ঈদ সিনেমার ১৪ গানের হালহকিকত

কামরুল ইসলাম
০৫ জুলাই ২০২৩, ১৫:৩৩আপডেট : ০৫ জুলাই ২০২৩, ১৭:১৯

ঈদুল আজহা উপলক্ষে মুক্তি পেয়েছে পাঁচটি সিনেমা। এগুলো হলো ‘সুড়ঙ্গ’, ‘প্রিয়তমা’, ‘প্রহেলিকা’, ‘লাল শাড়ি’ ও ‘ক্যাসিনো’। মুক্তির আগে থেকেই প্রচারণার নানা কৌশল অবলম্বন করেছেন সংশ্লিষ্টরা। যেটার অন্যতম অংশ গান প্রকাশ। কোনও সিনেমার গান এসেছে চার মাস আগে, কোনোটি আবার সিনেমা মুক্তির পর।
 
৫ জুলাই পর্যন্ত এভাবে বিভিন্ন সময়ে পাঁচটি সিনেমার মোট ১৪টি গান প্রকাশ্যে এসেছে। সেগুলো থেকে কোন গান অন্তর্জালে বেশি সাড়া পাচ্ছে, তা নিয়েই এই আয়োজন। ইউটিউবে একাধিক চ্যানেল থেকেও কিছু গান উন্মুক্ত করা হয়েছে। তবে সেসব গানের অধিক ভিউসম্পন্ন লিংকটি বিবেচনায় রেখে তালিকাটি প্রস্তুত করা হলো। 

ও প্রিয়তমা 

হিমেল আশরাফ নির্মিত ‘প্রিয়তমা’ সিনেমার টাইটেল গান এটি। লিখেছেন আসিফ ইকবাল। কলকাতার আকাশ সেনের সুর-সংগীতে গানটিতে কণ্ঠ দিয়েছেন বালাম ও কোনাল। গত ২৭ জুন টাইগার মিডিয়ার ইউটিউব চ্যানেলে প্রকাশের পর গানটির ভিউ এখন ১ কোটি ২০ লাখের বেশি। এই গানের দৃশ্যে রোমান্টিক আবহে পারফর্ম করেছেন শাকিব খান ও ইধিকা পাল।  

কোরবানি কোরবানি 

ঈদ সিনেমাগুলোর একমাত্র ঈদের গান এটি। ব্যবহৃত হয়েছে ‘প্রিয়তমা’ সিনেমায়। নিজের কথা-সুর ও সংগীতে গানটি গেয়েছেন কলকাতার আকাশ সেন। এর দৃশ্যে একদল নৃত্যশিল্পী নিয়ে নেচেছেন শাকিব খান। ২৪ জুন এস কে ফিল্মসের ইউটিউব চ্যানেলে প্রকাশের পর গানটির ভিউ এখন ৭৫ লাখ ৫৫ হাজারের বেশি।  

ঈশ্বর

এটিও ‘প্রিয়তমা’ সিনেমার গান। বিরহ-বিচ্ছেদের কাব্যিক কথায় গানটি লিখেছেন সোমেশ্বর অলি। প্রিন্স মাহমুদের সুর-সংগীতে এই গানে কণ্ঠ দিয়েছেন রিয়াদ। সিনেমা মুক্তির দিন অর্থাৎ ২৯ জুন টাইগার মিডিয়ার ইউটিউব চ্যানেলে গানটি ছাড়া হয়। ইতোমধ্যে এর ভিউ ছাড়িয়েছে ৬৪ লাখ ৩৫ হাজার।

মেঘের নৌকা

চয়নিকা চৌধুরী নির্মিত ‘প্রহেলিকা’ সিনেমায় রয়েছে গানটি। এর কথা লিখেছেন আসিফ ইকবাল। নিজের সুর ও সংগীতায়োজনে এতে কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল; সঙ্গে কোনাল। এই গানের দৃশ্যে প্রেমময় রসায়নে মজেছেন মাহফুজ আহমেদ ও শবনম বুবলী। মাস চারেক আগে গত ২৭ ফেব্রুয়ারি গানটি উন্মুক্ত করা হয় বঙ্গ’র ইউটিউব চ্যানেলে। বর্তমানে এর ভিউ ৪৫ লাখ ৬৩ হাজারের বেশি।

রঙে রঙে সঙে সঙে 

নায়িকা অপু বিশ্বাস প্রযোজিত প্রথম সিনেমা ‘লাল শাড়ি’র গান এটি। সরকারি অনুদানপ্রাপ্ত ছবিটি পরিচালনা করেছেন বন্ধন বিশ্বাস। বৈশাখী আমেজে বানানো এই গানে অপুসহ ছবির অন্যান্য অভিনয়শিল্পী সাইমন সাদিক, সুমিত সেনগুপ্ত ও দিলরুবা দোয়েল পারফর্ম করেছেন। বন্ধন বিশ্বাসের কথায় গানের সুর-সংগীত করেছেন ইমন সাহা। এটি গেয়েছেন অয়ন চাকলাদার, রাবেয়া সেতু, রাসেল মৃধা ও জেসি মোশাররফ। গত ১১ এপ্রিল টাইগার মিডিয়ার ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হয়েছিল। এর ভিউ ৩৫ লাখ ৯১ হাজার ছাড়িয়েছে।

কলিজা আর জান

ঈদ সিনেমার একমাত্র আইটেম গান এটি। রয়েছে ‘সুড়ঙ্গ’ সিনেমায়। এতে আইটেম গার্ল হয়ে শরীরী আবেদন ও নৃত্যের ঝলক দেখিয়েছেন নুসরাত ফারিয়া। তার সঙ্গে আছেন ছবির নায়ক আফরান নিশো। রাসেল মাহমুদ ও আরাফাত মহসিনের যৌথ কথামালায় গানটির সুর-সংগীত করেছেন আরাফাত মহসিন। কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কণা। গত ১২ জুন চরকির চ্যানেলে আপলোডের পর গানটির ভিউ ছাড়িয়েছে ২২ লাখ ৩৮ হাজার।  

লাল শাড়ি

গত ১৯ জুন এটি প্রকাশ্যে আনা হয় ‘লাল শাড়ি’ ছবির টাইটেল গান। এর দৃশ্যে রোমান্টিক আবহে ধরা দিয়েছেন অপু বিশ্বাস ও সাইমন সাদিক। নির্মাতা বন্ধন বিশ্বাসের লেখা গানটির সুর-সংগীত সাজিয়েছেন ইমন সাহা। গেয়েছেন কিশোর ও কোনাল। এর ভিউ ১৬ লাখ।

গা ছুঁয়ে বলো

ঈদের আলোচিত সিনেমা ‘সুড়ঙ্গ’র রোমান্টিক গান এটি। এর দৃশ্যে দেখা গেছে আফরান নিশো ও তমা মির্জার প্রেম-ভালোবাসার রসায়ন। নিজের কথা ও সুরে গানটি গেয়েছেন তানজীব সারওয়ার। সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার। গেলো ২৮ জুন চরকির ইউটিউব চ্যানেলে গানটি উন্মুক্ত করা হয়। বর্তমানে এর ভিউ ১২ লাখ।  

ডানা মেলে প্রজাপতি

‘লাল শাড়ি’ সিনেমার এই গান প্রকাশ হয় ঈদের আগের দিন, ২৮ জুন। যৌথভাবে এর কথা লিখেছেন বন্ধন বিশ্বাস ও আফরিন জেসিকা। ইমন সাহার সুর-সংগীতে গানটি গেয়েছেন সিঁথি সাহা। গানের দৃশ্যে গ্রামীণ পরিবেশে একদল নৃত্যশিল্পীর সঙ্গে নেচেছেন অপু বিশ্বাস। এক সপ্তাহে গানটির ভিউ ছাড়িয়েছে ৬ লাখ।  

হৃদয় দিয়ে

‘প্রহেলিকা’ সিনেমার বিরহ ধাঁচের গান এটি। সেমি-ক্লাসিক্যাল ঘরানায় এর সুর-সংগীত সাজিয়েছেন কিশোর দাস। গেয়েছেনও তিনি, সঙ্গে স্বরলিপি। গানের কথা লিখেছেন আসিফ ইকবাল। নাসির উদ্দিন খান ও বুবলীকে দেখা গেছে গানের দৃশ্যে। গত ২২ জুন রঙ্গন মিউজিক ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করার পর গানটির ভিউ এখন ৩ লাখ ৪৭ হাজারের বেশি।  

বিধুর ভালোবাসা

এটিও রয়েছে ‘প্রহেলিকা’ সিনেমায়। জামাল হোসেনের কথায় গানের সুর-সংগীত করেছেন আকাশ মাহমুদ। গেয়েছেন আকাশ মাহমুদ ও সিঁথি সাহা। গানের চিত্রে মাহফুজ আহমেদ ও বুবলীর বিরহ-জটিলতার ছাপ ফুটে উঠেছে। ঈদের পরদিন ৩০ জুন রঙন মিউজিকের চ্যানেলে গানটি প্রকাশ করা হয়। এই ক’দিনে এর ভিউ ছাড়িয়েছে ১ লাখ ৯৩ হাজার।  

ইশারা

‘ক্যাসিনো’ সিনেমার রোমান্টিক গান এটি। প্রথমবার জুটি হওয়া নিরব ও বুবলী এতে রসায়নে মজেছেন। মেহেদী হাসান লিমনের কথায় গানের সুর-সংগীত করেছেন ইমরান মাহমুদুল। গেয়েছেন ইমরান ও ন্যানসি। জাজ মাল্টিমিডিয়ার চ্যানেলে গত ২৬ জুন গানটি ছাড়া হয় এবং এর ভিউ ছাড়িয়েছে ১ লাখ ৮৮ হাজার।  

ক্যাসিনো

সৈকত নাসির পরিচালিত ‘ক্যাসিনো’ সিনেমার টাইটেল গান এটি। সুদীপ কুমার দীপের লেখা গানটির সুর-সংগীতের পাশাপাশি কণ্ঠ দিয়েছেন শাহরিয়ার আলম মার্সেল। ঝলমলে ক্যাসিনোতে গানের দৃশ্যায়ন করা হয়েছে। যেখানে পারফর্ম করেছেন ছবিটির নায়ক নিরব, নায়িকা বুবলী ও ভিলেন তাসকীন রহমান। গত ২৪ জুন জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে এটি উন্মুক্ত করা হয়। সেখানে ৯৩ হাজার ভিউ পেয়েছে গানটি।  

তুই আর আমি
 
ঈদের চার দিন পর সোমবার (৩ জুলাই) প্রকাশ্যে এসেছে এই গান। এটি রয়েছে ‘ক্যাসিনো’ সিনেমায়। নিজের কথা-সুরে গানটি গেয়েছেন রুবেল খন্দকার। সংগীতায়োজনে ওয়াহেদ শাহী। গানের দৃশ্যে নিরব ও দিলরুবা দোয়েলকে দেখা গেছে। জাজ মাল্টিমিডিয়ার চ্যানেলে উন্মুক্ত হওয়া গানটির ভিউ সাড়ে ১২ হাজার।

 

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
আসছে রায়হান রাফির ‘সুড়ঙ্গ-২’, ভয়ংকর রূপে ফিরছেন আফরান নিশো
আসছে রায়হান রাফির ‘সুড়ঙ্গ-২’, ভয়ংকর রূপে ফিরছেন আফরান নিশো
কাঠগড়ায় ‘বনলতা সেন’
নির্মাতা-সমালোচক বাহাসকাঠগড়ায় ‘বনলতা সেন’
উদ্দেশ্য নিয়ে কাব্যিক ছবি বানাই না, কাব্যিক হয়ে উঠলে আনন্দ পাই—মেজবাউর রহমান সুমন
উদ্দেশ্য নিয়ে কাব্যিক ছবি বানাই না, কাব্যিক হয়ে উঠলে আনন্দ পাই—মেজবাউর রহমান সুমন
অবশেষে বড় পর্দায় আদনান আল রাজীভ, প্রথম সিনেমার ঘোষণা
অবশেষে বড় পর্দায় আদনান আল রাজীভ, প্রথম সিনেমার ঘোষণা
বিশ্বকাপের মঞ্চে মেক্সিকান রেড লুকে দ্যুতি ছড়ালেন সালমা হায়েক
বিশ্বকাপের মঞ্চে মেক্সিকান রেড লুকে দ্যুতি ছড়ালেন সালমা হায়েক