খালেদা জিয়াকে নিয়ে সিনেমা বানানোর খবরটি পেয়ে বিস্ময় প্রকাশ করেছেন বিএনপির শীর্ষ নেতারা। কারণ, এমন কোনও তথ্যই তাদের কাছে নেই। জিয়া পরিবারের সঙ্গে আলাপ করে দলটির পক্ষ থেকে এই মর্মে একটি প্রতিক্রিয়া দেওয়া হয়েছে।
তার আগে জানা যাক সিনেমাটি নির্মাণের খবর। ছবিটির নাম ‘মাদার অব ডেমোক্র্যাসি’। ১৮ আগস্ট পরিচালক সমিতিতে সিনেমাটির নাম নিবন্ধন করেছেন পরিচালক এম কে জামান। ছবিটি প্রযোজনা করছে আকন্দ এন্টারটেইনমেন্ট পিএলসি। নির্মাতা জানান, জিয়া পরিবারের সম্মতিসহ ছবির পাণ্ডুলিপির কাজ শেষ! এখন চলছে প্রি-প্রোডাকশনের কাজ। শুটিং শুরু হচ্ছে ২৫ সেপ্টেম্বর থেকে।
এমন চমকদার খবরের প্রতিক্রিয়া হিসেবে বিএনপির দাফতরিক প্রতিক্রিয়া হলো, ‘বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে কোনও সিনেমা বা ডকুমেন্টারি তৈরির কোনও অনুমতি জিয়া পরিবারের কোনও সদস্য কিংবা বিএনপির পক্ষ থেকে দেওয়া হয়নি।’
এর আগে (২০ আগস্ট) ছবিটি নির্মাণ প্রসঙ্গে নির্মাতা এ কে জামান গণমাধ্যমে জানান, ‘এটা সাম্প্রতিক সিদ্ধান্ত নয়। এই ছবি নিয়ে আমরা কাজ করছি অনেক দিন ধরে। এর মধ্যে ম্যাডামের (বেগম জিয়া) নানা তথ্য সংগ্রহ করেছি। জীবনবৃত্তান্তও বিস্তারিত জেনেছি। তার অনুমতিও নিয়েছি। বাংলাদেশের সঠিক গণতন্ত্র বুঝতে ও জানতে এই চলচ্চিত্রটি দেখতে হবে।’
এদিকে ছবিটির বিরুদ্ধে বিএনপির দলীয় যে প্রতিক্রিয়া, সে সম্পর্কে নির্মাতা এম কে জামানের কোনও মন্তব্য পাওয়া যায়নি এই প্রতিবেদন লেখা পর্যন্ত।









