পুরান ঢাকায় নতুন এসেছেন ইমন। বন্ধুর সঙ্গে হোলিতে (রঙের খেলা) যায় সে মজা করতে। সেখানে গিয়ে পরিচয় হয় তিশার সঙ্গে। রঙ মাখার অনুষ্ঠানে পরিচয়ের মাধ্যমে তাদের সম্পর্কটাও রঙিন হয়ে ওঠে। এ রং প্রেমের, ঘটনাটি নাটকের।
জাকারিয়া সৌখিনের রচনা ও পরিচালনায় ‘পবিত্র প্রেম’ নাটকে এভাবেই পরিচয় হয় অভিনয়শিল্পী ইমন-তিশার। পুরান ঢাকার অলিতে-গলিতে বেশ জাঁকজমকভাবে নাটকটি নির্মিত হয়েছে। ঈদ উৎসবকেন্দ্রীক নাটক হওয়ায় নাটকে উৎসবের নানা উপলক্ষ তৈরি করা হয়েছে। নাটকটি ঈদের পঞ্চমদিন এনটিভিতে প্রচার হবে। এতে আরও অভিনয় করেছেন দিলারা জামান, আনন্দ খালেদ প্রমুখ।
নাটক প্রসঙ্গে তিশা বলেন, ‘গল্পটি উৎসব কেন্দ্রীক। বেশ কালারফুল। ঈদ যেহেতু একটি উৎসব, দর্শক বেশ আনন্দ পাবে বলেই আমার বিশ্বাস। আর এ নাটকে পুরান ঢাকাকে নতুনভাবে দেখবেন দর্শক।’
ইমন বলেন, ‘বলা যায় এটা সিনেম্যাটিক গল্পের একটি নাটক। গল্পের পরতে পরতে রয়েছে রোমান্স। আর রোমান্সের ধরনগুলোও অন্যরকম। সবার ভালো লাগার মতো।’
নাটক প্রসঙ্গে নির্মাতা জাকারিয়া সৌখিন বলেন, ‘আসলে উৎসব-পার্বণে একটু ভিন্নধর্মী নাটক হলে দর্শকের আনন্দ বেড়ে যায়। আমি সেই চেষ্টাটাই করেছি। আর পুরো নাটকের মোড়কে রয়েছে ভিন্নধর্মী বিভিন্ন উপাদান। হোলি, কাওয়ালি গান, ঘুড়ি উৎসব, বিয়ের আয়োজনসহ আরও অনেক কিছু। সবমিলিয়ে দর্শকদের জন্য একটি জাঁকজমকপূর্ণ নাটক উপহার দেওয়ার চেষ্টা করেছি।’
/এমএম/




