সম্পূরক পরীক্ষার সুযোগ, বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে অনিশ্চয়তা

মে. বেলাল হোসেন, ঢাবি প্রতিনিধি
১৬ নভেম্বর ২০২৬, ০৮:০০ আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ০৮:০০

এইচএসসি ও সমমানের পরীক্ষায় অকৃতকার্য হয়েছেন কয়েক লাখ শিক্ষার্থী। প্রথমবারের মতো সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য সম্পূরক পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ১ ডিসেম্বর থেকে এ পরীক্ষা শুরু হওয়ার কথা। ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ২৩ ডিসেম্বর। ফলে অকৃতকার্য শিক্ষার্থীরাও এবছর উচ্চ শিক্ষার স্বপ্ন দেখছেন। তবে সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ কতটা মিলবে, তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। কারণ, একদিকে সরকার ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) শিক্ষার্থীদের দ্বিতীয় সুযোগ নিশ্চিত করতে ভর্তি পরীক্ষার সময় পেছানোর উদ্যোগ নিয়েছে, অন্যদিকে কয়েকটি শীর্ষ বিশ্ববিদ্যালয় পূর্বঘোষিত সূচি অনুযায়ী ভর্তি কার্যক্রম পরিচালনার সিদ্ধান্তে অনড় রয়েছে।

বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার সময়সূচি, আবেদনের যোগ্যতা ও ফল প্রকাশের সময়ের মধ্যে সমন্বয় না থাকায় সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের একটি অংশ পছন্দের বিশ্ববিদ্যালয়ে আবেদনের সুযোগ থেকেই বঞ্চিত হতে পারেন। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভর্তি কার্যক্রমে সম্পূরক পরীক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ না থাকায় তাদের মধ্যে হতাশা তৈরি হয়েছে। তবে রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় সময়সূচি পরিবর্তন করে তাদের জন্য সুযোগ রাখছে। কৃষি গুচ্ছের ভর্তি কার্যক্রমও ইউজিসির সিদ্ধান্তের সঙ্গে সমন্বয় করে এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। অন্যদিকে, সাধারণ ও বিজ্ঞান-প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি কার্যক্রমে সম্পূরক পরীক্ষার্থীদের অংশগ্রহণের বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সম্পূরক পরীক্ষার্থীদের বিষয়টি বিবেচনায় রাখা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

শিক্ষাসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, শিক্ষার্থীদের এক বছরের শিক্ষাজীবন বাঁচাতে সরকার যে উদ্যোগ নিয়েছে, বিশ্ববিদ্যালয় পর্যায়ে তার কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করা জরুরি। অন্যথায় দ্বিতীয়বার পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেও উচ্চশিক্ষায় প্রবেশের ক্ষেত্রে অনেক শিক্ষার্থীর এক বছর পিছিয়ে পড়ার ঝুঁকি থেকেই যাবে।

চলতি বছরের ৩১ অক্টোবর প্রকাশিত এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে পাসের হার দাঁড়িয়েছে ৫২ দশমিক ১২ শতাংশ। ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। অকৃতকার্য হয়েছেন ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন। তাদের মধ্যে এক বা দুই বিষয়ে অকৃতকার্য হয়েছেন ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন। এর মধ্যে এক বিষয়ে অকৃতকার্য ২ লাখ ৯৮ হাজার ৪০ জন এবং দুই বিষয়ে অকৃতকার্য ১ লাখ ২৪ হাজার ৮৬৫ জন। তাদেরই সম্পূরক পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে।

আগামী ১ ডিসেম্বর থেকে এই সাপ্লিমেন্ট পরীক্ষা শুরু হবে, শেষ হবে ১৫ ডিসেম্বর। অবশ্য এই পরীক্ষায় অকৃতকার্য হওয়া সবাই অংশ নিচ্ছে না। সবশেষ তথ্য অনুযায়ী, এবারের এইচএসসি পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য হওয়া পরীক্ষার্থীদের মধ্যে ৩ লাখ ৬৫ হাজার ৯১১ জন পরীক্ষার্থী সম্পূরক (সাপ্লিমেন্টারি) পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেছেন।

অন্যদিকে ফলাফলে অকৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা যেমন উদ্বেগজনক, তেমনি ফল পুনর্নিরীক্ষণের আবেদনও ছিল ব্যাপক। ১১টি শিক্ষা বোর্ডে ২ লাখ ৯১ হাজার ২০৯ জন শিক্ষার্থী মোট ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের আবেদন করেছেন। আগামী ২৩ নভেম্বর এসব আবেদনের ফল প্রকাশের কথা রয়েছে। পুনর্নিরীক্ষণে যাদের ফল পরিবর্তন হবে, তাদের জন্যও বিশ্ববিদ্যালয়ে আবেদনের সুযোগ নিশ্চিত করার বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

ভর্তি পরীক্ষার সময় পেছানোর উদ্যোগ ইউজিসির

সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা যাতে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পান, সে বিষয়টি বিবেচনায় নিয়ে বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার সময়সূচি পুনর্বিবেচনার উদ্যোগ নেয় ইউজিসি। গত ৯ নভেম্বর ইউজিসিতে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্য ও প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত সভায় সিদ্ধান্ত হয়, আগামী জানুয়ারি থেকে ভর্তি আবেদনের কার্যক্রম শুরু হবে এবং ফেব্রুয়ারি থেকে ভর্তি পরীক্ষা আয়োজন করা হবে।

ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ সভা শেষে জানান, এইচএসসি পুনর্নিরীক্ষণ ও সম্পূরক পরীক্ষার ফল ডিসেম্বরের মধ্যে প্রকাশের পরিকল্পনা রয়েছে। ফলে সংশ্লিষ্ট শিক্ষার্থীরা যাতে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পান, সে লক্ষ্যেই বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি কার্যক্রম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইউজিসির এ উদ্যোগে সাড়া দিয়ে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় তাদের ভর্তি কার্যক্রমের সময়সূচিতে পরিবর্তন এনেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে ভর্তি পরীক্ষা পিছিয়ে ফেব্রুয়ারিতে নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে। বিশ্ববিদ্যালয়টির নতুন সূচি অনুযায়ী, ১২ ফেব্রুয়ারি ‘বি’ ইউনিট, ১৩ ফেব্রুয়ারি ‘সি’ ইউনিট এবং ২০ ফেব্রুয়ারি ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সম্পূরক পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরা ফল প্রকাশের পর আবেদনের জন্য অতিরিক্ত সাত দিন সময় পাবেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ও সম্পূরক পরীক্ষার্থীদের সুযোগ রাখার সিদ্ধান্ত নিয়েছে। বিশ্ববিদ্যালয়টির সিদ্ধান্ত অনুযায়ী, এক বা দুই বিষয়ে অকৃতকার্য হওয়ার পর সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ এবং ভর্তির ন্যূনতম যোগ্যতা অর্জনকারী শিক্ষার্থীরা ফল প্রকাশের পর আবেদন করতে পারবেন।

এ ছাড়া খুলনা বিশ্ববিদ্যালয় আগামী বছরের ৪ ও ৫ ফেব্রুয়ারি ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন গ্রহণের সময় ১০ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়টির ভর্তি পরীক্ষা ৫, ৬ ও ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও সম্পূরক পরীক্ষার্থীদের জন্য সুযোগ রাখার কথা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার অধ্যাপক মো. শেখ গিয়াস উদ্দিন। তার ভাষ্য অনুযায়ী, এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা এসএসসির ফলের ভিত্তিতে আবেদন করতে পারবেন। পরে সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ হলে ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ও এ বিষয়ে শিক্ষার্থীবান্ধব সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে। বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক মো. খায়রুল ইসলাম বলেছেন, সব শিক্ষার্থীর জন্য ভালো হয় এমন সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে।

ঢাবি, বুয়েট ও জাবিতে সুযোগ নেই

অন্যদিকে ইউজিসির উদ্যোগের সঙ্গে একমত হয়ে ভর্তি পরীক্ষার সময়সূচি পরিবর্তন করেনি ঢাকা বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টির সাধারণ ভর্তি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি আবেদন চলবে ২৫ নভেম্বর পর্যন্ত। পূর্বঘোষিত সূচি অনুযায়ী ৫ ডিসেম্বর থেকে ভর্তি পরীক্ষা শুরু হবে। ফলে ২৩ ডিসেম্বর সম্পূরক পরীক্ষার ফল প্রকাশের আগে আবেদনপ্রক্রিয়া শেষ হয়ে যাওয়ায় উত্তীর্ণ শিক্ষার্থীরা এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন না।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, ‘ফেল করার পরে তাদের গভর্নমেন্ট সুযোগ দিচ্ছে, সেটা গভর্নমেন্টের অনুগ্রহ; সেটা ভিন্ন দিক। কিন্তু যারা পাস করে যাচ্ছে, তাদের জন্য আমি সেশনজট করতে পারি না। করোনার সময়ে আমরা ইতিমধ্যে অনেক পিছিয়ে গেছি। সেই পিছিয়ে যাওয়াটা, সেশনজটটা আমরা ধীরে ধীরে এগিয়ে নিয়ে আসছি।’

বুয়েটও পূর্বঘোষিত সূচি অনুযায়ী আগামী ১৬ জানুয়ারি ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তে রয়েছে। বিশ্ববিদ্যালয়টির ভর্তি পরীক্ষার সূচি পরিবর্তন না করায় সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা সেখানে অংশ নেওয়ার সুযোগ পাবেন না।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও একই পরিস্থিতি তৈরি হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির সচিব সৈয়দ মোহাম্মদ আলী রেজা জানিয়েছেন, আগামী ১০ থেকে ২১ জানুয়ারির মধ্যে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই পরীক্ষার আবেদনপ্রক্রিয়া ১৫ ডিসেম্বরের মধ্যেই শেষ হয়ে যাবে।

কৃষি গুচ্ছে ইউজিসির সিদ্ধান্ত অনুযায়ী ভর্তি কার্যক্রম

কৃষি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছিল। আগে এ গুচ্ছের ভর্তি পরীক্ষা আগামী ২ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছিল। তবে সম্পূরক পরীক্ষার ফল প্রকাশের আগে ভর্তি পরীক্ষা আয়োজন করা হলে সংশ্লিষ্ট শিক্ষার্থীরা অংশ নেওয়ার সুযোগ পাবেন না—এমন পরিস্থিতি বিবেচনায় সময়সূচি পুনর্বিবেচনার উদ্যোগ নেওয়া হয়।

এ বিষয়ে রবিবার (১৫ নভেম্বর) ইউজিসিতে কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সঙ্গে অনুষ্ঠিত সভায় ভর্তি কার্যক্রম ইউজিসির সমন্বিত সিদ্ধান্ত অনুযায়ী পরিচালনার পরিকল্পনা জানানো হয়েছে। সে অনুযায়ী, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে কৃষি গুচ্ছের ভর্তি আবেদনের কার্যক্রম আগামী জানুয়ারি থেকে শুরু এবং ফেব্রুয়ারি থেকে ভর্তি পরীক্ষা আয়োজনের পরিকল্পনা রয়েছে। ফলে সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদেরও এ গুচ্ছের ভর্তি কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ তৈরি হচ্ছে।

একই সভায় কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষার মানোন্নয়ন, আসন পূরণ এবং ভর্তি কার্যক্রমের দীর্ঘসূত্রতা কমানোর বিষয়েও আলোচনা হয়েছে। আগামী ২০২৭-২৮ শিক্ষাবর্ষ থেকে ভর্তি পরীক্ষা পদ্ধতির উন্নয়নে কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের নিয়ে একটি কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।

সাধারণ ও বিজ্ঞান-প্রযুক্তি গুচ্ছেও সুযোগের সম্ভাবনা

সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর সমন্বিত ভর্তি পরীক্ষা (জিএসটি) গুচ্ছেও সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ তৈরির সম্ভাবনা রয়েছে। ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ২০টি বিশ্ববিদ্যালয় নিয়ে এ গুচ্ছের ভর্তি কার্যক্রম পরিচালিত হবে। এদিকে গুচ্ছ ভর্তি প্রক্রিয়ায় যুক্ত হওয়ার আগ্রহের কথা জানিয়েছে নতুন চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়—বগুড়া বিশ্ববিদ্যালয়, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়, মেহেরপুর বিশ্ববিদ্যালয় ও লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

সম্পূরক পরীক্ষার্থীদের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ এর সুযোগের বিষয়ে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী এর আগে বলেন, ‘আমরা যেটা করতে পারি, সেটা হচ্ছে ওদের রেজাল্টের পরে ভর্তি আবেদন নেওয়া শুরু করতে পারি। এটা মনে হয় আমরা সেদিকেই হয়তো যাব।’

এদিকে জিএসটি গুচ্ছের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী বছরের ১৯, ২০ ও ২৭ মার্চ। সূচি অনুযায়ী, ১৯ মার্চ ‘বি’ ইউনিটের (মানবিক), ২০ মার্চ ‘সি’ ও ‘ডি’ ইউনিটের এবং ২৭ মার্চ ‘এ’ ইউনিটের (বিজ্ঞান) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা এ গুচ্ছের ভর্তি পরীক্ষায় আবেদন করতে পারবেন কি না, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হয়নি। এ ক্ষেত্রে আবেদন শুরুর সময় ও আবেদনের যোগ্যতার শর্ত কী নির্ধারণ করা হয়, তার ওপর নির্ভর করবে সম্পূরক পরীক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ।

মেডিক্যাল ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন না সম্পূরক পরীক্ষার্থীরা


বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি মেডিক্যাল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষায়ও অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন না সম্পূরক পরীক্ষার্থীরা। ২০২৬-২৭ শিক্ষাবর্ষে সরকারি-বেসরকারি মেডিক্যাল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা আগামী ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা। অথচ সম্পূরক পরীক্ষার ফল প্রকাশ করা হবে ২৩ ডিসেম্বর। অর্থাৎ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পাঁচ দিন পর সম্পূরক পরীক্ষার ফল প্রকাশিত হবে। ফলে এবার সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ হলেও মেডিক্যাল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন না এসব শিক্ষার্থী।

সরকার দ্বিতীয়বার এইচএসসি পাসের সুযোগ দিলেও ভর্তি পরীক্ষার সময়সূচির সঙ্গে সমন্বয় না থাকায় চিকিৎসাশাস্ত্রে উচ্চশিক্ষা গ্রহণের স্বপ্ন দেখা শিক্ষার্থীরা সেই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। এতে সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের একটি বড় অংশের জন্য চলতি শিক্ষাবর্ষে মেডিক্যালে ভর্তির পথ বন্ধ হয়ে যাচ্ছে।

সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান শিক্ষাবিদদের

শিক্ষার্থীদের এই অনিশ্চয়তা দূর করতে বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার সময়সূচি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধূরী। তিনি বলেন, ‘সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া উচিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘তারা যেন এটা (সময়সূচি) পুনর্বিবেচনা করে। এতে খুব বেশি অসুবিধাও হয়ে যাবে না।’

রাশেদা কে চৌধূরী বলেন, ‘সম্পূরক পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন, সেই শিক্ষার্থীরাও এ দেশের সন্তান।’ তাদের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিতে অসুবিধা কোথায়, সেই প্রশ্নও তোলেন তিনি। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের জটিলতা এড়াতে এসএসসি, এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য সম্পূরক পরীক্ষার একটি সমন্বিত নীতিমালা প্রণয়নের দাবি জানান।

বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান বলেন, ‘সম্পূরক পরীক্ষার মাধ্যমে দ্বিতীয়বার সুযোগ দেওয়ার মূল উদ্দেশ্য হলো, শিক্ষার্থীদের যেন শিক্ষাজীবনে এক বছর পিছিয়ে পড়তে না হয় এবং তারা যেন শিক্ষাব্যবস্থা থেকে ছিটকে না পড়ে। কিন্তু সম্পূরক পরীক্ষায় পাস করার পরও যদি কোনো শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ না পায় কিংবা তার একটি শিক্ষাবর্ষ নষ্ট হয়, তাহলে সে আবারও একই ঝুঁকিতে পড়বে। এতে তার শিক্ষাব্যবস্থা থেকে ঝরে পড়ার আশঙ্কা থেকে যায়।

/ইউএস/
সম্পর্কিত
সেই কুরিয়ারের ওয়্যারহাউসে হামলা চালিয়ে লুটপাট, দুই গাড়িতে আগুন
মোহাম্মদপুরে ফার্মেসিতে গুলির ঘটনায় ‘চাঁদাবাজি’, নেপথ্যে কারা
‘টাকা দিলি না কেন’ বলেই প্রতিষ্ঠানে ঢুকে গুলি, মুখে ছিল মাস্ক মাথায় ক্যাপ
সর্বশেষ খবর
‘বাংলাদেশের জার্সি গায়ে খেলাটা সবসময়ই স্বপ্ন ছিল’
‘বাংলাদেশের জার্সি গায়ে খেলাটা সবসময়ই স্বপ্ন ছিল’
কোয়ার্টার ফাইনালে ফ্রান্স, নেশন্স লিগে এক ম্যাচও জেতেনি তুরস্ক
কোয়ার্টার ফাইনালে ফ্রান্স, নেশন্স লিগে এক ম্যাচও জেতেনি তুরস্ক
আজ একই থাকবে তাপমাত্রা, বৃষ্টির আভাস আছে?
আজ একই থাকবে তাপমাত্রা, বৃষ্টির আভাস আছে?
ডলার কেনাবেচা নিয়ে নতুন পরামর্শ দিলো বাংলাদেশ ব্যাংক
ডলার কেনাবেচা নিয়ে নতুন পরামর্শ দিলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
সবজি চাষে শীর্ষে জেলাটি, বছরে আয় ২৬৫৫ কোটি
সবজি চাষে শীর্ষে জেলাটি, বছরে আয় ২৬৫৫ কোটি
এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ
এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ
ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, সুদ মাত্র ৯ শতাংশ
ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, সুদ মাত্র ৯ শতাংশ
অফিসের তালা খুললো কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ, ভেঙে ফেলেছে ‌জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বর
অফিসের তালা খুললো কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ, ভেঙে ফেলেছে ‌জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বর