আরব আমিরাত থেকে নিজ দেশ ভারতে ফেরার সময় বিপাকে পড়লেন বলিউড বাদশাহ শাহরুখ খান। মুম্বাই বিমানবন্দরে তাকে আটকে জিজ্ঞাসাবাদ করেছে কাস্টমস বিভাগ। তার কাছ থেকে ৬ লাখ ৮৩ হাজার রুপি কাস্টম শুল্ক আদায় করা হয়েছে।
শনিবার (১২ নভেম্বর) আরব আমিরাতের শারজাহ থেকে মুম্বাই আসেন কিং খান। এ সময় তার হাতে একটি বিলাসবহুল ঘড়ি ছিলো, যেটার দাম ১৮ লাখ রুপি। এটার জন্য অতিরিক্ত শুল্ক প্রদানের নিয়ম রয়েছে। সে কারণেই অভিনেতাকে কাস্টম দফতরে নেওয়া হয় এবং নিয়ম অনুসারে শুল্ক কাটা হয়।
শাহরুখ খানও কাস্টম কর্মকর্তাদের পূর্ণ সহযোগিতা করেছেন। ফলে কাজ শেষে বিলম্ব না করেই তাকে ছেড়ে দেওয়া হয়। এরপর নিজের গাড়িতে চড়ে মান্নাতে চলে যান অভিনেতা।
আরব আমিরাতে ৪১তম শারজাহ আন্তর্জাতিক বইমেলায় অংশ নিয়েছিলেন শাহরুখ খান। সেখানে তাকে গ্লোবাল আইকন অব সিনেমা অ্যান্ড কালচারাল ন্যারেটিভ পুরস্কারে ভূষিত করা হয়েছে।
মধ্যপ্রাচ্যের এই দেশে শাহরুখ খানের জনপ্রিয়তা আকাশচুম্বী। তার প্রতি জন্মদিনে দুবাইতে অবস্থিত বিশ্বের সর্বোচ্চ ভবন বুর্জ খলিফায় বিশেষ আলোকচিত্রের মাধ্যমে শুভেচ্ছা জানানো হয়। গত ২ নভেম্বরও সেই চিত্র দেখা গেছে।
এদিকে দীর্ঘ চার বছর পর নিজের সিনেমা নিয়ে আসছেন শাহরুখ। এর নাম ‘পাঠান’। শাহরুখের জন্মদিনে ছবিটির টিজার প্রকাশ করা হয়। তুমুল আকাঙ্ক্ষিত এই ছবি আগামী বছরের ২৫ জানুয়ারি মুক্তি পাবে।
সূত্র: ইন্ডিয়া ডটকম







