জীবনের প্রতি বিতৃষ্ণা চলে আসায় আর বেঁচে থাকতে চায় না এক সময়ের পতিতা রাণী। নিজের কবরের জমি কেনার জন্য একটি কোম্পানির সেলসম্যানের দারস্থ হন তিনি।
একই সেলসম্যান ওই স্থানে রায়হান সাহেবের পরিবারের জন্য জমি কেনার বায়না করেন। কিন্তু যখন জানতে পারেন রাণী সেখানে জমি কিনছেন তখন কোম্পানিকে আপত্তি জানান রায়হান সাহেব। কারণ তিনি রাণীকে চেনেন। নিজের স্ত্রী থাকা সত্ত্বেও দীর্ঘদিন যাবৎ এই রাণীকেই নিজের বনিতা হিসেবে রেখেছেন তিনি।
এমন গল্প নিয়ে এগিয়ে যায় টেলিফিল্ম ‘ডার্লিং’। শাহীন স্বাধীনের রচনা ও পরিচালনায় এতে পতিতা রাণীর চরিত্রে অভিনয় করেছেন রিচি সোলায়মান। এছাড়া রয়েছেন সিয়াম, তারিক আনাম খান, সাবেরী আলম প্রমুখ।
২৬ মে, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে টেলিফিল্মটি।
/এমএম/




