নির্মাতা রায়হান রাফীর বহুল প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর টিজার প্রকাশ পেয়েছে। টিজার প্রকাশের পর থেকেই সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ আরও বেড়েছে। এতে বিশেষভাবে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি।
প্রকাশিত টিজারে ভেসে ওঠে, তুষি কালোজাদুর মতো অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করছেন।
টিজারের শুরুতেই আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে সাজাতে দেখা যায় তুষিকে। হঠাৎ তার পেছনে দেখা দেয় একটি ভুতুড়ে হাত। মুহূর্তেই বদলে যায় পুরো দৃশ্যপট। রঙিন পরিবেশ ছেয়ে যায় অন্ধকারে। এরপর তাকে বাথটাবে পড়ে থাকতে দেখা যায়। চরিত্রটি যেন কোনও অশুভ শক্তির কবলে পড়ে বিপর্যস্ত ও রহস্যময় এক নারীতে পরিণত হয়েছে।
অন্যদিকে, অ্যাকশন দৃশ্যের পাশাপাশি রহস্যময় নীল চোখের এক চরিত্রে দেখা গেছে সিয়ামকে। টিজারের বিভিন্ন দৃশ্যে গাজী রাকায়াত ও চঞ্চল চৌধুরীর উপস্থিতিও রয়েছে। তবে তাদের চরিত্র সম্পর্কে এখনও বিস্তারিত কিছু প্রকাশ করেননি নির্মাতা। অন্য একটি দৃশ্যে তুষির চিৎকার শুনে আতঙ্কিত হয়ে দৌড়ে পালাতে দেখা যায় অভিনেত্রী আফসানা মিমিকে।
‘আন্ধার’ চলতি বছরের অক্টোবরে মুক্তির কথা রয়েছে। তবে এখনও মুক্তির নির্দিষ্ট তারিখ জানাননি নির্মাতা।

‘দর্শক চায়, তাই করছি’, বলিউডে নারীর উপস্থাপনা নিয়ে তাপসীর ক্ষোভ






