যুক্তরাষ্ট্রের আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ ব্যবস্থা আরও কঠোর করার দাবি জানিয়েছে সমকামী অধিকার আন্দোলনের সবচেয়ে বড় সংগঠন দ্য হিউম্যান রাইটস ক্যাম্পেইন। অরল্যান্ডোতে সমকামী নাইটক্লাবে বন্দুক হামলায় ৪৯ জনের প্রাণহানির পর বৃহস্পতিবার এ সংক্রান্ত আইনে আরও কঠোরতা আনার দাবি তোলেন সংগঠনের সদস্যরা।
আরও পড়ুন: গাড়ি কিনলে রাইফেল ফ্রি!
সংগঠনটি দাবি করে, আগ্নেয়াস্ত্রের সহজলভ্যতা এলজিবিটি জনগোষ্ঠীর ওপর হুমকি অনেকাংশে বৃদ্ধি করেছে। হামলা করার মত আগ্নেয়াস্ত্র শুধু জঙ্গি দমনেই নয়, যুক্তরাষ্ট্রে পারিবারিক নির্যাতনের ইতিহাসেও গুরুত্বপূর্ণ বলে দাবি করে সংগঠনটি।
আরও পড়ুন: ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের কাছে মানুষের জীবনের চেয়েও গোপন গবেষণা গুরুত্বপূর্ণ!
দ্য হিউম্যান রাইটস ক্যাম্পেইন বা এইচআরসির প্রেসিডেন্ট চাদ গ্রাফিন এক বিবৃতিতে বলেন, ‘রবিবার আমাদের ৪৯ জন নিহত হয়েছেন দুটি কারণে। একটি কারণ সমকামীদের প্রতি মানসিক বিকারগ্রস্থ অস্থির এক মানুষের ঘৃণা। অপর কারণটি ভারী অস্ত্রের সহজলভ্যতা।’ তিনি আরও বলেন, ‘সমকামী জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করতে হলে এই দুইটি ইস্যুই গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।’
বিবৃতিতে চাদ গ্রাফিন জনপ্রতিনিধি, ধর্মীয় নেতা ও সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে সমকামবিরোধী ঘৃণা ছড়ানোর অভিযোগ তোলেন। সমকাম-বিরোধী আইন প্রণয়নের জন্য তাদের দায়ী করেন গ্রাফিন।
ওই আবেদনে সন্দেহভাজন জঙ্গিদের প্রতিরোধ ও আইনিভাবে আগ্নেয়াস্ত্র ক্রয়ের ওপর বিধিনিষেধ আরোপ করার আহ্বান জানানো হয়। অস্ত্র বিক্রির আগে ব্যক্তির অপরাধের ইতিহাসের দিকে লক্ষ্য রাখারও আহ্বান জানানো হয় ওই আবেদনে।
সূত্র: বাজফিড
/ইউআর/বিএ/








