পাকিস্তানি কোনও চ্যানেল ভারতীয় অনুষ্ঠান দেখাতে পারবে না বলে জানিয়েছেন দেশটির প্রধান বিচারপতি সাকিব নিসার। তিনি বলেন, সুপ্রিম কোর্ট এই অনুমতি দেবে না। কারণ এত পাকিস্তানি সংস্কৃতি ক্ষতিগ্রস্ত হতে পারে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
পাকিস্তানি চ্যানেলগুলোতে আগে থেকেই ভারতীয় অনুষ্ঠানের সম্প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছিলো হাইকোর্ট। পরে দেশটির ইলেক্ট্রনিক মিডিয়া রেগুলোটরি অথরিটি(পেমরা) এই সিদ্ধান্তের আপিল করে। সুপ্রিম কোর্টে তিনসদস্য বিশিষ্চ বেঞ্চের শুনানির সময় প্রধান বিচারপতি এমন মন্তব্য করলেন।
সংস্থাটির আইনজীবী জাফর ইকবাল কালানাউরি সুপ্রিম কোর্টকে বলেন, বিদেশি অনুষ্ঠান হাইকোর্টের জারি করা রায়ের আগে থেকেই বন্ধ করা হয়। এর চেয়ারম্যান সালিম বাইগ বলেন, ফিল্মাজিয়া চ্যানেলের ৬৫ শতাংশ অনুষ্ঠানই ছিলো বিদেশি। কখনও কখনও এটা ৮০ শতাংশ পর্যন্ত ছিলো।
প্রধান বিচারপতি বলেন, ‘আমরা ভারতীয় অনুষ্ঠান সম্প্রচার করতে দিবো না। আর ফিল্মাজিয়া কোনও সংবাদ চ্যানেল নয়, বিনোদন চ্যানেল। তাই তাদের প্রপাগান্ডা ছড়ানোর সুযোগ ছিলো। তবে আমাদের সংস্কৃতি ক্ষতিগ্রস্ত হচ্ছে।’
শীর্ষ বিচারক ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের জন্য শুনানি মূলতবি রেখেছেন।
২০১৫ সালে পেমরাই স্থানীয় টেলিভিশন ও রেডিওতে ভারতীয় অনুষ্ঠন সম্প্রচারে নিষেধাজ্ঞা জারি করে। এরপর ২০১৭ সালে লাহোর হাইকোর্ট সেটি তুলে নেয়। তারা জানায়, এটা ভিত্তিহীন। ২০১৮ সালের অক্টোবরে সুপ্রিম কোর্ট পুনরায় সেই নিষেধাজ্ঞা বহাল করেন।







