সেবা প্রকাশনীর কালজয়ী ‘মাসুদ রানা’, ঈদের চমক হয়ে আসছে বড়পর্দায়

বিনোদন রিপোর্ট
২০ মে ২০২৬, ১৫:৪৭আপডেট : ২০ মে ২০২৬, ১৫:৫৫

বইয়ের পাতায় বহুদিন ধরে রোমাঞ্চ ছড়ানো সেই কিংবদন্তি চরিত্র এবার সত্যিই আসছে বড় পর্দায়। দীর্ঘ প্রতীক্ষা আর নানা জটিলতা পেরিয়ে অবশেষে সিনেমা হিসেবে দর্শকের সামনে হাজির হতে যাচ্ছে বাঙালির জনপ্রিয় গোয়েন্দা ও স্পাই চরিত্র মাসুদ রানা। এরই মধ্যে প্রকাশ পেয়েছে ইমপ্রেস টেলিফিল্মজাজ মাল্টিমিডিয়া-র যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমা মাসুদ রানা-র প্রথম অফিসিয়াল পোস্টার।

পোস্টার প্রকাশ করে জাজ মাল্টিমিডিয়া জানিয়েছে, “বইয়ের পাতা থেকে এবার সেলুলয়েডের পর্দায় ‘মাসুদ রানা’! বাঙালি পাঠকের হৃদয়ে রোমাঞ্চের ঝড় তোলা সেই চিরচেনা ‘মাসুদ রানা’ ফিরছে একদম চেনা রূপে।” সেবা প্রকাশনীর ক্লাসিক বইয়ের প্রচ্ছদের আদলে তৈরি এই পোস্টার প্রকাশের পরই পুরোনো পাঠকদের মধ্যে নস্টালজিয়া তৈরি হয়েছে।

কাজী আনোয়ার হোসেন-এর সৃষ্ট জনপ্রিয় স্পাই-থ্রিলার উপন্যাস অবলম্বনে নির্মিত এই গোয়েন্দাভিত্তিক অ্যাকশন সিনেমাটি পরিচালনা করেছেন সৈকত নাসির। ২০২০ সালে জাজ মাল্টিমিডিয়া ‘মাসুদ রানা’ চরিত্র নিয়ে দুটি সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছিল। এরপর ২০২৩ সালে এমআর-৯: ডু অর ডাই মুক্তি পেলেও এই বাংলা সংস্করণের সিনেমাটি নানা কারণে আটকে ছিল।

চলচ্চিত্রটির পোস্টার
অবশেষে সব জটিলতা কাটিয়ে আসন্ন কোরবানির ঈদে মুক্তি পাচ্ছে সিনেমাটি। বিষয়টি নিশ্চিত করেছেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ। তিনি জানান, কাজী আনোয়ার হোসেন নিজেই সিনেমার চিত্রনাট্য অনুমোদন করেছিলেন। পাশাপাশি গল্পটিকে বড় পর্দায় তুলে ধরতে কোনো ধরনের কার্পণ্য করা হয়নি বলেও দাবি করেন তিনি। তার ভাষ্য, এটি জাজ মাল্টিমিডিয়ার অন্যতম ব্যয়বহুল সিনেমা।

সিনেমাটির বেশির ভাগ শুটিং শেষ হয়েছিল প্রায় পাঁচ বছর আগেই। পরে একটি গান ও কয়েকটি দৃশ্যের কাজ বাকি থাকায় মুক্তি পিছিয়ে যায়। সম্প্রতি সেই কাজও শেষ হয়েছে।

চলচ্চিত্রটিতে মাসুদ রানা চরিত্রে অভিনয় করেছেন রাসেল রানা। তার বিপরীতে সোহানা চরিত্রে দেখা যাবে পূজা চেরি-কে। এ ছাড়া অবনিতা চরিত্রে অভিনয় করেছেন সৈয়দা তিথি অমনি। আসন্ন কোরবানির ঈদে দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহ ও মাল্টিপ্লেক্সে মুক্তি পাবে সিনেমাটি।

/আরএইচ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর