গত ৩ সেপ্টেম্বর ছিল কিংবদন্তি অভিনেতা উত্তম কুমারের ১০০তম জন্মবার্ষিকী। এই মহানায়কের জন্মশতবর্ষে বিশেষ উদ্যোগ নিয়েছেন ভারতের নরেন্দ্র মোদি সরকার। এবার উত্তমের অবয়ব খচিত বিশেষ স্মারক মুদ্রা আনতে চলেছে কেন্দ্রীয় সরকার।
কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, ১০০ রুপির এই স্মারক মুদ্রায় থাকবে উত্তম কুমারের ছবি। শুধু তাই নয়! আরও চমকপ্রদ বিষয় হচ্ছে, এই বিশেষ স্মারক মুদ্রা তৈরি হবে ৯৯.৯ শতাংশ খাঁটি রুপা দিয়ে।
এর মধ্যে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘মহানায়ক উত্তম কুমারের জন্মশতবার্ষিকী উপলক্ষে এক স্মারক মুদ্রা প্রকাশ করা হবে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘অভিনয় জগতে উত্তম কুমারের অবদান কখনও ভুলবে না সিনেপ্রেমীরা। তাদের মনের মণিকোঠায় রয়েছেন উত্তম কুমার। অনেকেই বলেন, সত্যজিৎ রায়ের ‘নায়ক’ সিনেমাকে তার অভিনয়ই এতটা উচ্চতায় পৌঁছে দিয়েছে। সিনেপ্রেমীরাও তাকে মনে রেখেছেন এই চরিত্রে। সত্যজিৎ রায় নিজে মনে করতেন, অভিনয় দক্ষতার সঙ্গে উত্তম কুমারের বিশাল গভীরতাই তাকে এত বড় করে তুলেছে। যে কোনও চরিত্র জীবন্ত ও বিশ্বাসযোগ্য করে তুলতে তার পরিশ্রমের বিকল্প ছিল না।’
কথায় বলে, কিছু ‘নাম’ কেবল ব্যক্তিপরিচয়ে সীমাবদ্ধ থাকে না। সময়ের স্রোত পেরিয়ে তারা হয়ে ওঠেন মিথ এবং সংস্কৃতির এক-একটি চিরন্তন প্রতীক। উত্তম কুমার সেটিই প্রমাণ করেন।

পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি






