সৌদি আরবে মোহাম্মদ আল ওতাইবি ও আব্দুল্লাহ আল আত্তাওয়াবি নামে দুই মানবাধিকার কর্মীকে কারাদণ্ড দেওয়া হয়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। তাদের দুজনকে যথাক্রমে ১৪ ও ৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে স্বাধীন সংস্থা খোলা ও দেশের জন্য ক্ষতিকর বিবৃতি দেওয়ার অভিযোগ আনা হয়েছে। মধ্যপ্রাচ্য পর্যবেক্ষণকারী ব্রিটিশ সংস্থা মিডলইস্ট মনিটর এ খবর জানিয়েছে।
বৃহস্পতিবার অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এক বিবৃতিতে বলা হয়, যুবরাজ মোহাম্মদ বিন সালমান দায়িত্ব নেওয়ার পর ওতাইবি ও আত্তাওয়াবি প্রথম মানবাধিকার কর্মী হিসেবে শাস্তির মুখোমুখি হলো।
এর মধ্যে গত মে মাসে নরওয়েতে স্ত্রীর কাছে যাওয়ার সময় কাতারের দোহা বিমানবন্দর থেকে ওতাইবিকে গ্রেফতার করা হয়। নরওয়েতে তাকে রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছিল। পরে তাকে সৌদি আরব নিয়ে গিয়ে শাস্তির মুখোমুখি করা হলে।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মধ্যপ্রাচ্য পরিচালক সামাহ হাদিদ এক বিবৃতিতে বলেন, ‘মোহাম্মদ আল ওতাইবির এমন কঠোর সাজা আমাদের ভয় পাইয়ে দিয়েছে। মোহাম্মদ বিল সালমানের নেতৃত্ব সৌদি আরবে নাগরিক সমাজ ও মানবাধিকার কর্মীদের চুপ রাখতে চায়।’
বিষয়টি নিয়ে সৌদি সরকারের যোগাযোগ দফতর থেকে কোনও মন্তব্য পাওয়া যায়নি।








