আফগানিস্তানের দক্ষিণে হেলমান্দ প্রদেশে মার্কিন বিমান হামলায় অন্তত ২৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১০ জন শিশু এবং ৮ জন নারী। শুক্রবার আফগানিস্তানে অবস্থিত জাতিসংঘ মিশনের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। তবে স্থানীয়রা বলছেন, মার্কিন হামলায় নিহতের সংখ্যা অন্তত ৩০ জন।
জাতিসংঘের প্রাথমিক তদন্তে জানা গেছে, গত মঙ্গলবারের ওই হামলায় হতাহত ব্যক্তিদের বেশিরভাগই নারী ও শিশু। তালেবান জঙ্গিদের সঙ্গে আফগান সেনাদের এক সংঘর্ষের সময় মার্কিন বাহিনী ওই হামলা চালায়। হামলার পর মার্কিন বাহিনী দাবি করেছিল, তারা তালেবানের অবস্থানের ওপর হামলা চালিয়েছে। কিন্তু বাস্তবে তারা ওই এলাকার বেসামরিক মানুষের ওপর নির্বিচারে বোমাবর্ষণ করেছে।
মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো বলেছে, আফগান সেনা ও তালেবানের মধ্যে সংঘর্ষের সময় আফগান সেনারা সাহায্য চাইলে বিমানের সাহায্যে এই হামলা চালানো হয়। তালেবানদের লক্ষ্য করে হামলা চালানো হলেও সেখানে বেসামরিক লোকের উপস্থিতি সম্পর্কে তাদের জানা ছিল না। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে ন্যাটো। সূত্র: পার্স টুডে, বিবিসি।






