রাখিবন্ধন উপলক্ষে একটি গয়নার ব্র্যান্ডের বিজ্ঞাপনে অভিনয় করে বিতর্কের মুখে পড়েছিলেন বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন। বিজ্ঞাপনে তার পোশাক নিয়ে আপত্তি তোলেন অনেকেই। বিষয়টি নিয়ে দেশজুড়ে বিতর্ক শুরু হয়। পরে নিজের পোশাকের পক্ষে বক্তব্য রাখলেও শেষ পর্যন্ত বিজ্ঞাপনটি সরিয়ে নেয় সংশ্লিষ্ট ব্র্যান্ড।
এবার সেই বিতর্ক নিয়ে মুখ খুললেন কৃতি। কারিনা কাপুরের চ্যাট শো ‘হোয়াট উইমেন ওয়ান্ট’-এ অতিথি হিসেবে উপস্থিত হয়ে বিজ্ঞাপন ঘিরে তৈরি হওয়া বিতর্ক এবং তার জেরে হওয়া সমালোচনা নিয়ে নিজের মতামত প্রকাশ করেন অভিনেত্রী।
কৃতি বলেন, ‘সাধারণত আমি কোনও বিষয়ে কিছু বলি না। কিন্তু আমার মনে হয়েছিল, রাখির বিজ্ঞাপন নিয়ে এই বিতর্কটা শুধু আমাকে ঘিরে নয়, এটি আরও অনেক বড় একটা বিষয়। আমার মনে হয়, মহিলাদের সবকিছু নিয়েই প্রতিনিয়ত বিচার করা হয়। সামান্য বিষয়েও শুধু মহিলাদেরই নিশানা করা হয়। কী পোশাক পরছে, কারও পোশাক খুব ছোট, কারও আবার খুব লম্বা, কেউ অন্তঃসত্ত্বা কি না—এমন নানা বিষয় নিয়ে প্রশ্ন তোলা হয়। কী হচ্ছে এসব? এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত।’
কৃতি আরও বলেন, ‘এই ঘৃণা কেন? আমি সাধারণত পোস্টের নিচে মন্তব্য পড়ি না। কিন্তু কখনও কখনও মানুষ এতটা নোংরা ভাষায় কথা বলে! যারা সংস্কৃতি ও সম্মানের কথা বলেন, আশ্চর্যের বিষয়, তারাই আমার বাবা-মা ও বোনের পোস্টে সবচেয়ে নোংরা ও অশ্লীল ভাষায় মন্তব্য করেছেন।’
অভিনেত্রীর কথায়, আমার বোন আমাকে বলেছিল, মন্তব্য করার অপশন বন্ধ করে দিতে। আমি ওকে জিজ্ঞেস করেছিলাম, কেন করবো? বিষয়টা আমাকে মানসিকভাবে বিচলিত করেছিল।
মহিলাদের নিজেদের অধিকারের জন্য সরব হওয়া অত্যন্ত জরুরি জানিয়ে কৃতি প্রশ্ন তোলেন, ‘এই মানুষগুলোকে কে অধিকার দিয়েছে অন্যদের সম্পর্কে এমন মন্তব্য করার? আর কেনই বা তারা এমন করবে?’
তাদের টার্গেট ছিল, সফল হয়নি: আসিফ আকবর