বলিউড অভিনেত্রী বিদ্যা বালানের পর্দায় উপস্থিতিই যেন আলাদা এক আবহ তৈরি করে। এবার সেই দাপুটে উপস্থিতি নিয়ে চমক দিতে প্রস্তুত তিনি। রজনীকান্ত অভিনীত বহুল প্রতীক্ষিত ‘জেলার ২’ ছবিতে ‘কান্থা’ চরিত্রে দেখা যাবে তাকে।
ইতোমধ্যেই প্রকাশ্যে এসেছে তার চরিত্রের প্রথম ঝলক, আর তা ঘিরেই শুরু হয়েছে দর্শকদের উচ্ছ্বাস।
প্রকাশিত ঝলকে বিদ্যাকে দেখা যায় নীল শাড়িতে। হাতে সিগারেট নিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামছেন তিনি। এরপর উত্তেজনাপূর্ণ এক মুখোমুখি দৃশ্যে ধোঁয়া ছাড়তে ছাড়তে সামনের দিকে তাকিয়ে থাকতে দেখা যায় তাকে। তার অভিব্যক্তি, পোশাক ও চরিত্রের রহস্যময় উপস্থিতি মুহূর্তেই নজর কেড়েছে।
বিদ্যার এই নতুন অবতার প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসায় ভাসছেন অভিনেত্রী। এক ভক্ত তার লুকের প্রশংসা করে লিখেছেন, ছোট চুল, ব্যাকলেস ব্লাউজ ও বুকে ট্যাটক, সব মিলিয়ে বিদ্যা যেন নতুন মাত্রা যোগ করেছেন।
আরেক দর্শকের মন্তব্য, ‘দ্য ওয়ান টু ওয়াচ আউট ফর’ অর্থাৎ ছবিতে নজর রাখার মতো অন্যতম চরিত্র হতে চলেছেন বিদ্যা। তার মতে, যেকোনও চরিত্রে অনায়াসে নিজেকে মানিয়ে নিতে পারেন এই অভিনেত্রী।
আরেক ভক্ত লিখেছেন, ‘কান্থা’ চরিত্রে বিদ্যা বালানকে দেখে মনে হচ্ছে, তিনি যে ফ্রেমেই থাকবেন, সেটিই নিজের করে নেবেন। তার উপস্থিতি ও পর্দায় দাপট নিয়ে এমনই উচ্ছ্বাস দেখা যাচ্ছে ভক্তদের মন্তব্যে।
শুধু লুক নয়, বিদ্যার চরিত্র নিয়েও তৈরি হয়েছে কৌতূহল। রজনীকান্তের সঙ্গে তাকে কীভাবে দেখা যাবে, পর্দায় তাদের মুখোমুখি দৃশ্য কতটা জমবে সেটি নিয়েও এখন আলোচনা চলছে।
২০২৩ সালে মুক্তি পাওয়া ‘জেলার’-এর সিক্যুয়েল ‘জেলার ২’ পরিচালনা করছেন নেলসন দিলীপকুমার। রজনীকান্ত ও বিদ্যা বালানের পাশাপাশি ছবিতে রয়েছেন রম্যা কৃষ্ণন, যোগী বাবু ও মির্না। অনিরুদ্ধ রবিচন্দরের সংগীত ছবির আবহকে আরও আকর্ষণীয় করে তুলেছে।
সান পিকচার্স প্রযোজিত ‘জেলার ২’ আগামী ১৫ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে।









