২০২০ সালের ২৮ নভেম্বর থেকে দীপ্ত টিভির পর্দায় প্রচারিত হচ্ছে প্রতিদিনের ধারাবাহিক নাটক ‘মাশরাফি জুনিয়র’। ‘সব বাধা ডিঙিয়ে এক অসম্ভব স্বপ্নছোঁয়ার গল্প’ নিয়ে প্রচারিত হওয়া এই মেগাসিরিয়াল এখন বাচ্চা থেকে বয়স্ক সবার কাছে সমান জনপ্রিয়।
সেই দর্শকদের সঙ্গে নিয়ে এ কাজটি এখন ২০০তম পর্বের দ্বারপ্রান্তে। এটি আজ (২ আগস্ট) দেখানো হবে রাত ৮টা ৩০ মিনিটে দীপ্ত টিভিতে।
নাটকটি শুরু হয়েছিল মণি আর মন্ডা নামের দুই ভাইবোনের ভালোবাসার গল্প দিয়ে। ক্রিকেটপাগল মন্ডার খেলা দেখে মণির মাঝেও জন্মেছিল ক্রিকেট আর ক্রিকেটার মাশরাফির জন্য আবেগ ও ভালোবাসা। তবে গ্রামের চেয়ারম্যানের সঙ্গে দ্বন্দ্বে ন্যায়ের পথে থাকতে গিয়ে হারিয়ে যেতে হয় মন্ডাকে। ভাইকে খুঁজতে শহরে এসে সাদিক খানের বাড়িতে মণি পায় বন্ধু আয়ান আর মমতাময়ী মা রুনার দেখা। মেয়ে হয়েও ছেলের বেশ ধরে মণি ক্রিকেট খেলে সুনাম কুড়ায় ‘মাশরাফি জুনিয়র’ নামে। অনেক চড়াই-উৎরাই পেরিয়ে ভাইকে খুঁজে পেলেও মণি দেখে স্মৃতি হারিয়ে সে আজ ‘মানিক’। সে কি ভাইকে আগের মতো ফিরে পাবে? ক্রিকেট নিয়ে যে স্বপ্নের শুরু হয়েছে তার, সেটা কি পূরণ হবে? এমনও অনেক প্রশ্নের জবাব পাওয়া যাবে নাটকের সামনের পর্বগুলোতে।
আহমেদ খান হীরকের গল্পে ‘মাশরাফি জুনিয়র’র চিত্রনাট্য করেছেন আসফিদুল হক। সংলাপ লিখেছেন মো. মারুফ হাসান। সাজ্জাদ সুমনের পরিচালনায় এই ধারাবাহিকটির লাইন প্রডিউসার হিসেবে আছেন কিশোর খন্দকার।
সাজ্জাদ সুমন বলেন, ‘এমন কাজ আমাদের এখানে আগে হয়নি। ফলে বেশ চ্যালেঞ্জিং এটা। বাচ্চাদের দিয়ে অভিনয় করানো, সেটাও কঠিন। এখানে মাশরাফি নামের অনুপ্রেরণাটা তো থাকছেই। এতে শিশুরাও ক্রিকেটার হওয়ার ভালো এক আত্মবিশ্বাস পাবে বলেই আমার বিশ্বাস।’
নাটকটিতে অভিনয় করেছেন সাফানা নমনি, অনিন্দ্য, হামিম, শতাব্দী ওয়াদুদ, গোলাম ফরিদা ছন্দা, ডা. এজাজ, ফজলুর রহমান বাবু, রুনা খান, লুৎফর রহমান জর্জ, আইরিন আফরোজ, মাইমুনা ফেরদৌস মমসহ অনেকে।
টিভিতে প্রচারের পরপরই নাটকটি দেখা যাচ্ছে দীপ্তর ইউটিউব চ্যানেলে।








