যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার নতুন নতুন বনাঞ্চলে ছড়িয়ে পড়ছে দাবানল। ইতোমধ্যে এই দাবানলে পুড়ে গেছে রেকর্ড পরিমাণ বনাঞ্চল। মার্কিন অঙ্গরাজ্যটির বনাঞ্চল এবং আগুন সুরক্ষা দফতরের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত এই দাবানলে পুড়ে গেছে কুড়ি লাখ একরের বেশি এলাকার বনভূমি। কর্মকর্তারা বলছেন, এল ডোরাদোতে এক পার্টি থেকে শুরু হওয়া একটি দাবানলে এক স্থানেই পুড়ে গেছে সাত হাজার একরের বেশি জায়গা। বর্তমানে রেকর্ড তাপপ্রবাহের মুখে রয়েছে ক্যালিফোর্নিয়া। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
গত ১৫ আগস্ট থেকে ক্যালিফোর্নিয়ার বিভিন্ন বনাঞ্চলে দাবানল শুরু হয়েছে। তখন থেকে এ পর্যন্ত প্রায় এক হাজারটি দাবানলের কবলে পড়েছে মার্কিন অঙ্গরাজ্যটি। বেশিরভাগ ক্ষেত্রে বজ্রপাত থেকে শুরু হয় এসব অগ্নিকাণ্ড।
ক্যালিফোর্নিয়ার কর্মকর্তারা জানিয়েছেন, এই বছর দাবানলে কেবল কুড়ি লাখ একরের বনাঞ্চলই পুড়ে যায়নি, প্রাণ হারিয়েছে আট ব্যক্তি আর ধ্বংস হয়েছে অন্তত তিন হাজার তিনশ’ অবকাঠামো। এর আগে সর্বশেষ ২০১৮ সালে দাবানলে অঙ্গরাজ্যটির ১৯ লাখ ৯৬ হাজার একর বনভূমি পুড়ে যায়। ১৯৮৭ সাল থেকে রেকর্ড রাখা শুরুর পর সেটিই ছিলো সর্বোচ্চ।
এ বছর রেকর্ড পরিমাণ বনাঞ্চল পুড়ে যাওয়ার পরও অন্তত ২৪টি স্থানের দাবানল ঠেকানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন ক্যালিফোর্নিয়ার ১৪ হাজারের বেশি অগ্নি নির্বাপণ কর্মী। এখন পর্যন্ত সবচেয়ে বড় দাবানলটি শুরু হয়েছে সেখানকার সিয়েরা পর্বতে গত শুক্রবার। আগুনে অঞ্চলটির প্রায় ৭৮ হাজার একর জায়গা পুড়ে যাওয়ার পরও সেটি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। সান ডিয়েগো উপত্যকায় দাবানলে পুড়ে গেছে দশ হাজার একরের বেশি জায়গা।
দাবানলের পাশাপাশি ক্যালিফোর্নিয়া এখন ভয়াবহ তাপপ্রবাহের মুখে রয়েছে। গত রবিবার লস অ্যাঞ্জেলস কাউন্টিতে তাপমাত্রার নতুন রেকর্ড তৈরি হয়। এদিন ৪৯.৪ ডিগ্রি সেলসিয়াসে পৌছায় সেখানকার তাপমাত্রা। দেশটির আবহাওয়া দফতর আগামী মঙ্গলবার থেকে তাপমাত্রা কমে যেতে পারে বলে পূর্বাভাস দিলেও সতর্ক করে দিয়ে জানিয়েছে, তীব্র বাতাসের কারণে দাবানল আরও ছড়িয়ে পড়তে পারে।








