মাত্রই (২৬ এপ্রিল) বাবা হয়েছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ। স্ত্রী শাম্মা রুশাফি অবন্তীর কোলজুড়ে এসেছে পুত্রসন্তান। তবে এখনও কেউ জানে না তার নাম।
অন্যদিকে, ‘শান’ ছবির প্রচারণা নিয়ে ভীষণ ব্যস্ত সিয়াম। এই ঈদে আসছে সিনেমাটি। আর তাই প্রচারণার মধ্যেই কথা বললেন সন্তান নিয়ে। ‘শান’ চলচ্চিত্র নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন সিয়াম। আজ (২৭ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর কৃষি ইনস্টিটিউট মিলনায়তনে এটি হয়।
সেখানে জানতে চাওয়া হয় ছেলের নাম প্রসঙ্গে। সিয়াম বলেন, ‘এটি এখন বলার অনুমতি আমার নেই। পরিবার থেকে অনুমতি মেলেনি। তবে আমি আপনাদের সবাইকে মিষ্টিমুখ করাবো এবং সন্তানের নামটি জানাবো।’
পাশাপাশি ঈদে আসা তিনটি ছবিই দেখার আমন্ত্রণ জানান এই চিত্রনায়ক। জানান, ব্যবসা করলে পুরো ইন্ডাস্ট্রিই লাভবান হবে। এ কারণে সবারই উচিত ছবি দেখা।
সংবাদ সম্মেলনে ছবির নায়িকা পূজা সরাসরি উপস্থিত না থাকলেও ভিডিও কলে কথা বলেন। সরাসরি উপস্থিত ছিলেন ছবির নায়ক সিয়াম, পরিচালক এম রাহিমসহ অনেকে। পরিচালক জানান, দেশ ছাড়াও মালয়েশিয়ায় ছবিটি মুক্তি পাচ্ছে।








