তালা
মধ্যরাতে দুই মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের অবরোধ, এক কলেজে তালা
সর্বাধিক পঠিত
মাজারের ৬৮ ডেকচি গায়েব, আওয়ামী লীগকে দায়ী করলেন শাহাদাত
মাজারের ৬৮ ডেকচি গায়েব, আওয়ামী লীগকে দায়ী করলেন শাহাদাত
মোটা অঙ্কের চুক্তিতে মোদিকে ট্রাম্পের অভিনন্দনবার্তা, নেপথ্যে মার্কিন লবিং ফার্ম
মোটা অঙ্কের চুক্তিতে মোদিকে ট্রাম্পের অভিনন্দনবার্তা, নেপথ্যে মার্কিন লবিং ফার্ম
তুরস্ক সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা
তুরস্ক সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা
পোশাক শ্রমিকদের সর্বনিম্ন- সর্বোচ্চ বেতনের প্রস্তাব, কারা কত পাবেন?
পোশাক শ্রমিকদের সর্বনিম্ন- সর্বোচ্চ বেতনের প্রস্তাব, কারা কত পাবেন?
কে সেই কিশোর, কেন করলো ছুরিকাঘাত: কেমন আছে আহত সেই ছাত্রী
কে সেই কিশোর, কেন করলো ছুরিকাঘাত: কেমন আছে আহত সেই ছাত্রী