ইসরায়েলি সাঁতারুদের অংশগ্রহণ নিষিদ্ধ করায় মালয়েশিয়ায় সাঁতার প্রতিযোগিতা আয়োজন বাতিল করে দিয়েছে আন্তর্জাতিক প্যারা অলিম্পিক কমিটি (আইপিসি)। রবিবার লন্ডনে এক বোর্ড সভার পর এক বিবৃতিতে একথা জানিয়েছে আইপিসি। নির্ধারিত সময়ে শারিরীক প্রতিবন্ধী সাঁতারুদের প্রতিযোগিতাটির জন্য নতুন ভেন্যু খোঁজা হবে বলে জানিয়েছে সংস্থাটি। সেক্ষেত্রে পরিস্থিতির আলোকে কিছুটা ছাড় দেওয়া হতে পারে বলে জানিয়েছে তারা।
২০২০ সালের টোকিও প্যারা অলিম্পিকের বাছাই পর্বের সাঁতার প্রতিযোগিতা আগামী ২৯ জুলাই থেকে ৪ আগস্ট মালয়েশিয়ার কাচিংয়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে ওই প্রতিযোগিতায় ইসরায়েলি সাঁতারুদের অংশগ্রহণ নিষিদ্ধ করে মালয়েশিয়া। চলতি মাসে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী জানিয়ে দেন, ইসরায়েলিদের অংশগ্রহণ থাকা কোনও আয়োজন করবে না তার দেশ। ফিলিস্তিনি মুক্তি আন্দোলনের একনিষ্ঠ সমর্থক মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ মালয়েশিয়া জানিয়ে দেয়, ভেন্যু বাতিল করা হলেও সিদ্ধান্ত থেকে সরবে না তারা।
রবিবার লন্ডনে আইপিসির পরিচালনা বোর্ডের সভার পর সংস্থার প্রেসিডেন্ট অ্যান্ড্রু পারসন এক বিবৃতিতে বলেন, সমস্ত্র বিশ্বচ্যাম্পিয়নশীপই যোগ্য সব অ্যাথলেটের জন্য উন্মুক্ত এবং সব জাতির নিরাপদে অংশগ্রহণ ও বৈষম্যহীনতা থেকে মুক্ত হতে হবে। যখন কোনও আয়োজক দেশ রাজনৈতিক কারণে নির্দিষ্ট কোনও দেশের অ্যাথলেটদের অংশগ্রহণ নিষিদ্ধ করে তখন নতুন আয়োজক খোঁজা ছাড়া আমাদের সামনে সত্যিই আর কোনও বিকল্প থাকে না’।
প্যারাঅলিম্পিকের এই বাছাইপর্বে ৬০ দেশের প্রায় ছয়শো সাঁতারুর অংশ নেওয়ার কথা রয়েছে। আইপিসি জানিয়েছে, বিকল্প আয়োজক হতে ইচ্ছুক দেশগুলোকে আগামী ১১ ফেব্রুয়ারির মধ্যে তাদের আগ্রহের কথা জানাতে হবে।








