বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডে আবারও ফিরছেন ‘বে’র গ্ল্যামারাস অথচ নানা ঝামেলায় ভরা দুনিয়ায়। জনপ্রিয় ওয়েব সিরিজ ‘কল মি বে’র দ্বিতীয় সিজন নিয়ে ফিরছেন তিনি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) স্ট্রিমিং প্ল্যাটফর্ম প্রাইম ভিডিও জানিয়েছে, আগামী ১৭ ডিসেম্বর মুক্তি পাবে সিরিজটির দ্বিতীয় সিজন।
সামাজিক যোগাযোগমাধ্যমে সিরিজটির নতুন সিজনের ঘোষণা দিয়ে একটি ভিডিও শেয়ার করেছেন অনন্যা পান্ডে। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘দিনটিকে কাজে লাগাও, কারণ সে আবারও নিজের জাদু দেখাতে ফিরে এসেছে।’
সিরিজটির গল্প এক ধনী তরুণীকে ঘিরে, যিনি নিজের বিলাসবহুল জীবন হারিয়ে একেবারে শূন্য থেকে নতুন করে পথচলা শুরু করেন। সাংবাদিকতার জগতে নিজের পরিচিতি গড়ে তোলার চেষ্টা করতে গিয়ে বে জীবনের নানা চ্যালেঞ্জের মুখোমুখি হন তিনি। পাশাপাশি নিজের শর্তে জীবন, বন্ধুত্ব ও সম্পর্কগুলো সামলে নেওয়াও শিখতে থাকেন।
কলিন ডি’কুনহা পরিচালিত দ্বিতীয় সিজনে থাকছে আটটি পর্ব। নতুন সিজনে দর্শকদের জন্য অপেক্ষা করছে আরও নাটকীয়তা, রোমান্স ও নানা চমক। এবার বে’র প্রেমের জীবন আরও জটিল হয়ে উঠবে।
সিরিজটি প্রযোজনা করেছে করণ জোহর, আদর পুনাওয়ালা ও অপূর্ব মেহতা পরিচালিত ধর্মাটিক এন্টারটেইনমেন্ট।
অনন্যা পান্ডের পাশাপাশি দ্বিতীয় সিজনেও ফিরছেন বীর দাস, গুরফতেহ পিরজাদা, বরুণ সুদ, ভিহান সামত, মুসকান জাফেরি, নিহারিকা লাইরা দত্ত, লিসা মিশ্র ও মিনি মাথুর। নতুন সংযোজন হিসেবে থাকছেন অভিনেত্রী শ্রুতি হাসান।
নাচ থেকে গানে, বয়কট থেকে বিশ্বরেকর্ড রুনা লায়লার