কোনও পণ্যই অর্ডার করেননি। অথচ একের পর এক ডেলিভারিম্যান পার্সেল নিয়ে হাজির হচ্ছেন অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়ের বাসায়। এমনকি বিভিন্ন অনলাইন পেজ থেকেও ফোন করে পার্সেল দেওয়ার কথা জানানো হচ্ছে তাকে।
হঠাৎ এমন ঘটনায় বেশ বিপাকে পড়েছেন এই অভিনেতা। বিষয়টি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন জয়।
তার দাবি, অনলাইনভিত্তিক পণ্য ডেলিভারির একটি গ্রুপে কেউ তার ফোন নম্বর ও বাসার ঠিকানা ছড়িয়ে দিয়েছেন। এরপর থেকেই শুরু হয়েছে এই ভোগান্তি।
বুধবার (২ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে জয় লেখেন, ‘মানুষের ক্ষতি করার জন্য কেউ কেউ অকারণে ওত পেতে থাকে। আমি আশ্চর্য হয়ে গেলাম, আমার ফোন নাম্বার এবং বাসার এড্রেস প্রোডাক্ট ডেলিভারির অনলাইন গ্রুপে কেউ একজন সক্রিয়ভাবে দিয়ে দিয়েছেন বা এখনও দিয়ে যাচ্ছেন।’
পোস্টে তিনি বলেন, ‘অনবরত আমার ফোনে বিভিন্ন পার্সেল পেজ থেকে ফোন আসছে। আমি ফোন নাম্বার ব্লক করে রেখেছি। এরপর দেখলাম পার্সেল নিয়ে সরাসরি আমার বাসায় চলে আসছে ডেলিভারি ম্যান। একের পর এক। কোনও অর্ডার আমি করিনি।’
ঘটনাটিকে নিছক হয়রানি নয়, বরং সাইবার অপরাধ হিসেবে দেখছেন জয়। তার আশঙ্কা, এভাবে তার ব্যক্তিগত তথ্য ব্যবহার করে ভবিষ্যতে আরও বড় ধরনের বিপদ তৈরি করা হতে পারে।
জয় বলেন, ‘এটা এক ধরনের সাইবার ক্রাইম। যে আমার নাম্বার দিয়ে এই কাজটা করেছে কিংবা এখনও করছে তাকে ধরার জন্য আমি কী করতে পারি?’
নিজের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন এই অভিনেতা। তার ভাষ্য, ডেলিভারি দিতে এসে ডাকাতি করে নিয়ে গেলে কিংবা মানুষ মেরে ফেললেও কিছু করার নাই। এই বিড়ম্বনা থেকে আমি মুক্তি চাই। এ ব্যাপারে কেউ সহযোগিতা করতে পারলে আমাকে সহযোগিতা করেন।’

লোগো বদলালেই কি বদলে যাবে বিটিভি, যা বলছেন সংস্কৃতিজনরা



