ভিন্নমত দমনের সংস্কৃতি গণতান্ত্রিক সহিষ্ণুতার পরিপন্থি বলে মন্তব্য করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। শনিবার (২৮ নভেম্বর) এক বিবৃতিতে এ মন্তব্য করে শিক্ষকদের সংগঠনটি।
বিবৃতিতে বলা হয়, বিচার, মীমাংসা ও গণতান্ত্রিক সহিষ্ণুতা—এই তিনটি দ্বন্দ্বের সমন্বয় সাধন বাংলাদেশ রাষ্ট্রের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। গণতান্ত্রিক সহিষ্ণুতা প্রতিষ্ঠার জন্য একদিকে জুলাই হত্যাকাণ্ডের প্রকৃত অপরাধী ব্যক্তিদের বিচার ও সাজা দ্রুততম সময়ে নিশ্চিত করা প্রয়োজন। অন্যদিকে, বিবদমান সব পক্ষের মধ্যে রাজনৈতিক মীমাংসাও (রিকনসিলিয়েশন) অতি দ্রুত সম্পন্ন করা জরুরি। নইলে বাংলাদেশের জাতীয় রাজনীতিতে এখন যা চলছে, তা রাষ্ট্রের জন্য এক নিরন্তর ঝুঁকির কারণ হয়ে উঠবে।
এতে আরও বলা হয়, একদিকে নির্বাহী আদেশে একটি বড় রাজনৈতিক বর্গকে নিষিদ্ধ করে রাখা, গণহারে মামলা ও গ্রেফতার-বাণিজ্য, তার ভোটব্যাংক ব্যবহারের স্বার্থ এবং জুলাই সনদ অনুযায়ী সংবিধান সংশোধনের পরিক্রমা থেকে বিচ্যুত হয়ে শুধু একটি দলকে চিরতরে নিষিদ্ধের জন্য সংবিধান সংশোধন করতে চাওয়ার হুমকি—এগুলোর ঝুঁকিপূর্ণ বাস্তবতা আমাদের ভাবিত করেছে। অন্যদিকে, জুলাই ও পূর্ববর্তী অপরাধের জন্য ক্ষমা চাওয়ার পরিবর্তে নিষিদ্ধ থাকার সুযোগ নিয়ে প্রথাগত ও চিরাচরিত সন্ত্রাসবাদের পথ গ্রহণের আওয়ামীপন্থাও আমাদের সংক্ষুব্ধ করেছে।
বিবৃতিতে বলা হয়, দেশে যখন গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার আছে, তখন সেই সরকারের সর্বোচ্চ দায় আছে রাষ্ট্র ও জনগণকে এমন সীমাহীন সংঘাত থেকে রক্ষা করার। সেই সংঘাত এড়ানোর একমাত্র পথ গণতান্ত্রিক সহিষ্ণুতা। অথচ আমরা অত্যন্ত মর্মাহত হয়ে লক্ষ করছি যে, জুলাই-পরবর্তী প্রথম নির্বাচিত সরকারের আমলেও গণতান্ত্রিক সহিষ্ণুতার পথে আমরা প্রবেশ করতে পারিনি। দেখতে পাচ্ছি, নাগরিকদের ব্যক্তিগত রাজনৈতিক মত প্রকাশের বিরুদ্ধে টানা নানাভাবে নিপীড়ন চলছে। আমরা মনে করি, সন্ত্রাসী কর্মকাণ্ডে ইন্ধন না দিলে বা অংশগ্রহণ না করলে, যেকোনও ধরনের রাজনৈতিক মতামত প্রকাশের অধিকার সবারই রয়েছে। কিন্তু, বেদনার বিষয় হলো, বাংলাদেশে আবারও আওয়ামী-আমলের মতো ট্যাগিংয়ের রাজনীতির প্রত্যাবর্তন ঘটেছে।
বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক জানায়, বিগত অন্তর্বর্তী সরকারের আমল থেকেই নতুনভাবে ট্যাগিংয়ের রাজনীতি শুরু হয়। বহু বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের আওয়ামী-ট্যাগ দিয়ে মব করে লাঞ্ছিত করা হয়েছে, তালিকা করা হয়েছে, ক্লাস-পরীক্ষার কার্যক্রমে অবাঞ্ছিত করা হয়েছে। জাত-ধর্ম-বর্ণ-লিঙ্গ নির্বিশেষে ভিন্ন মতাবলম্বীদের ওপর মব আক্রমণ চালানো হয়েছে। গণমাধ্যম ও সাংস্কৃতিক সংগঠনের কার্যালয় আগুন-সন্ত্রাস চালানো হয়েছে। বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক বরাবরই এসব কার্যক্রমের প্রতিবাদ জানিয়েছে। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে আবারও আক্রমণ ও আগুন-সন্ত্রাস ফিরে এসেছে। একদিকে আওয়ামী-সন্ত্রাসের দৌরাত্ম্য, অগ্নিসংযোগ; আরেক দিকে বিপরীত রাজনৈতিক শক্তিগুলোর ক্ষমতাকেন্দ্রিক পেশিশক্তি ও ঘরবাড়িতে আগুন লাগানো—এগুলোই যেন বাংলাদেশের চরম রাজনৈতিক বাস্তবতা! এসবের ক্রিয়া-প্রতিক্রিয়া হিসেবে আশংকাজনকভাবে নানা শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীদের বিরুদ্ধে সংঘবদ্ধ হামলা, হয়রানি, সাইবার বুলিং ও দায়িত্ব থেকে অপসারণের ঘটনাও ঘটছে সমানতালে।
এতে বলা হয়, সম্প্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাদের বিরুদ্ধে এমন নিন্দাজনক আক্রমণ হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেজওয়ানা করিম স্নিগ্ধার বিভিন্ন টক-শোর বক্তব্যকে খণ্ডিত করে তাকে, তার পরিবার ও সন্তানদের সাইবার বুলিং, একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক আলোচনা থেকে বাদ দেওয়া কিংবা ক্রিয়াশীল কয়েকটি ছাত্র সংগঠনের চাপে জাবিতে পালনরত দায়িত্ব থেকে অপসারণ করা হয়েছে। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নীল দলের সদস্যদের নামের তালিকা করা হয়েছে। মাত্র কিছুদিন আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনিছা পারভীন জলিকে নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ে তাঁর দায়িত্ব পালনের সূত্রে সাইবার স্পেসে আক্রমণ করা হয়েছে। আর প্রায় ‘সর্বপক্ষীয় ঐক্য’ হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে অধ্যাপক আনু মুহাম্মদ ও অধ্যাপক সামিনা লুৎফাকে আক্রমণ এবং অবৈধকরণ ও অপ্রাসঙ্গিককরণ প্রক্রিয়া যেন এক নৈমিত্তিক সংস্কৃতিতে পরিণত হয়েছে!
বিবৃতিতে আরও বলা হয়, এছাড়া, নিয়মিতই সাইবার আক্রমণের শিকার হচ্ছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকবৃন্দ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের গীতি আর নাসরীন, কামরুল হাসান মামুন, তানজীমউদ্দীন খান, কাজলী শেহরীন ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আ-আল মামুন প্রমুখ। বলা বাহুল্য, এ তালিকা আরও দীর্ঘ। আমরা অধ্যাপক রেজওয়ানা করিম স্নিগ্ধাসহ বিবৃতিতে উল্লিখিত-অনুল্লিখিত সকল মত-পথের শিক্ষক ও নাগরিকের প্রতি যেকোনো ধরনের সাইবার আক্রমণ, হেনস্থা, লাঞ্ছনা, মববাজি এবং সর্বোপরি, প্রতিষ্ঠানগুলোর তরফ থেকে তাঁদের অনেকের প্রতি হওয়া অগণতান্ত্রিক আচরণের নিন্দা ও প্রতিবাদ জানাই।
এতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক মনে করে, বাংলাদেশ রাষ্ট্র ও তার জনগণকে অনাগত সংঘাত থেকে রক্ষার জন্য চলমান দ্বন্দ্বগুলো নিরসন করা অত্যন্ত প্রয়োজন। সে জন্য, শিক্ষাঙ্গন ও জাতীয় ক্ষেত্রে অতিদ্রুত একটি সহিষ্ণু গণতান্ত্রিক পরিসর নিশ্চিত করা বর্তমান সরকারের আবশ্যিক কর্তব্য। আমরা মনে করি, দ্বন্দ্ব-সংঘাত-মামলা-হামলা-ট্যাগিং-অপসারণের এই কদর্য রাজনীতি কোনও রাষ্ট্রের একক ও অনন্ত পথ হতে পারে না। বরং, অনতিবিলম্বে জুলাই-কেন্দ্রিক ঘটনাবলীর বিচার, মীমাংসা এবং গণতান্ত্রিক সহিষ্ণুতার পথনকশা বাস্তবায়নই পারে বাংলাদেশ রাষ্ট্রকে সর্বজনীনভাবে শান্ত করতে। আমরা শান্তি চাই, সংঘর্ষ ও সহিংসতা নয়। আমরা চাই, সকল মত-পথের সমন্বয়ে রাষ্ট্র হিসেবে বাংলাদেশে প্রকৃত গণতান্ত্রিক পরিবেশের পরিপূর্ণ বিকাশ।