গত সপ্তাহের শুরুতে পেশিবহুল শরীরের ছবি প্রকাশ করে ভক্তদের চমকে দিয়েছিলেন বলিউড তারকা আমির খান। ‘দাঙ্গাল’-এর জন্য প্রথমে নিজেকে মেদবহুল মানুষে পরিণত করার পর এবার পেটা শরীরের আমির খানকে দেখা যাচ্ছে। যা নজর কাড়ে অনেকেরই। সেই আমির জানালেন ‘আন্দাজ আপনা আপনা’ ছবির সহ-অভিনেতা সালমান খানই হচ্ছেন বলিউডের সত্যিকারের বডি বিল্ডার।
আমির খানকে সালমানের সঙ্গে তুলনা সম্পর্কে জানতে চাওয়া হয়েছিল। জবাবে আমির বলেন, ‘আমি সালমান খানের সব সময় ভক্ত ছিলাম। তারর শরীরের প্রশংসা সব সময় করেছি।’
আমির আরও বলেন, ‘পুরো বলিউডে সত্যিকার অর্থে যদি কেউ বডি বিল্ডিংয়ে জড়িত থাকেন, তিনি হচ্ছেন সালমান। আমি মনে করি না, সালমানের শরীরের মতো আমার শরীর। আমি তার (সালমান) কাছাকাছি যাওয়ার চেষ্টা করছি। বলিউডে তিনিই সত্যিকার বডি বিল্ডার।’
৫১ বছরের আমির জানান, ‘দাঙ্গাল’ ও ‘সুলতান’-এর কাহিনিতে কোনও মিল নেই। দুই ছবির গল্প সম্পূর্ণ আলাদা।
আমির আরও বলেন, ‘‘সুলতান’ দেখার জন্য আমি মুখিয়ে আছি। কারণ সালমানের সব ছবি দেখাতেই আনন্দ। সালমানের ছবিগুলো আমরা খুব উপভোগ করি। কুস্তি আমাদের দুজনের ছবিতে বিষয় হলেও কাহিনিতে ভিন্নতা রয়েছে। ‘সুলতান’ এর টিজার এবং গানগুলো পছন্দ হয়েছে। কাকতালীয়ভাবে গানগুলোর শুটিং হয়েছে পাঞ্জাবে।’’
‘দাঙ্গাল’ সম্পর্কে আমির বলেন, ছবিটি কুস্তিকেও ছাড়িয়ে গেছে। এর অন্যতম বিষয় কুস্তি হলেও পুরো ছবিটি তা ছাড়িয়ে গেছে নিতেশ তিওয়ারির চিত্রনাট্যে।
আমির জানান, পুরো ছবিটি আবেগে ভরা। একই সঙ্গে সমাজ সম্পর্কিত ও উপভোগ্য হবে ছবিটি। এ ধরনের কাহিনি পাওয়া খুব কঠিন। চিত্রনাট্য শুনে হাসতে হাসতে কেঁদেছিলেন তিনি। বলেন, ‘রাজু হিরানি (রাজকুমার হিরানি) গম্ভীর বিষয়কে মজার ছলে বলে থাকেন। নিতেশও একই পদ্ধতি নিয়েছেন।’
কুস্তিগীর মহাবির সিংহ ফোগাত এর জীবনী নিয়ে নির্মিত হচ্ছে ‘দাঙ্গাল’। নিজের মেয়ে গীতা ফোগাত ও ববিতা কুমারিকে পেশাদার কুস্তিগীর হিসেবে তৈরি করতে বিভিন্ন বাধা উপেক্ষা করে এগিয়ে যেতে হয় মহাবীরকে। চলতি বছরের ২৩ ডিসেম্বর ছবিটি মুক্তি পাবে।
সূত্র: এনডিটিভি।
/এএ/এমএম/




