অস্কার ২০২২

সেরা পরিচালক আবারও নারী

বিনোদন ডেস্ক
২৮ মার্চ ২০২২, ১১:১৬আপডেট : ২৮ মার্চ ২০২২, ১১:১৬

৯৪তম অস্কারে প্রত্যাশিতভাবেই সেরা পরিচালক শাখায় পুরস্কার জিতলেন জেন ক্যাম্পিয়ন। ‘দ্য পাওয়ার অব দ্য ডগ’ ছবির জন্য এই স্বীকৃতি পেলেন তিনি। তার হাতে ট্রফি তুলে দেন অভিনেতা কেভিন কস্টনার।

অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ইতিহাসে তৃতীয় নারী হিসেবে সেরা পরিচালক পুরস্কার পেলেন এই কিউই নির্মাতা। এছাড়া টানা দু’বার সেরা পরিচালকের পুরস্কার উঠলো নারীদের হাতে। গত বছর ‘নোম্যাডল্যান্ড’ ছবির জন্য এই স্বীকৃতি পান চীনের ক্লোয়ি জাও। অস্কারে ক্যাথরিন বিগেলো (দ্য হার্ট লকার) সেরা পরিচালকের স্বীকৃতি পাওয়া প্রথম নারী।

অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে এবার সেরা পরিচালক শাখায় জেন ক্যাম্পিয়ন ছিলেন নিরঙ্কুশ ফেভারিট। ভেনিস উৎসব, বাফটা, গোল্ডেন গ্লোব, ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডস এবং ডিরেক্টরস গিল্ড অব আমেরিকা জিতে এগিয়ে ছিলেন তিনি।

জেন ক্যাম্পিয়ন একমাত্র নারী যিনি অস্কারে সেরা পরিচালক শাখায় দু’বার মনোনয়ন পেয়েছেন। ১৯৯৪ সালে ‘দ্য পিয়ানো’ ছবির সুবাদে অস্কারে সেরা পরিচালক শাখায় মনোনীত প্রথম নারী হওয়ার রেকর্ড গড়েন তিনি। ওই আসরে ‘শিন্ডলার্স লিস্ট’ ছবির সুবাদে সেরা পরিচালক শাখায় পুরস্কার জিতে নেন স্টিভেন স্পিলবার্গ।

৯৪তম অস্কারেও প্রতিদ্বন্দ্বিতা করেছেন দুই নির্মাতা। ‘ওয়েস্ট সাইড স্টোরি’র জন্য অষ্টমবারের মতো সেরা পরিচালক শাখায় মনোনীত হয়েছেন স্টিভেন স্পিলবার্গ। তবে ইতিহাসের পুনরাবৃত্তি হলো না। এবার সেরা পরিচালক পুরস্কার জিতে নিলেন জেন ক্যাম্পিয়ন।

অস্কারে সর্বাধিক ১২টি শাখায় মনোনয়ন পেয়েছে ‘দ্য পাওয়ার অব দ্য ডগ’। এটি তৈরি হয়েছে ১৯৬৭ সালে প্রকাশিত থমাস স্যাভেজের উপন্যাস অবলম্বনে। পাহাড়ি ও সমভূমি সমৃদ্ধ যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মন্টানায় ১৯২৫ সালের প্রেক্ষাপটে খামার মালিক দুই ভাইয়ের মনস্তাত্ত্বিক লড়াইয়ের গল্প রয়েছে ওয়েস্টার্ন ঘরানার ছবিটিতে।

সেরা পরিচালক বিভাগে মনোনীত অন্য তিন জন হলেন কেনেথ ব্রানা (বেলফাস্ট), রিয়ুসুকে হামাগুচি (ড্রাইভ মাই কার) এবং পল থমাস অ্যান্ডারসন (লিকোরিস পিৎজা)।

তামাম দুনিয়ার চলচ্চিত্র জগতের সবচেয়ে সম্মানজনক পুরস্কার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) ৯৪তম আসরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন তারকারা। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের লস অ্যাঞ্জেলসে হলিউড অ্যান্ড হাইল্যান্ড সেন্টারের ডলবি থিয়েটারে ২৭ মার্চ রাতে (বাংলাদেশ সময় ২৮ মার্চ সকাল ৭টা) শুরু হয় এই আয়োজন। জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানটির সঞ্চালক আমেরিকান তিন অভিনেত্রী রেজিনা হল, অ্যামি শুমার এবং ওয়ান্ডা সাইকস। এবারই প্রথম অস্কার মঞ্চে সঞ্চালনার দায়িত্বে তিন জন নারী।

হলিউডে ২০২১ সালের সেরা কাজগুলোকে সম্মান জানানো হচ্ছে এবারের অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে। ৯৪তম অস্কারে ২৩টি শাখায় পুরস্কার প্রদান করেছেন অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস। সংস্থাটির সব ভোটার মিলে বিজয়ীদের নির্বাচন করেছেন।

স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেটেড ছবি, স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, চলচ্চিত্র সম্পাদনা, রূপসজ্জা ও চুলসজ্জা, মৌলিক আবহ সংগীত, শিল্প নির্দেশনা এবং শব্দ শাখার পুরস্কার বিতরণ করা হয় মূল অনুষ্ঠান শুরুর আগে। আটটি শাখায় বিজয়ীদের নাম ঘোষণা করেন অভিনেতা জশ ব্রোলিন ও জেসন মোমোয়া।

ওয়াল্ট ডিজনি কোম্পানির মালিকানাধীন এবিসি টেলিভিশন বাংলাদেশসহ ২০০টিরও বেশি দেশে সরাসরি সম্প্রচার করছে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের জমকালো মহাযজ্ঞ। বিশ্বের কোটি কোটি দর্শক টিভি সেটের সামনে বসে উপভোগ করছেন অনুষ্ঠানটি। এছাড়া অস্কারের দুটি ওয়েবসাইট, দ্য অ্যাকাডেমি নামের ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং ইউটিউবে অস্কারস নামের চ্যানেলে উপভোগ করা যাচ্ছে গোটা আয়োজন।

মূল আয়োজন শুরুর আগে ৯০০ ফুট দীর্ঘ লালগালিচায় জৌলুস ছড়িয়েছেন তারকারা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন আমেরিকান অভিনেত্রী ভ্যানেসা হাজেন্স, অভিনেতা টেরেন্স জে এবং ফ্যাশন ডিজাইনার ব্র্যান্ডন ম্যাক্সওয়েল।

/জেএইচ/এম/
সম্পর্কিত
হলিউড ছাড়ছে অস্কার, সম্প্রচার হবে ইউটিউবে!
হলিউড ছাড়ছে অস্কার, সম্প্রচার হবে ইউটিউবে!
অস্কার মঞ্চে যুদ্ধের বিরোধিতা, আলোচনায় স্প্যানিশ অভিনেতা
অস্কার মঞ্চে যুদ্ধের বিরোধিতা, আলোচনায় স্প্যানিশ অভিনেতা
অস্কারে ছক্কা হাঁকালো ডিক্যাপ্রিওর সিনেমা
অস্কারে ছক্কা হাঁকালো ডিক্যাপ্রিওর সিনেমা
অস্কার নিয়ে ভবিষ্যদ্বাণী, কে হাসবেন শেষ হাসি
অস্কার নিয়ে ভবিষ্যদ্বাণী, কে হাসবেন শেষ হাসি
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প