সম্প্রতি নির্মাতা গোল্ডি বেহলের জন্মদিনের অনুষ্ঠানে ক্রাচ হাতে হাজির হয়ে ভক্তদের উদ্বিগ্ন করে তুলেছিলেন হৃতিক রোশন। জল্পনার অবসান ঘটিয়ে এবার নিজের শারীরিক অবস্থার কারণ ব্যাখ্যা করলেন অভিনেতা নিজেই। ইনস্টাগ্রামে দীর্ঘ এক পোস্টে তিনি জানান, তার শরীরের বিভিন্ন অংশের যেন আলাদা আলাদা ‘অন/অফ’ বাটন রয়েছে!আর সেটাই তার নিত্যদিনের বাস্তবতা।
রবিবার (২৫ জানুয়ারি) ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করেন হৃতিক। সেখানে তিনি লেখেন, হঠাৎ করেই তার বাঁ হাঁটু দু’দিনের জন্য কাজ বন্ধ করে দিয়েছিল। রসিকতার সুরে তিনি বলেন, তার বাঁ পা, বাঁ কাঁধ এবং ডান গোড়ালি—এই অংশগুলো নিজেদের মতো করে আচরণ করে, যেন আলাদা আলাদা মুড আছে। কখন যে ‘বন্ধ’ হয়ে যাবে, বলা যায় না।
৫২ বছর বয়সী অভিনেতা আরও লেখেন, এই অদ্ভুত ‘ফিচার’-এর কারণে তিনি এমন অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন, যা অধিকাংশ মানুষের হয় না। কখনও হঠাৎ অসহায়ত্বের অনুভূতি, কখনও মানসিক অন্ধকারে দ্রুত তলিয়ে যাওয়ার মতো অবস্থা-সবই তার জীবনের অংশ। তবে এই অভিজ্ঞতাগুলোই নাকি তার রসবোধকে আরও ধারালো করেছে।
একটি শুটিংয়ের অভিজ্ঞতা শেয়ার করে হৃতিক জানান, একবার কোর্টরুম দৃশ্যে তার সংলাপে ‘ডিনার’ শব্দটি বলার কথা থাকলেও, তার জিভ বারবার ‘লাঞ্চ’ বলেই যাচ্ছিল। পরিচালক ও ইউনিটের সদস্যরা বারবার ঠিক শব্দটি কানে বলে দিলেও, তিনি কিছুতেই ‘ডিনার’ বলতে পারছিলেন না। পরিস্থিতি সামাল দিতে শেষ পর্যন্ত সেই ‘লাঞ্চ’ দিয়েই টেক শেষ করতে হয়—যা পরে সবার জন্যই এক মজার স্মৃতিতে পরিণত হয়।
পোস্টের শেষে হৃতিক লেখেন, এই পুরো ঘটনাপ্রবাহে নিজের সঙ্গে নিজের এক ‘গোপন ষড়যন্ত্র’-এর মতো অনুভূতি কাজ করে, যা লজ্জা ঢাকার চেষ্টার আড়ালে শেষ পর্যন্ত অনিয়ন্ত্রিত হাসিতে রূপ নেয়।
উল্লেখ্য, হৃতিক রোশনকে সর্বশেষ দেখা গেছে ‘ওয়ার ২’ ছবিতে। ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে গত বছর মুক্তি পাওয়া ছবিটি মিশ্র প্রতিক্রিয়া পায় এবং বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য অর্জন করতে পারেনি।
সূত্র: হিন্দুস্তান টাইমস




