গত কয়েক দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে যে রজনীকান্ত অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘জেলার ২’ মুক্তি পিছিয়ে যেতে পারে। এমন গুঞ্জনও ছড়ায় যে সিনেমাটির বেশ কিছু অংশের পুনরায় শুটিং চলছে।
তবে বুধবার (২ সেপ্টেম্বর) ‘জেলার ২’-এর নির্মাতারা তাদের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে পোস্ট করে এসব খবর নাকচ করে দিয়েছেন।
প্রযোজনা প্রতিষ্ঠান সান পিকচার্স এক্সে একটি নতুন ছবি পোস্ট করে নিশ্চিত করেছে যে ‘জেলার ২’-এর মুক্তি পিছিয়ে যায়নি। সিনেমাটি আগামী ১৫ অক্টোবরই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
পোস্টটির ক্যাপশনে লেখা হয়েছে, ‘১৫ অক্টোবর ঝড় তুলে দেব।’
জুলাইয়ে ‘জেলার ২’-এর মুক্তির বিষয়ে প্রথম আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছিল। এ সময় একটি টিজারও প্রকাশ করা হয়। সেখানে সিনেমার গল্প পুরোপুরি গোপন রাখা হলেও তারকাবহুল অভিনয়শিল্পীদের কিছু ঝলক দেখানো হয়।
তবে রজনীকান্তের জনপ্রিয় চরিত্র ‘টাইগার’ মুথুভেল পান্ডিয়ান-এরও আভাস দেওয়া হয়েছে টিজারে। তাকে এমন একটি দৃশ্যের দিকে এগিয়ে যেতে দেখা যায়, যা দেখে মনে হয় তিনি নতুন কোনও বিপজ্জনক মিশনে যাচ্ছেন। এতে ইঙ্গিত মিলেছে, সিক্যুয়েলে তার সামনে আরও বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে।
‘জেলার ২’-এর গল্প লিখেছেন এবং পরিচালনা করেছেন নেলসন দিলীপকুমার।
এটি ২০২৩ সালের ‘জেলার’-এর সিক্যুয়েল। প্রথম সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন রজনীকান্ত ও রম্যা কৃষ্ণন। দ্বিতীয় পর্বেও তারা নিজেদের চরিত্রে ফিরছেন। স্বামী-স্ত্রী ‘টাইগার’ মুথুভেল পান্ডিয়ান ও বিজয়া পান্ডিয়ান চরিত্রে দেখা যাবে তাদের।

সুইমিংপুলে তরুণীর সঙ্গে মামুনুর রশীদ, ভাইরাল ছবিটি নিয়ে যা জানা গেল






