প্রায় দুই বছরের বিরতি কাটিয়ে অবশেষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় ফিরছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় নাট্যদল ‘প্রাঙ্গণেমোর’।
১ এপ্রিল থেকে ৩ এপ্রিল পর্যন্ত টানা তিন দিন শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে সন্ধ্যা ৭টায় মঞ্চায়িত হবে দলটির দর্শকনন্দিত দুটি প্রযোজনা— ‘শেষের কবিতা’ ও ‘টিনের তলোয়ার’।
বিগত দুই বছর শিল্পকলা একাডেমিতে নাটক মঞ্চায়নের সুযোগ না পেলেও প্রাঙ্গণেমোর নিয়মিতভাবে প্রদর্শনী করে আসছিল বেইলি রোডের মহিলা সমিতি মিলনায়তনে। তবে নাট্যকর্মীদের প্রাণের কেন্দ্রস্থল হিসেবে পরিচিত জাতীয় নাট্যশালায় ফেরার এই ক্ষণকে স্মরণ করতে দলটি নিয়েছে বিশেষ প্রস্তুতি।
দলনেতা ও অভিনেতা অনন্ত হিরা জানান, ১ এপ্রিল (বুধবার) সন্ধ্যা ৭টায় মঞ্চায়িত হবে রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী উপন্যাস অবলম্বনে নাটক ‘শেষের কবিতা’। এর নাট্যরূপ দিয়েছেন অনন্ত হিরা এবং নির্দেশনা দিয়েছেন নূনা আফরোজ। দর্শকদের জন্য বিশেষ আকর্ষণ হিসেবে নাটকটি এবার মঞ্চে আসছে সম্পূর্ণ নতুন আঙ্গিক ও ভাবনায়।
‘শেষের কবিতা’ নাটকে অভিনয় করেছেন অনন্ত হিরা, নূনা আফরোজ, ইউসুফ রাসেল, সাহেদ সরদার, গুলশান বহ্নি, বাঁধন সরকার, নাসরীন মিশু, তমা হোসেন, সীমান্ত আমীন, তন্বী ইসলাম মিষ্টি, ফাহিম মুনতাসির, নাঈম ইসলাম প্রমুখ।
এরপরের দুই দিন, ২ এপ্রিল (বৃহস্পতিবার) ও ৩ এপ্রিল (শুক্রবার) একই সময়ে একই মঞ্চে প্রদর্শিত হবে নাট্যসম্রাট উৎপল দত্তের অমর সৃষ্টি ‘টিনের তলোয়ার’।
নাটকটির নির্দেশনা দিয়েছেন অভিনেতা ও নাট্যকার অনন্ত হিরা। উনিশ শতকের বাংলা থিয়েটারের প্রেক্ষাপটে রচিত এই নাটকটি সমকালীন বাস্তবতায় এখনও অত্যন্ত প্রাসঙ্গিক বলে মনে করে প্রাঙ্গণেমোর।
‘টিনের তলোয়ার’ নাটকে অভিনয় করছেন অনন্ত হিরা, সবুক্তগীন শুভ, সীমান্ত আমীন, মশিউর রহমান, সুজয় গুপ্ত, শিশির চৌধুরী, মোফাজ্জল, বাঁধন সরকার, সাহেদ সরদার, গুলশান বহ্নি, নির্ঝর, তমা হোসেন, ফাহিম মুনতাসীর, নাজিম আহমেদ ত্বকি, জহিরুল ইসলাম ও তন্নী ইসলাম।





