মধ্যপ্রাচ্যের কূটনৈতিক সংকট নিরসনে মধ্যপ্রাচ্য সফরে গেছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন। এরইমধ্যে কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী এবং কাতারের আমিরের সঙ্গে বৈঠক করেছেন তিনি। আল-জাজিরার খবর থেকে এসব কথা জানা গেছে।
আল-জাজিরা জানিয়েছে, শনিবার আল বাহর প্রাসাদে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে বৈঠকে মধ্যপ্রাচ্য কূটনৈতিক সংকট নিয়ে আলোচনা করেন বরসি। কাতারের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানায়, কাতার ইস্যু ছাড়াও সন্ত্রাস-বিরোধী পদক্ষেপ নিয়ে আলোচনা করেন দুই নেতা। তবে মূলত কূটনৈতিক সংকট সমাধানে দোহা যান বরিস জনসন। সেখানে কাতারের পররাষ্ট্র মন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল-থানির সঙ্গেও বৈঠক করেন তিনি।
এর আগে শনিবার মধ্যস্থতার অংশ হিসেবে কুয়েত সফর করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী। কুয়েতি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক বৈঠক শেষে তিনি সংলাপের মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানিয়েছিলেন। তিনি বলেন, ‘আমি জানি এক রাতেই এই সমস্যার সমাধান হবে না। তবে এজন্য সবার সংলাপে বসা জরুরি। ’
গত ৫ জুন সন্ত্রাসবাদে সমর্থনর অভিযোগ এনে কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও মিসর সহ কয়েকটি দেশ। তবে এই দাবি অস্বীকার করে আসছে কাতার। সম্পর্ক পুনর্গঠনে কাতারেক ১৩টি শর্তও বেধে দেয় সৌদি জোট। কাতারের অবস্থানকে নেতিবাচক উল্লেখ করে তাদের বিরুদ্ধে চলমান অর্থনৈতিক ও রাজনৈতিক নিষেধাজ্ঞা অব্যাহত রাখার সিদ্ধান্ত নেয় ওই আঞ্চলিক জোট।
/এমএইচ/বিএ/








