পদত্যাগের ঘোষণা দিয়েছেন ইতালির শিক্ষামন্ত্রী নরেনজো ফিয়োরামন্তি। বুধবার রয়টার্স-কে তিনি জানিয়েছেন, মন্ত্রণালয়ের জন্য পর্যাপ্ত বরাদ্দ না পাওয়ায় তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।
নরেনজো ফিয়োরামন্তি জানান, তিনি দেশটির বিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়গুলোর উন্নয়নের প্রতি জোর দিয়েছিলেন। কিন্তু এজন্য যে কয়েক কোটি ইউরোর বরাদ্দ প্রয়োজন; সরকারের কাছ থেকে তা তিনি পাননি। ফলে তাকে বিকল্প চিন্তা করতে হয়েছে।
তার এ পদত্যাগ ইতালির ক্ষমতাসীন জোট সরকারের জন্য একটি বড় ধাক্কা হিসেবে বিবেচিত হচ্ছে। কেননা জোটের শরিকদের মধ্যে ইতোমধ্যেই ইউরোজোন সংস্কার থেকে শুরু করে অভিবাসী অধিকার পর্যন্ত নানা বিষয়ে মতবিরোধে রয়েছে।
এখন শিক্ষামন্ত্রী নরেনজো ফিয়োরামন্তি পদত্যাগের ঘোষণা দেওয়ায় প্রতিষ্ঠানবিরোধী হিসেবে পরিচিত তার দল ফাইভ স্টার মুভমেন্টের সঙ্গেও সরকারের সংকট তৈরি হবে বলে প্রতীয়মান হচ্ছে।








