বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন এবার নিজের ব্যক্তিত্বের অধিকার সুরক্ষিত রাখার দাবিতে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। তার নাম, মুখ, ছবি, কণ্ঠস্বর কিংবা পরিচিতিকে অনুমতি ছাড়া বাণিজ্যিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে। তার বিরুদ্ধে আইনি সুরক্ষা চেয়েছেন অভিনেত্রী।
শুক্রবার (১৬ অক্টোবর) এই মামলার শুনানিতে ব্যক্তিত্বের অধিকারের পরিধি নিয়ে একাধিক প্রশ্ন তোলে আদালত।
পাশাপাশি এই অধিকার ঠিক কোন কোন বিষয়কে সুরক্ষা দেয়, তা স্পষ্ট করতে প্রাসঙ্গিক রায় ও আইনি গবেষণাপত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মামলাটির পরবর্তী শুনানি ২৯ অক্টোবর।
বিচারপতি পুরুষেন্দ্র কুমার কৌরবের এজলাসে মামলাটির শুনানি হয়। কৃতির হয়ে আদালতে সওয়াল করেন আইনজীবী প্রবীণ আনন্দ।
শুনানির শুরুতেই বিচারপতি জানতে চান, ব্যক্তিত্বের অধিকারের আওতায় ঠিক কোন কোন বিষয়কে অন্তর্ভুক্ত করা যায়।
শুনানিতে ব্যক্তিত্বের অধিকারের আইনি সীমা ও পরিধি সম্পর্কে আরও বিস্তারিত জানতে চায় আদালত।
কৃতির আইনজীবীকে এই বিষয়ে প্রাসঙ্গিক বিচারবিভাগীয় রায়, গবেষণাপত্র এবং অন্যান্য আইনি নথির সংকলন জমা দিতে বলা হয়েছে। পাশাপাশি এই অধিকার সম্পর্কে তার নিজস্ব আইনি ব্যাখ্যাও আদালতের সামনে তুলে ধরতে বলা হয়।