যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় প্রচুর নারী ও শিশুকে অ্যাপার্টমেন্টে (নিজ বাসভবন) আটকে রেখে ধারাবাহিকভাবে যৌন নির্যাতন করার অভিযোগে অভিযুক্ত হয়েছেন এক ব্যক্তি। তার অ্যাপার্টমেন্ট থেকে বিভিন্ন বয়সের ১২ জন নারী ও শিশুকে উদ্ধার করেছে পুলিশ।
পেনসিলভানিয়ার বাকস কাউন্টি পুলিশ জানায়, বৃহস্পতিবার লি কেপলান নামের ৫১ বছর বয়সী ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। তারা জানায়, কেপলানের বাসভবনে পাওয়া নারী ও শিশুদের বয়স ৬ মাস থেকে ১৮ বছর পর্যন্ত।
কেপলানকে ধারাবাহিক যৌন নির্যাতন ও শিশু নির্যাতনের দায়ে অভিযুক্ত করা হয়েছে।
এদিকে কেপলানের বাড়িতে পাওয়া ১৮ বছর বয়সী মেয়েটির বাবা ড্যানিয়েল ও মা স্যাভিলাকেও শিশুর কল্যাণ ও নিরাপত্তা ব্যহত করার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। কেননা তারা জানিয়েছেন, এখন থেকে চার বছর আগে তাদের ১৪ বছরের কন্যাসন্তানকে ‘উপহার’ হিসেবে কেপলানকে দিয়ে দিয়েছেন তারা।
পরিবারের অর্থনৈতিক সংকটের সময় সাহায্য করার প্রতিদানেই নিজ সন্তানকে দান করেছেন বলে দাবি করেন এই দম্পতি।
পুলিশের নথিতে উল্লেখ করা হয়, ১৪ বছর বয়েসেই গর্ভধারণ করে সেই মেয়েটি।
আরও পড়ুন: সিংহের মুখ থেকে শিশুসন্তানকে উদ্ধার করলেন মা
পুলিশ আরও জানায়, প্রতিবেশীদের করা অভিযোগের ভিত্তিতেই পুলিশের নজরে আসে এই বিষয়টি।
কেপলানের প্রতিবেশীরা জানান, তারা প্রাথমিকভাবে যে কয়েকটি মেয়েকে দেখেছেন, তাদের কেপলানের নিজের কন্যাসন্তান বলেই ভেবেছেন। কিন্তু মেয়েগুলো স্কুলে যায় না ও বাড়ি থেকে বের হয় না দেখে খটকা লাগে তাদের। বেশ কয়েক বছর সন্দেহের মধ্যে থেকে এই অস্বাভাবিক জীবন যাপন সম্পর্কে পুলিশকে অবহিত করেন ওল্ড স্ট্রিটের প্রতিবেশীরা।
সূত্র: সিএনএন
/ইউআর/বিএ/








