ইতালিতে ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৮০তম আসরের আলো জ্বলে উঠছে। আজ (৩০ আগস্ট) ভেনিসের লিদো দ্বীপে এর উদ্বোধন হবে। যদিও হলিউডে অভিনয়শিল্পীদের ধর্মঘট অব্যাহত থাকায় এবার বিখ্যাত অনেক তারকার পা পড়বে না লালগালিচায়। ফলে স্বাভাবিকের চেয়ে কম জৌলুস দেখা যেতে পারে। তবুও আশা করা হচ্ছে, একগাদা বহুল প্রত্যাশিত চলচ্চিত্রের সমারোহে সেই শূন্যতা টের পাবে না কেউ!
বহুল আলোচিত ধর্মঘটে বিচলিত না হয়ে বরং অফিসিয়াল সিলেকশন সমৃদ্ধ করতে মনোযোগী ছিলেন উৎসবটির পরিচালক আলবের্তো বারবেরা। তার প্রচেষ্টা বিফলে যায়নি। ভেনিসে সাম্প্রতিক সময়ের সবচেয়ে শক্তিশালী নির্বাচিত তালিকার মধ্যে এটি অন্যতম বলে মনে করছেন বোদ্ধারা। ফলে তামাম দুনিয়ার চলচ্চিত্রপ্রেমীদের মনোযোগ আকর্ষণ করতে সক্ষম হয়েছেন আয়োজকেরা। বড় প্রযোজনা প্রতিষ্ঠানের ছবি না থাকলেও দর্শক খরা হওয়ার দুর্ভাবনাকে কাছেই ঘেঁষতে দেননি তারা।
সংবাদমাধ্যমকে আলবের্তো বারবেরা বলেন, ‘আমরা জানি, বিশেষ অনেকে এবারের আসরে আসতে পারবেন না। তবে স্বাধীন চলচ্চিত্রে কাজ করার ফলে অনেকেই আসবেন। ফলে সবকিছু ঠিকঠাকই আছে। উৎসবকে যথার্থই মনে হচ্ছে আমাদের।’
তবে শিল্পীর তুলিতে আঁকা ছবির মতো জলপথ ঘেরা ভেনিসের মূল শহর থেকে হাজার হাজার মাইল দূরে হলিউডে চলচ্চিত্র শিল্পে সংকট বেড়ে চলায় উদ্বেগ ঠিকই থাকছে। আমেরিকার অভিনয়শিল্পী এবং গল্পকার ও চিত্রনাট্যকারদের প্রধান দুটি সংগঠন ধর্মঘটে থাকার কারণে বিনোদন সংশ্লিষ্ট বেশিরভাগ ক্ষেত্র স্থবির হয়ে পড়েছে। হলিউডের স্টুডিওগুলোর সঙ্গে তিন বছরের নতুন চুক্তিতে পৌঁছাতে না পেরে চলতি মাসে ধর্মঘটের ডাক দেয় অভিনয়শিল্পীদের ইউনিয়ন এসএজি-এফটিআরএ।
আলবের্তো বারবেরার শঙ্কা, ‘ধর্মঘট দীর্ঘস্থায়ী হলে চলচ্চিত্রের পরবর্তী ভরা মৌসুমে এবং বিভিন্ন পুরস্কারের আয়োজনে বিশাল নেতিবাচক প্রভাব ফেলবে।’
সারসংক্ষেপ
- ভেনিস উৎসবে নির্বাচিত চলচ্চিত্র বেশিরভাগ ক্ষেত্রে অস্কারে ফেভারিট থাকে।
- খ্যাতিমান বেশ কয়েকজন পরিচালকের নতুন চলচ্চিত্রের উদ্বোধনী প্রদর্শনী হবে এবার।
- নির্বাচিত কয়েকটি চলচ্চিত্রকে কেন্দ্র করে বিতর্ক ছড়িয়েছে।
![]()
স্বর্ণসিংহের দৌড়ে
মূল প্রতিযোগিতায় মর্যাদাসম্পন্ন স্বর্ণসিংহ পুরস্কারের দৌড়ে রয়েছে ডেভিড ফিঞ্চার, মাইকেল মান, সোফিয়া কপোলা, ব্র্যাডলি কুপার, ইয়োর্গোস লানতিমোস, অ্যাভা ডুভার্নে, রিয়ুসুকে হামাগুচির মতো খ্যাতিমান নির্মাতাদের নতুন চলচ্চিত্র।
আলবের্তো বারবেরার আশা, ‘ডেভিড ফিঞ্চার, ব্র্যাডলি কুপার কিংবা সোফিয়া কপোলা আগামী বছরের অস্কার দৌড়ে থাকবেন। মনোনয়ন তালিকায় তাদের না দেখলে অবাক হবো।’
একজন নির্মম পেশাদার খুনির থ্রিলার গল্প নিয়ে ডেভিড ফিঞ্চার পরিচালনা করেছেন ‘দ্য কিলার’। এতে কেন্দ্রীয় চরিত্রে আছেন আইরিশ-জার্মান তারকা মাইকেল ফাসবেন্ডার।
প্রয়াত আমেরিকান সংগীত পরিচালক লিওনার্ড বার্নস্টিনের বায়োপিক ‘মায়েস্ত্রো’ বানিয়েছেন ও এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন আমেরিকান তারকা ব্র্যাডলি কুপার। ২০১৮ সালে তার পরিচালিত প্রথম ছবি ‘অ্যা স্টার ইজ বর্ন’-এর উদ্বোধনী প্রদর্শনী হয় ভেনিসে। এর গানের জন্য অস্কার জেতেন লেডি গাগা।
কিংবদন্তি রক সংগীতশিল্পী এলভিস প্রিসলির স্ত্রীর স্মৃতিকথা অবলম্বনে ‘প্রিসিলা’ পরিচালনা করেছেন সোফিয়া কপোলা। তিনি ছাড়া আর চার নারীর ছবি আছে মূল প্রতিযোগিতায়। তাদের মধ্যে অ্যাভা ডুভার্নে প্রথম আফ্রিকান-আমেরিকান নারী হিসেবে স্বর্ণসিংহের দৌড়ে জায়গা পেয়ে ইতিহাস গড়েছেন। তার নতুন ছবি ‘অরিজিন’-এর বিষয়বস্তু হলো যুক্তরাষ্ট্রে বর্ণবাদ।
আরেকটি বহুল কাঙ্ক্ষিত বায়োপিক ‘ফেরারি’। এতে ইতালির গাড়ি নির্মাতা এনজো ফেরারি চরিত্রে থাকছেন অ্যাডাম ড্রাইভার। তার স্ত্রীর ভূমিকায় দেখা যাবে পেনেলোপি ক্রুজকে। ‘ফেরারি’ হলো একটি স্বাধীন প্রযোজনা। এর সঙ্গে হলিউডের বাঘা স্টুডিওগুলোর সম্পৃক্ততা নেই। ফলে ছবিটির প্রচারের জন্য অভিনয়শিল্পীরা নিজেদের ইউনিয়ন থেকে অনুমতি পেয়েছেন। যদিও অ্যাডাম ড্রাইভার কিংবা পেনেলোপি ক্রুজ ভেনিসে দেখা দেবেন কিনা জানা যায়নি।
প্রথম সারির তারকাদের মধ্যে অস্কারজয়ী আমেরিকান অভিনেত্রী জেসিকা চ্যাস্টেইন নিশ্চিত করেছেন, তিনি উৎসবে যোগ দেবেন। মূল প্রতিযোগিতায় রয়েছে তার অভিনীত ও মেক্সিকোর মিচেল ফ্রাঙ্কো পরিচালিত ‘মেমোরি’। ডেনমার্কের নিকোলাই আরসেল পরিচালিত ‘দ্য প্রমিসড ল্যান্ড’-এর অভিনেতা ম্যাডস মিকেলসেন ভেনিসে ছবিটির প্রচারণায় থাকবেন।
গ্রিসের ইয়োর্গোস লানতিমোসের পরাবাস্তব কল্পবিজ্ঞানধর্মী কমেডি ছবি ‘পুওর থিংস’-এর প্রধান দুই অভিনয়শিল্পী মার্ক রাফেলো ও এমা স্টোন ধর্মঘটের কারণে ভেনিসে আসতে পারছেন না।
অস্কার ফেভারিট
ভেনিস উৎসবে নির্বাচিত চলচ্চিত্র বেশিরভাগ ক্ষেত্রে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে ফেভারিট থাকে। গত ১১ বছর অস্কারে যারা সেরা পরিচালক হয়েছেন, তাদের সেসব ছবির উদ্বোধনী প্রদর্শনী হয়েছে ভেনিসে। এরমধ্যে ২০১৬ সালে ‘লা লা ল্যান্ড’-এর জন্য সেরা পরিচালকের অস্কার জয়ী আমেরিকান নির্মাতা ড্যামিয়েন শ্যাজেল এবারের আসরে মূল প্রতিযোগিতা বিভাগে জুরি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন। ২০১৮ সালে তার পরিচালিত ‘ফার্স্ট ম্যান’ ছিল ভেনিস উৎসবের উদ্বোধনী ছবি।
৩৮ বছর বয়সী ড্যামিয়েন শ্যাজেলের নেতৃত্বে বিচারক প্যানেলে আছেন কান উৎসবে স্বর্ণপাম জয়ী নিউজিল্যান্ডের জেন ক্যাম্পিয়ন, ব্রিটিশ-আইরিশ পরিচালক মার্টিন ম্যাকডোনা, ফিলিস্তিনি অভিনেতা সালেহ বাকরি, ফরাসি পরিচালক-অভিনেত্রী মিয়া হানসেন-লাভ, আর্জেন্টাইন পরিচালক সান্তিয়াগো মিত্রে, ইতালির পরিচালক গ্যাব্রিয়েলে মাইনেত্তি, তাইওয়ানিজ-হংকং অভিনেত্রী শু কি এবং গত বছর ভেনিসে স্বর্ণসিংহ জয়ী পরিচালক লরা পয়েট্রাস।
বিতর্কিত আমন্ত্রণ
ভেনিসের আয়োজকেরা বরাবরই খ্যাতিমান তিন নির্মাতা উডি অ্যালেন, লুক বেসোঁ ও রোমান পোলানস্কির নতুন কাজকে অফিসিয়াল সিলেকশনে জায়গা দেন। কিন্তু যৌন হয়রানির অভিযোগে মিটু হ্যাশট্যাগ কেলেঙ্কারিতে জড়িয়েছে তাদের নাম।
ফরাসি নির্মাতা লুক বেসোঁর বিরুদ্ধে ২০১৮ সালে একজন অভিনেত্রী ধর্ষণের অভিযোগ তোলেন। কিন্তু তিনি এটি অস্বীকার করেন। সেই মামলা থেকে রেহাই পাওয়ার পর ভেনিসের মাধ্যমে উৎসব সার্কিটে ফিরছেন তিনি। তার পরিচালিত ‘ডগম্যান’ আছে মূল প্রতিযোগিতায়।
বর্ষীয়ান আমেরিকান নির্মাতা উডি অ্যালেন নিজের দত্তক কন্যাকে লাঞ্ছিত করাকে কেন্দ্র করে অভিযুক্ত হন। কিন্তু পুলিশ খতিয়ে দেখেছে তিনি নির্দোষ।
ফরাসি-পোলিশ নির্মাতা রোমান পোলানস্কি ১৯৭৭ সালে ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত হয়ে যুক্তরাষ্ট্র থেকে পালিয়ে যান। পরে তিনি অপরাধ স্বীকার করেন। এখন তার বয়স ৯০ বছর।
বিতর্কিত পরিচালকদের নতুন ছবি নির্বাচন প্রসঙ্গে আলবের্তো বারবেরা বলেন, ‘শিল্পের ইতিহাস অপরাধী দিয়ে ভরা! অথচ তারাই চমৎকার শিল্পকর্ম সৃষ্টি করেছেন। তাহলে পোলানস্কি কেন নয়? তিনি এখনও সক্রিয় মুখ্য নির্মাতাদের মধ্যে অন্যতম।’
উডি অ্যালেনের ফরাসি ভাষার প্রথম চলচ্চিত্র ‘কুঁপ দ্যঁ শঁস’ এবং রোমান পোলানস্কির ‘দ্য প্যালেস’ দেখানো হবে প্রতিযোগিতার বাইরে। একই বিভাগে আরও আছে আমেরিকার ওয়েস অ্যান্ডারসন পরিচালিত ৪০ মিনিটের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য ওয়ান্ডারফুল স্টোরি অব হেনরি সুগার’। ব্রিটিশ কথাসাহিত্যিক রোল্ড ডালের ছোটগল্প অবলম্বনে নেটফ্লিক্সের এই কমেডিতে অভিনয় করেছেন ‘ডক্টর স্ট্রেঞ্জ’ তারকা বেনেডিক্ট কাম্বারব্যাচ, র্যালফ ফাইনস, ‘স্লামডগ মিলিয়নিয়ার’ তারকা দেব প্যাটেল ও বেন কিংসলে।
উদ্বোধনী ও সমাপনী আয়োজন
উদ্বোধনী ছবি নির্বাচিত হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে ইতালির এদোয়ার্দো দে আঞ্জেলিস পরিচালিত ‘কমানদান্তে’। সমাপনী ছবি হিসেবে থাকছে নেটফ্লিক্সের স্প্যানিশ ভাষার সিনেমা ‘সোসাইটি অব দ্য স্নো’। এর বিষয়বস্তু ১৯৭২ সালের ১৩ অক্টোবর আন্দিজ পর্বতমালায় ঘটে যাওয়া বিমান দুর্ঘটনা।
৮০তম ভেনিস চলচ্চিত্র উৎসব চলবে ৯ সেপ্টেম্বর পর্যন্ত। আজীবন সম্মাননা হিসেবে স্বর্ণসিংহ পাবেন ইতালির নারী পরিচালক লিলিয়ানা কাভানি এবং হংকংয়ের অভিনেতা টনি লিয়াং। উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান সঞ্চালনা করবেন ইতালিয়ান অভিনেত্রী ক্যাতেরিনা মুরিনো। জেমস বন্ড চরিত্রে ড্যানিয়েল ক্রেগের প্রথম ছবি ‘ক্যাসিনো রয়েল’-এ অভিনয় করে বিখ্যাত হয়ে যান তিনি।









