নতুন বছরে সময়মতো পাঠ্যবই হাতে পাবে শিক্ষার্থীরা?

এস এম আব্বাস
২১ নভেম্বর ২০২৬, ০৮:০০ আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ০৮:০০

নতুন শিক্ষাবর্ষ শুরুর আগে ২০২৭ সালের বিনামূল্যের পাঠ্যবই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দিতে কাজ করছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। সংস্থাটির সর্বশেষ হিসাব অনুযায়ী, প্রাথমিক স্তরের ৯৯ শতাংশ এবং মাধ্যমিক স্তরের ৮৫ শতাংশ বই জেলা ও উপজেলা পর্যায়ে পৌঁছেছে। আদিবাসী শিশুদের মাতৃভাষার বইও শতভাগ সরবরাহ করা হয়েছে। তবে মাধ্যমিক স্তরের বাকি ১৫ শতাংশ বই নির্ধারিত সময়ের মধ্যে পৌঁছে দেওয়া নিয়ে চ্যালেঞ্জ রয়েছে। আগামী ৩০ নভেম্বরের মধ্যে দেশের সব উপজেলায় বই পৌঁছে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে এনসিটিবি।

২০২৫ শিক্ষাবর্ষে সব বই সরবরাহ করতে প্রায় তিন মাস সময় লেগেছিল। চলতি শিক্ষাবর্ষে শতভাগ বই সরবরাহ শেষ হয় ৭ ফেব্রুয়ারি। এবার আগেভাগে বই পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করছে সংস্থাটি।

এনসিটিবির সদস্য (পাঠ্যপুস্তক) অধ্যাপক মোহাম্মদ আবু নাসের টুকু বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আগের বছরের তুলনায় এবার পাঠ্যবই ছাপা ও বিতরণের অগ্রগতি অনেক ভালো। শুধু ভালো বললে ভুল হবে, অগ্রগতি নাটকীয়ভাবে ভালো হয়েছে। সর্বশেষ হিসাব অনুযায়ী, প্রাথমিক স্তরের ৯৯ শতাংশ এবং মাধ্যমিক স্তরের ৮৫ শতাংশ বই জেলা ও উপজেলা পর্যায়ে পৌঁছে গেছে। আদিবাসী শিশুদের বইও শতভাগ মাঠপর্যায়ে চলে গেছে।’

মাধ্যমিক স্তরের বাকি ১৫ শতাংশ বই নির্ধারিত সময়ের মধ্যে পৌঁছানো সম্ভব হবে কি না, জানতে চাইলে অধ্যাপক আবু নাসের টুকু বলেন, ‘৩০ নভেম্বরের মধ্যে বাকি বই পৌঁছে দেওয়া প্রায় সম্ভব হয়ে যাবে।’

১৫ দিনে মাধ্যমিকে সরবরাহ বেড়েছে ২১ দশমিক ৮২ শতাংশ পয়েন্ট

এনসিটিবির হিসাব অনুযায়ী, গত কয়েক সপ্তাহে বই সরবরাহের অগ্রগতি বেড়েছে। বাংলা ট্রিবিউনের আগের প্রতিবেদন অনুযায়ী, গত ৫ নভেম্বর প্রাথমিক স্তরের ৯৬ শতাংশ এবং মাধ্যমিক স্তরের ৬৩ দশমিক ১৮ শতাংশ বই উপজেলা পর্যায়ে পৌঁছেছিল। ১৮ নভেম্বর পর্যন্ত মাধ্যমিক স্তরে সরবরাহের হার বেড়ে দাঁড়ায় ৭৭ শতাংশে। সর্বশেষ ২০ নভেম্বর অধ্যাপক আবু নাসের টুকু জানিয়েছেন, মাধ্যমিকের ৮৫ শতাংশ বই পৌঁছে গেছে।

অর্থাৎ, ৫ নভেম্বরের তুলনায় ১৫ দিনের ব্যবধানে মাধ্যমিক স্তরে বই সরবরাহ বেড়েছে ২১ দশমিক ৮২ শতাংশ পয়েন্ট। একই সময়ে প্রাথমিক স্তরে অগ্রগতি বেড়েছে ৩ শতাংশ পয়েন্ট।

প্রাথমিকের বই মুদ্রণ ও বাঁধাই প্রায় শেষ

এনসিটিবির ১৬ নভেম্বরের উৎপাদন ও সরবরাহসংক্রান্ত হিসাব অনুযায়ী, ২০২৭ শিক্ষাবর্ষে প্রাক-প্রাথমিক, প্রাথমিক, ইবতেদায়ি ও মাধ্যমিক স্তরের জন্য বিপুলসংখ্যক বই ছাপানো হচ্ছে। এর মধ্যে প্রাক-প্রাথমিক স্তরে ৫৭ লাখ ৩০ হাজার ৬৪০টি, প্রথম থেকে পঞ্চম শ্রেণির প্রাথমিক স্তরে ৭ কোটি ৬০ লাখ ৯৭ হাজার ৯৬টি, ইবতেদায়ি স্তরে ৪ কোটি ১৬ লাখ ৩৯ হাজার ৫৭৪টি এবং ষষ্ঠ থেকে দশম শ্রেণির মাধ্যমিক স্তরে ১৭ কোটি ৯৫ লাখ ৪৩ হাজার ১৮টি বই ছাপানো হচ্ছে। দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ছাপানো হচ্ছে ৯ হাজার ৪ কপি ব্রেইল বই।

১৬ নভেম্বরের হিসাব অনুযায়ী, প্রাক-প্রাথমিক স্তরের বই মুদ্রণ, বাঁধাই ও প্রি-ডেলিভারি ইন্সপেকশন (পিডিআই) কার্যক্রম শতভাগ সম্পন্ন হয়েছে। প্রাথমিক স্তরে বই মুদ্রণের জন্য প্রয়োজনীয় ফর্মের ৯৮ দশমিক ৬৩ শতাংশ ছাপা হয়েছে। বাঁধাই শেষ হয়েছে ৯৮ দশমিক ৪৬ শতাংশ বইয়ের। পিডিআই সম্পন্ন হয়েছে ৯৭ দশমিক ২৮ শতাংশ বইয়ের।

মাদ্রাসার ইবতেদায়ি স্তরে বই মুদ্রণের জন্য প্রয়োজনীয় ফর্মের ৯৬ দশমিক ৯১ শতাংশ ছাপা হয়েছে। বাঁধাই সম্পন্ন হয়েছে ৯৩ দশমিক ৬৭ শতাংশ এবং পিডিআই হয়েছে ৯২ দশমিক ৩৪ শতাংশ বইয়ের। সবচেয়ে বেশি বই ছাপানো হচ্ছে মাধ্যমিক স্তরে। ষষ্ঠ থেকে দশম শ্রেণির জন্য নির্ধারিত বইয়ের মধ্যে ১৬ নভেম্বর পর্যন্ত মুদ্রণের প্রয়োজনীয় ফর্ম ছাপা হয়েছিল ৮২ দশমিক ৩৭ শতাংশ। বাঁধাই সম্পন্ন হয়েছিল ৮০ দশমিক ২১ শতাংশ বইয়ের। পিডিআই শেষ হয়েছিল ৭৭ দশমিক ১২ শতাংশ বইয়ের।

পরে ১৯ নভেম্বরের এনসিটিবির সারসংক্ষেপে প্রাথমিক স্তরের ৯৭ দশমিক ২৮ শতাংশ এবং মাধ্যমিক স্তরের ৮০ দশমিক ১১ শতাংশ বইয়ের পিডিআই সম্পন্ন হওয়ার তথ্য পাওয়া যায়। তবে পিডিআইয়ের হারকে উপজেলা পর্যায়ে বই পৌঁছানোর হার হিসেবে বিবেচনার সুযোগ নেই। পিডিআই হলো সরবরাহের আগে বইয়ের মান যাচাইয়ের একটি ধাপ। ফলে মুদ্রণ, বাঁধাই, মান যাচাই এবং মাঠপর্যায়ে সরবরাহের অগ্রগতি আলাদাভাবে বিবেচনা করতে হবে।

১১৬ প্রেসের মধ্যে ৬০টির কাজ শেষ

এনসিটিবির মোট ১১৬টি মুদ্রণ প্রতিষ্ঠানের মধ্যে ৬০টির কাজ শতভাগ শেষ হয়েছে বলে জানিয়েছেন অধ্যাপক আবু নাসের টুকু। বাকি ৫৬টি প্রতিষ্ঠানের কাজ শেষ হওয়ার অপেক্ষায় রয়েছে। 

এবারের বইয়ের মান নিয়েও সন্তোষ প্রকাশ করেন এনসিটিবির এই সদস্য। তিনি বলেন, ‘গত ১০ বছরের তুলনায় এবার পাঠ্যবইয়ের মান ভালো হয়েছে। কেউ চাইলে সরেজমিনে বইয়ের মান দেখতে পারবেন।’

তবে ছাপার কাজে কিছু সমস্যা ও অনিয়মের কথা স্বীকার করেছেন তিনি। অধ্যাপক টুকু বলেন, ‘কিছু সমস্যা হচ্ছে। সংশ্লিষ্ট ছাপাখানাগুলোকে শোকজ করা হচ্ছে।’

চারটি নতুন বই ছাপানোর উদ্যোগ

প্রধানমন্ত্রীর অগ্রাধিকারভিত্তিক চারটি বই নতুন করে ছাপানোর উদ্যোগ নিয়েছে এনসিটিবি। বইগুলো হলো চতুর্থ শ্রেণির ‘খেলাধুলা’ ও ‘বাংলাদেশের সংস্কৃতি’ এবং ষষ্ঠ শ্রেণির ‘আনন্দময় শিক্ষা’ ও ‘আমার কারিগরি শিক্ষা’।

অধ্যাপক টুকু বলেন, ‘এই চারটি বই ছাপানোর জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। ইনশাআল্লাহ, ১৫ ডিসেম্বরের মধ্যে শতভাগ কাজ শেষ হয়ে যাবে।’

৩০ নভেম্বরের লক্ষ্য নিয়ে অনিশ্চয়তা

আগামী ৩০ নভেম্বরের মধ্যে দেশের সব উপজেলায় পাঠ্যবই পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে এনসিটিবি। তবে মাধ্যমিক স্তরে এখনো ১৫ শতাংশ বই পৌঁছানো বাকি। অধ্যাপক টুকুর দাবি, নির্ধারিত সময়ের মধ্যে বাকি বই পৌঁছে দেওয়া প্রায় সম্ভব হবে।

এর আগে এনসিটিবির পক্ষ থেকে ৩০ নভেম্বরের মধ্যে ৯৮ শতাংশ বই মাঠপর্যায়ে পৌঁছানোর এবং অবশিষ্ট ২ শতাংশ ১০ ডিসেম্বরের মধ্যে সরবরাহের কথা জানানো হয়েছিল। ফলে ৩০ নভেম্বরের মধ্যে শতভাগ বই পৌঁছানোর লক্ষ্য এবং আগের সরবরাহ-সময়সূচি নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

বিশেষ করে মাধ্যমিক স্তরের বই সরবরাহ, মুদ্রণ ও বাঁধাইয়ের বাকি কাজ নির্ধারিত সময়ে শেষ করাই এখন বড় চ্যালেঞ্জ।

মান নিয়ন্ত্রণে ৫৩টি মনিটরিং দল, বাতিল সাড়ে ৯ লাখ ফর্মা

বই সরবরাহের পাশাপাশি গুণগত মান নিশ্চিত করতে নজরদারি জোরদার করেছে এনসিটিবি। নিম্নমানের কাগজ ও মুদ্রণের কারণে ত্রুটিপূর্ণ বই শিক্ষার্থীদের হাতে পৌঁছানো ঠেকাতে এনসিটিবি ও শিক্ষা মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে ৫৩টি মনিটরিং দল কাজ করছে।

মানদণ্ড পূরণ না করায় বিভিন্ন ছাপাখানার প্রায় সাড়ে ৯ লাখ নিম্নমানের ফর্মা এবং ১২ হাজারের মতো বই বাতিল করা হয়েছে। ধীরগতিতে কাজ করা ৩২টি মুদ্রণপ্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার তথ্যও জানিয়েছে এনসিটিবি।

৩৮ লাখ আইসিটি বই সংশোধন

ষষ্ঠ শ্রেণির তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বইয়ের একটি চিত্রে ব্যবহৃত ‘জ্ঞানের পিরামিড’-এর প্রতীক নিয়ে বিতর্ক তৈরি হওয়ায় প্রায় ৩৮ লাখ কপি বই সংশোধনের উদ্যোগ নিয়েছে এনসিটিবি।

এর মধ্যে প্রায় ১৭ লাখ কপি ইতোমধ্যে জেলা ও উপজেলা পর্যায়ে পাঠানো হয়েছিল। সেগুলো ফিরিয়ে এনে সংশোধনের পর আবার সরবরাহ করা হবে। ছাপাখানায় থাকা আরও ২১ লাখ বইয়ের সংশ্লিষ্ট পৃষ্ঠা বা ফর্মা পরিবর্তন করে পুনর্মুদ্রণ ও বাঁধাই করা হবে।

এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ফখরুল মওলা এর আগে বাসসকে জানিয়েছিলেন, ৩০ নভেম্বরের মধ্যে সংশোধিত বইগুলো উপজেলা পর্যায়ে পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। এ কাজে সরকারের অতিরিক্ত অর্থ ব্যয় হবে না। সংশ্লিষ্ট ছাপাখানার মালিকরা সংশোধন ও পুনর্মুদ্রণের খরচ বহন করবেন।

সব মিলিয়ে প্রাথমিক স্তরের বই সরবরাহ প্রায় শেষ পর্যায়ে। মাধ্যমিক স্তরেও সরবরাহের অগ্রগতি বেড়েছে। তবে নতুন শিক্ষাবর্ষের শুরুতে শিক্ষার্থীদের হাতে সব বই তুলে দিতে হলে মাধ্যমিক স্তরের বাকি বই সরবরাহ, চারটি নতুন বই ছাপানো এবং সংশোধিত আইসিটি বই পুনরায় মাঠপর্যায়ে পাঠানোর কাজ নির্ধারিত সময়ে শেষ করতে হবে।

/ইউএস/
সম্পর্কিত
প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিরাপত্তাকর্মী ও পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ দেবে সরকার
প্রাথমিকের ১৫৫৪ পদে নিয়োগ দাবি, আমরণ অনশনের হুঁশিয়ারি
প্রাথমিক শিক্ষার পাশাপাশি দক্ষতা উন্নয়নে সহযোগিতা বাড়াতে চায় এডিবি
সর্বশেষ খবর
ইউনাইটেডে পচেত্তিনোর প্রথম অনুশীলন ঘিরে ড্রোন-কাণ্ড!
ইউনাইটেডে পচেত্তিনোর প্রথম অনুশীলন ঘিরে ড্রোন-কাণ্ড!
শরীর-চেহারা নিয়ে কটাক্ষ, ট্রলদের কড়া জবাব ফ্লোরেন্স পিউর
শরীর-চেহারা নিয়ে কটাক্ষ, ট্রলদের কড়া জবাব ফ্লোরেন্স পিউর
ঢাকার আকাশ মেঘাচ্ছন্ন, বজ্রবৃষ্টির আভাস
ঢাকার আকাশ মেঘাচ্ছন্ন, বজ্রবৃষ্টির আভাস
কোথায় গিয়ে দাঁড়াবে দেশের পোশাক খাত
কোথায় গিয়ে দাঁড়াবে দেশের পোশাক খাত
সর্বাধিক পঠিত
পদত্যাগ করলেন গোপালগঞ্জ জামায়াতের এক নেতা, বললেন ‘আমার পক্ষে সম্ভব নয়’
পদত্যাগ করলেন গোপালগঞ্জ জামায়াতের এক নেতা, বললেন ‘আমার পক্ষে সম্ভব নয়’
মজুরি বাড়ানোর প্রস্তাবে বিজিএমইএর ৬ আপত্তি, সামনে আনলো ২৮৭ কারখানা বন্ধের তথ্য
মজুরি বাড়ানোর প্রস্তাবে বিজিএমইএর ৬ আপত্তি, সামনে আনলো ২৮৭ কারখানা বন্ধের তথ্য
ঐতিহাসিক রায়ের পর রোহিঙ্গা ক্যাম্পে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
ঐতিহাসিক রায়ের পর রোহিঙ্গা ক্যাম্পে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
দেশে এলে শেখ হাসিনার জন্য দুটি জায়গা প্রস্তুত: হাবিব উন নবী খান
দেশে এলে শেখ হাসিনার জন্য দুটি জায়গা প্রস্তুত: হাবিব উন নবী খান
গোপালগঞ্জে থানা পুড়িয়ে দেওয়া নিয়ে যা বললেন আইজিপি
গোপালগঞ্জে থানা পুড়িয়ে দেওয়া নিয়ে যা বললেন আইজিপি