নেটফ্লিক্সের স্বপ্নভঙ্গ! ৯৪তম অস্কারের মর্যাদাসম্পন্ন সেরা চলচ্চিত্র পুরস্কার জিতলো আরেক ওটিটি প্ল্যাটফর্ম অ্যাপল টিভি প্লাসের ‘কোডা’। চলচ্চিত্র দুনিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ এই স্বীকৃতি প্রথমবার কোনও ওটিটি প্ল্যাটফর্মের ছবি পেলো। ছবিটির নির্মাতাদের হাতে ট্রফি তুলে দিয়েছেন আমেরিকান গায়িকা-অভিনেত্রী লেডি গাগা ও লিজা মিনেলি।
অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের এবারের আসরে সেরা চলচ্চিত্র শাখায় অ্যাপল টিভি প্লাসের ‘কোডা’কে ভাবা হচ্ছিল ডার্কহর্স! অপ্রত্যাশিতভাবে এটি সেরা চলচ্চিত্র পুরস্কার বাগিয়ে নিতে পারে বলে ধারণা করা হচ্ছিল। কারণ স্ক্রিন অ্যাক্টরস গিল্ড অ্যাওয়ার্ডস এবং প্রডিউসার গিল্ড অ্যাওয়ার্ড জেতায় অস্কারের মোমেন্টাম পেয়েছে ছবিটি। ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ফরাসি ব্যবসাসফল ছবি ‘দি অ্যারিস ফ্যামিলি’র ইংরেজি ভাষার রিমেক এটি।
২০২১ সালের জানুয়ারিতে ভার্চুয়ালি অনুষ্ঠিত সানড্যান্স চলচ্চিত্র উৎসবে আমেরিকান নারী শন হেডার পরিচালিত ‘কোডা’র উদ্বোধনী প্রদর্শনী হয়। এরপর আগস্টে অ্যাপল টিভি প্লাসে মুক্তির পর বোদ্ধাদের প্রশংসা কুড়ায় এটি।
পরিসংখ্যানগতভাবে ‘কোডা’ অস্কারের সেরা চলচ্চিত্র শাখায় শক্ত কোনও প্রতিদ্বন্দ্বী ছিল না। ছবিটি এবারের আসরে মাত্র তিনটি মনোনয়ন পেয়েছে। অন্য দুটি শাখা হলো সেরা পার্শ্ব অভিনেতা ও সেরা অ্যাডাপ্টেড চিত্রনাট্য। সবশেষ সেই ১৯৩২ সালে চারটির কম মনোনয়ন পাওয়া কোনও ছবি হিসেবে ‘গ্র্যান্ড হোটেল’ সেরা চলচ্চিত্র শাখায় পুরস্কার জিতেছিল।
বধির দম্পতির শ্রবণশক্তিসম্পন্ন তরুণী রুবির গায়িকা হওয়ার স্বপ্ন নিয়ে সাজানো হয়েছে ‘কোডা’। রুবি চরিত্রে অভিনয় করেছেন ব্রিটিশ টিভি উপস্থাপক অ্যালেডের মেয়ে এমিলিয়া জোন্স। ছবিটির জন্য ৯ মাস আমেরিকান প্রতীকী ভাষার ক্লাসে অংশ নিয়েছেন এবং গান শিখেছেন ২০ বছর বয়সী এই তরুণী।
১৯৮৬ সালে ‘চিলড্রেন অব অ্যা লেসার গড’ ছবির জন্য অস্কারজয়ী প্রথম বধির অভিনেত্রী মার্লি ম্যাটলিন অভিনয় করেছেন ‘কোডা’য়। বাস্তব জীবনে বধির অভিনয়শিল্পীরাই ছবিটিতে কাজ করেছেন। আমেরিকার প্রতীকী ভাষা ব্যবহার করেছেন তারা। একই ছবিতে এত বধির তারকা সচরাচর দেখা যায় না। অসংখ্য বধির দর্শক ছবিটির সঙ্গে নিজেদের সম্পৃক্ত করতে পেরেছেন।
‘কোডা’ ছবিতে বধির বাবার চরিত্রে হৃদয়ছোঁয়া অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেতা শাখায় পুরস্কার পেয়েছেন ট্রয় কটসার। সেরা অ্যাডাপ্টেড চিত্রনাট্য শাখায় পুরস্কার পেয়েছেন ছবিটির পরিচালক শন হেডার। একই শাখায় আরও মনোনয়ন পেয়েছিল ‘ড্রাইভ মাই কার’ (রিয়ুসুকে হামাগুচি, তাকামাসা ওয়া), ‘ডুন’ (ডেনি ভিলন্যুভ, এরিক রথ, জন স্পেইটস), ‘দ্য লস্ট ডটার’ (ম্যাগি জিলেনহাল), ‘দ্য পাওয়ার অব দ্য ডগ’ (জেন ক্যাম্পিয়ন)।
‘দ্য পাওয়ার অব দ্য ডগ’ ছবির ওপর ভর করে সেরা চলচ্চিত্র পুরস্কার হাতে নেওয়ার আশা ও স্বপ্ন দেখেছিল নেটফ্লিক্স। তাদের স্বপ্নপূরণের পথে বড় বাধা ছিল ‘কোডা’। শেষ পর্যন্ত সেটাই সত্যি হলো!
তামাম দুনিয়ার চলচ্চিত্র জগতের সবচেয়ে সম্মানজনক পুরস্কার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) ৯৪তম আসরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন তারকারা। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের লস অ্যাঞ্জেলসে হলিউড অ্যান্ড হাইল্যান্ড সেন্টারের ডলবি থিয়েটারে ২৭ মার্চ রাতে (বাংলাদেশ সময় ২৮ মার্চ সকাল ৭টা) শুরু হয় এই আয়োজন। জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানটির সঞ্চালক আমেরিকান তিন অভিনেত্রী রেজিনা হল, অ্যামি শুমার এবং ওয়ান্ডা সাইকস। এবারই প্রথম অস্কার মঞ্চে সঞ্চালনার দায়িত্বে তিন জন নারী।
হলিউডে ২০২১ সালের সেরা কাজগুলোকে সম্মান জানানো হচ্ছে এবারের অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে। ৯৪তম অস্কারে ২৩টি শাখায় পুরস্কার প্রদান করেছেন অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস। সংস্থাটির সব ভোটার মিলে বিজয়ীদের নির্বাচন করেছেন।
স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেটেড ছবি, স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, চলচ্চিত্র সম্পাদনা, রূপসজ্জা ও চুলসজ্জা, মৌলিক আবহ সংগীত, শিল্প নির্দেশনা এবং শব্দ শাখার পুরস্কার বিতরণ করা হয় মূল অনুষ্ঠান শুরুর আগে। আটটি শাখায় বিজয়ীদের নাম ঘোষণা করেন অভিনেতা জশ ব্রোলিন ও জেসন মোমোয়া।
ওয়াল্ট ডিজনি কোম্পানির মালিকানাধীন এবিসি টেলিভিশন বাংলাদেশসহ ২০০টিরও বেশি দেশে সরাসরি সম্প্রচার করছে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের জমকালো মহাযজ্ঞ। বিশ্বের কোটি কোটি দর্শক টিভি সেটের সামনে বসে উপভোগ করছেন অনুষ্ঠানটি। এছাড়া অস্কারের দুটি ওয়েবসাইট, দ্য অ্যাকাডেমি নামের ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং ইউটিউবে অস্কারস নামের চ্যানেলে উপভোগ করা যাচ্ছে গোটা আয়োজন।
মূল আয়োজন শুরুর আগে ৯০০ ফুট দীর্ঘ লালগালিচায় জৌলুস ছড়িয়েছেন তারকারা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন আমেরিকান অভিনেত্রী ভ্যানেসা হাজেন্স, অভিনেতা টেরেন্স জে এবং ফ্যাশন ডিজাইনার ব্র্যান্ডন ম্যাক্সওয়েল।








