এক অস্কারে তিন নারী সঞ্চালক

বিনোদন ডেস্ক
১৬ ফেব্রুয়ারি ২০২২, ০০:৩০আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২২, ০০:৩০

৯৪তম অস্কার সঞ্চালনা করবেন আমেরিকান অভিনেত্রী রেজিনা হল, অ্যামি শুমার এবং ওয়ান্ডা সাইকস। বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে সম্মানজনক এই আয়োজনে এবারই প্রথম একসঙ্গে তিন নারী সঞ্চালক দেখা যাবে। তাদের মধ্যে দুই জন কৃষ্ণাঙ্গ ও একজন শ্বেতাঙ্গ। আগামী ২৭ মার্চ হলিউডের ডলবি থিয়েটারে জমকালো আয়োজনে দেখা যাবে এই ত্রয়ীর হাস্যরসধর্মী সঞ্চালনা। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) তাদের নাম ঘোষণা করেছে অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস কর্তৃপক্ষ। 

অস্কারের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে তিন অভিনেত্রী বলেছেন, ‘কিছুক্ষণের জন্য হলেও দর্শকরা ভালো সময় কাটাতে প্রস্তুত হোক।’

অ্যাকাডেমি কর্তৃপক্ষের ঘোষণার পর এবিসি নেটওয়ার্কের ‘গুড মর্নিং আমেরিকা’ অনুষ্ঠানে হাজির হয়ে এমি জয়ী অ্যামি শুমার রসিকতার সুরে বলেন, ‘জানি না কার কাছে ব্যাপারটা ভালো লেগেছে! কিন্তু আমার ভালো বন্ধু ওয়ান্ডা সাইকস ও রেজিনা হলের সঙ্গে অস্কার সঞ্চালনা করবো আমি।’

অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৯৪তম আসরের প্রযোজক উইল প্যাকার বলেন, ‘চলচ্চিত্রপ্রেমীদের একত্র করবে এবারের আয়োজন। ভিন্ন ধরনের কৌতুকশৈলী দেখানো দৃঢ়চেতা ও হাসিখুশি তিন নারীকে একমঞ্চে আনছি আমরা। রেজিনা, অ্যামি এবং ওয়ান্ডা কাজটা করতে গিয়ে যে মজা পাবেন সেটাই দর্শকদের সামনে ফুটে উঠবে। অনুষ্ঠানে অনেক চমক থাকছে। ঘটতে পারে যেকোনও কিছু!’

উইল প্যাকার প্রযোজিত নারীকেন্দ্রিক ব্যবসাসফল কমেডি চলচ্চিত্র ‘গার্লস ট্রিপ’-এর (২০১৭) অন্যতম অভিনেত্রী রেজিনা হল। যদিও ২০০০ থেকে ২০০৬ সাল পর্যন্ত ভীতি জাগানো ‘স্ক্যারি মুভি’ সিরিজের সুবাদে খ্যাতি পান তিনি। ‘সাপোর্ট দ্য গার্লস’ (২০১৮) ছবির জন্য প্রথম কৃষ্ণাঙ্গ হিসেবে নিউ ইয়র্ক ফিল্ম ক্রিটিকস সার্কেল অ্যাওয়ার্ডে সেরা অভিনেত্রী হন তিনি। গত মাসে সানড্যান্স চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছে ৫১ বছর বয়সী এই তারকার নতুন দুই ছবি ‘মাস্টার’ এবং ‘হঙ্ক ফর জিসাস, সেভ ইউর সৌল’।

রেজিনা হলের মতো আমেরিকান স্ট্যান্ড-আপ কমেডিয়ান ওয়ান্ডা সাইকসও কৃষ্ণাঙ্গ। তিনি নেটফ্লিক্সের ‘দ্য আপশোস’ সিরিজের স্রষ্টা। ১৯৯৯ সালে এইচবিও’র ‘দ্য ক্রিস রক শো’র চিত্রনাট্য লেখার জন্য এমি অ্যাওয়ার্ড জেতেন তিনি। ২০০৯ সালের মে মাসে বার্ষিক হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের নৈশভোজে প্রথম আফ্রিকান-আমেরিকান নারী ও প্রথম আত্মস্বীকৃত এলজিবিটি ব্যক্তি হিসেবে অংশ নেন। ৫৭ বছর বয়সী এই তারকার উল্লেখযোগ্য কাজের তালিকায় আছে সিবিএস নেটওয়ার্কের সিটকম ‘দ্য নিউ অ্যাডভেঞ্চারস অব ওল্ড ক্রিস্টিন’ (২০০৬-২০১০), এইচবিও’র ‘কার্ব ইউর এন্থুসিয়াজম’ (২০০১-চলমান), এবিসি নেটওয়ার্কের ‘ব্ল্যাক-ইশ’ (২০১৫-চলমান)। অ্যানিমেটেড ছবি ‘রিও’ (২০১১), ‘আইস এজ: কন্টিনেন্টাল ড্রিফট’ (২০১২) এবং ‘আইস এজ: কলিশন কোর্স’ (২০১৬)-এ অভিনয় করেছেন তিনি।

আমেরিকার আরেক স্ট্যান্ড-আপ কমেডিয়ান অ্যামি শুমার ২০০৭ সালে এনবিসি নেটওয়ার্কের রিয়েলিটি সিরিজ ‘লাস্ট কমিক স্ট্যান্ডিং’-এর প্রতিযোগী হয়ে পরিচিতি পান। ২০১৩ থেকে ২০১৬ পর্যন্ত কমেডি সেন্ট্রাল চ্যানেলে প্রচারিত ‘ইনসাইড অ্যামি শুমার’ তাকে এনে দেয় এমি অ্যাওয়ার্ড। ২০১৫ সালে ‘ট্রেনরেক’ ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। ছবিটির জন্য সেরা চিত্রনাট্যকার হিসেবে গোল্ডেন গ্লোবসে মনোনয়ন পান তিনি। ২০১৬ সালে প্রকাশিত তার স্মৃতিগ্রন্থ ‘দ্য গার্ল উইথ দ্য লোয়ার ব্যাক ট্যাটু’ ব্যাপক বিক্রি হয়েছে। একই বছর ‘অ্যামি শুমার: লাইভ অ্যাট দ্য অ্যাপোলো’র জন্য সেরা কমেডি অ্যালবাম শাখায় গ্র্যামি পুরস্কার জেতেন তিনি। ব্রডওয়েতে মঞ্চস্থ ‘মিটিয়ার শাওয়ার’ নাটকের জন্য টনি অ্যাওয়ার্ডে মনোনয়ন পান অ্যামি শুমার। ২০১৮ সালে মুক্তি পায় তার কমেডি ছবি ‘আই ফিল প্রিটি’। সামনে হুলু প্ল্যাটফর্মে আসছে ৪০ বছর বয়সী এই তারকা অভিনীত নতুন সিরিজ ‘লাইফ অ্যান্ড বেথ’।

অস্কারে এবারের আসর থেকে সেরা জনপ্রিয় চলচ্চিত্র পুরস্কার যুক্ত হচ্ছে অস্কারে। টুইটার ও ওয়েবসাইটের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সাধারণ দর্শকদের ভোটে এই শাখার বিজয়ী নির্বাচন করা হবে। আমেরিকার বাইরের দর্শকরা নিজেদের পছন্দের চলচ্চিত্রের নাম ‘অস্কারস ফ্যান ফেভারিট’ হ্যাশট্যাগ দিয়ে টুইট করতে পারবেন। গত সোমবার ঘোষণাটি দেয় আয়োজকরা। ২০১৯ সালে এটি চালুর পরিকল্পনা থাকলেও পিছিয়ে যায় অ্যাকাডেমি কর্তৃপক্ষ। 

সর্বকালের সবচেয়ে আনন্দদায়ক চলচ্চিত্র পুরস্কারও দেওয়া হবে ৯৪তম অস্কারে। এজন্য চালু হয়েছে ‘অস্কার চিয়ার মোমেন্ট’ হ্যাশট্যাগ।

গত তিন বছর অস্কার অনুষ্ঠানে কোনও সঞ্চালক ছিল না। তারকারা এসে পুরস্কার তুলে দিয়েছেন। মাঝে মধ্যে ছিল গান-বাজনা। সবশেষ ২০১৮ সালে অস্কার মঞ্চে এই দায়িত্বে ছিলেন জিমি কিমেল। ২০১৯ সালে অভিনেতা কেভিন হার্টকে সঞ্চালক ঘোষণা করা হয়েছিল। কিন্তু সমকামিদের নেতিবাচক উল্লেখ করে তার পুরনো টুইট বিতর্কের জন্ম দিলে তিনি নাম প্রত্যাহার করে নেন। 

/জেএইচ/এমএম/
সম্পর্কিত
হলিউড ছাড়ছে অস্কার, সম্প্রচার হবে ইউটিউবে!
হলিউড ছাড়ছে অস্কার, সম্প্রচার হবে ইউটিউবে!
অস্কার মঞ্চে যুদ্ধের বিরোধিতা, আলোচনায় স্প্যানিশ অভিনেতা
অস্কার মঞ্চে যুদ্ধের বিরোধিতা, আলোচনায় স্প্যানিশ অভিনেতা
অস্কারে ছক্কা হাঁকালো ডিক্যাপ্রিওর সিনেমা
অস্কারে ছক্কা হাঁকালো ডিক্যাপ্রিওর সিনেমা
অস্কার নিয়ে ভবিষ্যদ্বাণী, কে হাসবেন শেষ হাসি
অস্কার নিয়ে ভবিষ্যদ্বাণী, কে হাসবেন শেষ হাসি
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প